মনীষা ফিরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ বিরতির পর আবারও বলিউডে ফিরছেন একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী মনীষা কৈরালা। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের মধ্যেই চলচ্চিত্রের কাজ শুরু করবেন তিনি। মনীষার বরাতে এক খবরে পিটিআই জানিয়েছে, এ বছরেই কাজ শুরু হচ্ছে ছবিগুলোর। সে ক্ষেত্রে সামনের বছরে ফিরছেন মনীষা। ২০১৩ সালে মনীষা অভিনীত ছবিগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অবশ্য ছবিগুলোর ব্যাপারে আপাতত কিছুই বলতে চাইছেন না মনীষা। তিনি জানিয়েছেন, ‘ছবির ব্যাপারে পরিচালক, প্রযোজকেরাই সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন। তবে এরই মধ্যে আমি তিনটি ছবির গল্প চূড়ান্ত করেছি। এর বাইরেও দুজন পরিচালকের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। ওই দুটি ছবির চিত্রনাট্যও আমার ভালো লেগেছে।’মনীষা আরও বলেন, ‘আশা করছি, এ বছরেই ছবিগুলোর শুটিং শুরু করতে পারব। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে ছবিগুলো প্রেক্ষাগৃহে দর্শকেরা দেখতে পারবেন।’মাধুর ভান্ডারকার পরিচালিত ‘হিরোইন’ ছবিটি নাকি মনীষা কৈরালার জীবন কাহিনি নিয়ে তৈরি হচ্ছে। তবে এ ব্যাপারটি পুরোপুরিভাবে অস্বীকার করেছেন মাধুর। এদিকে মনীষা জানিয়েছেন, ‘আমার বিশ্বাস, একটি ছবি বানানোর মতো করেই মাধুর আমাকে ভালোভাবেই জানেন।’উল্লেখ্য, ৪২ বছর বয়সী বলিউডের এই অভিনেত্রীর চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ১৯৯১ সালে, সুভাষ ঘাই পরিচালিত ‘সওদাগর’ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই মনীষা সবার নজর কাড়তে সক্ষম হন। এরপর বলিউডে আর বেশ কয়েকটি সুপারহিট ছবি উপহার দেন তিনি। এর মধ্যে রয়েছে—‘খামোশি’, ‘১৯৪২: আ লাভ স্টোরি’, ‘বোম্বে’ ও ‘দিলসে’।