মনু-আতঙ্কে তীরবর্তী মানুষ
বর্ষা এলেই মনু নদী আতঙ্ক হয়ে ওঠে তীরবর্তী মানুষের কাছে। বাঁধ ভাঙলে শুধু যে দুই পাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাই নয়। ইউনিয়নের পর ইউনিয়ন প্লাবিত হয়। পানি বাড়লেই নাজুক হয়ে ওঠে বাঁধ। বাঁধ ভাঙার আশঙ্কায় কাটে এলাকাবাসীর প্রতিটি মুহূর্ত।এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের দাবি জানানো হলেও সঠিক সময়ে তা করা হয় না। শুকনো মৌসুমে কাজ না করে অনেক স্থানে বৃষ্টি শুরুর পর কাজ আরম্ভ হয়। এতে অনেক স্থানের কাজ শেষ হতে পারে না। এর আগেই নদী ভয়াবহ রূপ ধারণ করে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মনু নদীর বাঁধ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম, খন্দকারের গ্রাম, মিয়ারপাড়া, সন্দ্রাবাদ ও জালালপুরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে।কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালিক বলেন, ‘আমার ইউনিয়নের চার-পাঁচটি স্থান ঝুঁকির মধ্যে আছে। এর মধ্যে খন্দকারের গ্রাম ও আশ্রয়গ্রাম স্থান দুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পানি বাড়লেই এলাকার মানুষ বন্যার আতঙ্কের মধ্যে থাকে। এ ছাড়া আশ্রয়গ্রামের যেখানে পাথরের ব্লক ফেলা হয়েছে, তার আশপাশও ধসে গেছে।’আবদুল মালিক অভিযোগ করেন, বর্ষা মৌসুম শুরু হলে মনু নদীর বাঁধে কাজ আরম্ভ হয়। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। নদীতে পানি বেড়ে যায়। তখন কাজ আর শেষ হয় না। পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সাংসদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বিভাগে বারবার আবেদন করা হয়েছে। কিন্তু সঠিক সময়ে বাঁধ মেরামত করা যায়নি।কুলাউড়া উপজেলার হাজীপুর ইউপির চেয়ারম্যান মো. মবশ্বির প্রথম আলোকে বলেন, এলাকার রনচাপ, মন্দিরা ও মনু রেলওয়েস্টেশনের কাছে বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে আছে। পানি বাড়লেই ভেঙে যাবে। তেমনি পানি নামতে শুরু করলে বাঁধ ধসে পড়বে।এদিকে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর ও টেংরা ইউনিয়নের আদিনাবাদ এলাকায় মনু নদীর বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কামারচাক ইউনিয়নের কামারচাক বন্যা আশ্রয়কেন্দ্রের সামনে বাঁধের ভাঙন অব্যাহত রয়েছে। বাঁধ ভাঙতে ভাঙতে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে এলাকা জলমগ্ন হয়ে পড়বে। এই স্থানটিতে পাউবো পাথরের ব্লক ফেলছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেখানে পাথর ফেলা হচ্ছে, এর পশ্চিম দিকে পাড় ভেঙে পড়ছে। সারেং মিয়া (৭০) জানান, বাঁধের মাটি যেভাবে ধসে পড়ছে, এতে তাঁরা আতঙ্কের মধ্যে আছেন। পাউবোর একটি সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে মনু নদীর ১৪টি স্থান ঝুঁকিপূর্ণ থাকার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একইভাবে মে মাসের প্রথম সপ্তাহেও বাঁধের বিভিন্ন স্থানের নাজুক অবস্থার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু একটি মাত্র স্থানে কাজের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।পাউবো মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এম আমিনুল হক বলেন, ‘মনু নদীর আট-১০টি স্থান নিয়ে আমরা সতর্ক আছি। এসব স্থান পর্যবেক্ষণের জন্য লোক নিয়োগ করা আছে। তবে মনু নদীর প্রবাহ বিপদসীমার ওপর দিয়ে হঠাৎ বেড়ে গেলে কিছু করার থাকবে না। বেশি ঝুঁকিতে আছে আদিনাবাদ ও ভোলানগর এই দুটি স্থান।’