মনে থাকবে এই সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান বিশ্বক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। বাংলাদেশের ক্রিকেট ধীরগতিতে হলেও সামনে যে এগোচ্ছে, তার প্রমাণ হিসেবে মাইক আথারটন বাংলাদেশ অধিনায়ককেই টেনে আনছেন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক দ্য টাইমস-এ লিখেছেন, ‘সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার; তাঁর সঙ্গে উস্টারশায়ারের চুক্তি বিশ্বক্রিকেটে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাবেরই পরিচায়ক।’ মাত্রই শেষ হওয়া দুই টেস্ট সিরিজে স্বাগতিক দলের পারফরম্যান্সের দিকে তাকিয়েও আথারটন দেখিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট এগিয়েছে।এই এগিয়ে যাওয়াটার আরও পরিষ্কার একটা চিত্র পাওয়া যায় ইংল্যান্ডের বিপক্ষে আগের দুটি সিরিজে বাংলাদেশ দলের তুলনামূলক পাফরম্যান্সের আলোচনায়।* আগের চার টেস্টের ৮ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৩১১; পাঁচবার অলআউট হয়েছিল ২০০ রানের নিচে। এবার বাংলাদেশ সর্বোচ্চ স্কোর করেছে ৪১৯ রানের; সর্বনিম্ন ২৮৫। ২০০৩-০৪ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে চার ইনিংস এবং ২০০৫ সালে ইংল্যান্ড সফরে দুই টেস্টে বাংলাদেশ রান করেছিল ৭৪৮ ও ৬৮৭। সেখানে এবার দুই ম্যাচে সবসুদ্ধ রান ১৩৩১!* ২০০৫ সালে চেস্টার-লি-স্ট্রিটে আফতাব আহমেদের করা ৮২ রানই ছিল বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সেরা ইনিংস। সেটিকে ছাপিয়ে এবার সেঞ্চুরি করে ফেললেন জুনায়েদ সিদ্দিক (১০৬)। এই সেঞ্চুরিটি ছাড়াও আফতাবকে ছাড়িয়ে যাওয়া আরও চারটি ব্যক্তিগত ইনিংস আছে সিরিজে। * আগের চার টেস্টে যেখানে সেঞ্চুরি জুটি হয়েছে মাত্র ১টি, সেখানে এবার চট্টগ্রাম টেস্টেই এসেছে দুটি শতরানের জুটি (জুনায়েদ-মুশফিকুরের ১৬৭ ও মুশফিকুর-নাঈমের ১১৩ রান)।এক এক করে খুঁজলে উন্নতির এমন দিক হয়তো আরও পাওয়া যাবে। তবে আগের দুটো ইংল্যান্ড সিরিজের সঙ্গে তুলনা না করেও বাংলাদেশের সার্বিক পারফরম্যান্সের একটা গ্রাফ তৈরি করলে পারফরম্যান্সের রেখাটাকে ঊর্ধ্বমুখীই দেখা যাবে। টেস্টে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরির সংখ্যা ২০। ভাবা যায়, সর্বশেষ সাত টেস্টে সেঞ্চুরি এসেছে ছয়টি! চট্টগ্রাম টেস্টে মুশফিকুর ৫ এবং ঢাকা টেস্টে ৪ রানের জন্য সাকিব আল হাসান মিস না করলে ৭ টেস্টে সেঞ্চুরি হতো ৮টি। ব্যাটিংয়ে বাংলাদেশের ধারাবাহিকতারই প্রমাণ এটি। প্রমাণ চট্টগ্রাম টেস্টে জুনায়েদ সিদ্দিক-মুশফিকুর রহিমের ১৬৭ রানের জুটিটিও। রানের হিসাবে এটি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ নয় (তৃতীয় সর্বোচ্চ)। তবে শুধু চতুর্থ ইনিংস বিবেচনায় নিলে বাংলাদেশের পক্ষে এই জুটিই সর্বোচ্চ রানের। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৩১ রানও করেছে বাংলাদেশ।এক টেস্টে দলের সর্বোচ্চ রানের রেকর্ডও হয়েছে এই সিরিজে। ঢাকা টেস্টে দুই ইনিংস (৪১৯+২৮৫) মিলিয়ে সর্বোচ্চ ৭০৪ রান তুলেছে বাংলাদেশ। আগের রেকর্ডটি ছিল ৬৯২ রানের। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৮৮ ও ২০৪ রান।হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ সিরিজের বিভিন্ন পরিসংখ্যানে পিছিয়ে থাকবে এটাই স্বাভাবিক। ১৬ উইকেট নিয়ে গ্রায়েম সোয়ান যেখানে সিরিজ-সেরা বোলার, সেখানে সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল দুই বোলার সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাক নিয়েছেন মোট ১৬ উইকেট। বাংলাদেশের পক্ষে ১টি সেঞ্চুরির বিপরীতে ইংল্যান্ড ব্যাটসম্যানদের সেঞ্চুরি ৪টি। বাংলাদেশের পক্ষে জুনায়েদের সেরা ইনিংসটির চেয়ে ৬৭ রানেরও বেশি বড় ইনিংস খেলেছেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। মুশফিকুরের ৩টি ডিসমিসালের বিপরীতে ইংল্যান্ডের ম্যাট প্রিয়রের ডিসমিসাল ১০টি।তবে সব ক্ষেত্রেই যে পিছিয়ে তা নয়। কমপক্ষে ৬০ বল করেছেন, এমন বোলারদের মধ্যে এক ইনিংসে সেরা ইকোনমি রেট (১.৮৭) বাংলাদেশের সাকিব আল হাসানের। এক ইনিংসে সেরা বোলিং স্ট্রাইকরেটও তাঁর (২৪.৭)।তবে সিরিজটা বাংলাদেশের জন্য আরও স্মরণীয় হতে পারত। না পারার কারণ নিজেদের চিরচেনা ভুল তো আছেই। আছে আম্পায়ারদের ভুলও। আম্পায়ারারও রক্ত-মাংসের মানুষ; ভুল হতেই পারে। কিন্তু তাঁদের ভুলের একচেটিয়া শিকার বাংলাদেশ। এতদিন আফসোসটা ছিল শুধু খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে। এবার আমাদের আম্পায়ারদের ‘পারফরম্যান্স’ নিয়েও আফসোস করতে হচ্ছে! শাহরিয়ার ফিরোজ