মনে পড়ছে বাবাকে
বাবার ইচ্ছা ছিল, ছেলে একদিন ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে মাঠে নামবে। গৌরব বয়ে আনবে দেশের জন্য। দেবেন্দ্র বিশু ঠিকই বাবার ইচ্ছা পূরণ করলেন। কিন্তু ছেলের এই কীর্তি দেখে যেতে পারলেন না গর্বিত বাবা।বিশুর বাবা মোহনলাল ১৭ বছর আগে মারা গেছেন। মৃত্যুশয্যায় ছেলের জন্য মোহনলালের শুভকামনা ছিল, বিশু একদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবে। মোহনলালের সেই স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু এই খুশির দিনে বাবাকে খুব মনে পড়ছে বিশুর, ‘ইংল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ পাওয়ার খবরটি শোনামাত্র বাবার কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় আমাকে নিয়ে বাবার স্বপ্নের কথা।’বাবার স্বপ্ন পূরণ করতে পেরে খুশি ২৫ বছর বয়সী লেগ স্পিনার, ‘আমি সব সময়ই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চেয়েছি। আজ সেই লক্ষ্য পূরণ হয়েছে। বাবার ইচ্ছা পূরণ হয়েছে।’বাবা ছিলেন তাঁর বন্ধুর মতো, সেই বাবার মৃত্যুতে ছেলের ভেঙে পড়ারই কথা। কিন্তু শোককে শক্তিতে পরিণত করে আর মায়ের অনুপ্রেরণায় সেদিনের সেই ছোট্ট বিশু এখন খেলছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নেমে অভিষেক ম্যাচেই বাজিমাত। ইংল্যান্ডের বিপক্ষে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে বিশু জানান দিয়েছেন—চলে যাওয়ার জন্য আসিনি! এই সবকিছুই যে সম্ভব হয়েছে মায়ের জন্য, বিশু বলেছেন সেটাই, ‘বাবার মৃত্যুর পর শুধু মায়ের অনুপ্রেরণায় আমার স্বপ্নপূরণ সম্ভব হয়েছে। আমি দলে সুযোগ পাওয়াতে মা খুবই খুশি। বাবা বেঁচে থাকলে তিনিও খুশি হতেন।’এই সাফল্যের দিনে পুরোনো দিনের স্মৃতিরা এসে ভিড় করছে বিশুর মনে, ‘সেই সব দিনের কথা খুব মনে পড়ছে। স্কুল থেকে বাড়ি ফেরার পরপরই বাবার সঙ্গে ব্যাট-বল নিয়ে নেমে পড়তাম। বাবাকে একটানা বল করে যেতাম।’ ওয়েবসাইট।