মনে মনে তাঁরা বাস করেন বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিল, প্রবাসকে যখন বিবেচনা করা হতো মৃত্যুর মতো ভয়ানক বলে। সাধারণ লোকেরা বিশ্বাস করতেন, অত্যন্ত দুর্ভাগ্য ছাড়া কারও কপালে নাকি প্রবাস-বাস লেখা হতো না। তার ওপর কালাপানি পার হওয়াকেও সমাজ দেখত পাপ কাজ বলে। কেউ সাগর পাড়ি দিলে বিশ শতকের প্রথম দিকেও তাঁর জাত যেত। এই কলঙ্কমোচনের জন্য গোবরসহ পঞ্চগব্য খেয়ে প্রায়শ্চিত্ত করতে হতো তাঁদের। অনেকে আবার বিশ্বাস করতেন, কালাপানি পার হলে নির্ঘাত মৃত্যু ঘটবে। কিন্তু এক শতাব্দীর মধ্যে আমাদের মূল্যবোধে এত পরিবর্তন এসেছে যে প্রবাসে না যেতে পারলে এখন জাতে ওঠা যায় না। বিয়ের বাজারে ‘ছেলে ফরেনে থাকে’—এটা হলো সবচেয়ে বড় যোগ্যতা। সত্যি সত্যি, বিদেশে যাওয়ার জন্য অনেকে জীবন পর্যন্ত বাজি রাখেন। পথে মারাও যান অনেকে। তার পরও বাংলাদেশের অনেক যুবকের পণ হলো: ‘যাবই, আমি প্রবাসেতে যাবই’। গার্মেন্টসের পরই এখন বাংলাদেশের সবচেয়ে মূল্যবান রপ্তানিপণ্য হলো মানুষ। ফলে বাংলাদেশের ৫ শতাংশের বেশি, অন্তত ৮০ লাখ মানুষ এখন সুদূর প্রাচ্য থেকে পাশ্চাত্যের বিভিন্ন দেশে বাস করেন। বাস করেন মনুষ্য বসতির সর্বদক্ষিণ প্রান্ত থেকে সর্বোত্তর প্রান্তে।প্রবাসীদের সিংহভাগ, আমার ধারণা ৯০ শতাংশের চেয়েও বেশি প্রবাসীকে এককথায় বলা যায়, ইকোনমিক মাইগ্র্যান্ট অর্থাৎ অর্থনৈতিক অভিবাসী। অর্থাৎ, যাঁরা স্থায়ীভাবে বিদেশে বাস করেন না, তাঁদের শতভাগই এসেছেন চাকরি করতে। অনেকে আবার ব্যবসাও করেন। কিছু আছেন, যাঁদের বলা যায় উচ্চশিক্ষিত পেশাদার—চিকিৎসক, প্রকৌশলী, অধ্যাপক, কম্পিউটারে পারদর্শী ইত্যাদি। এ ছাড়া আছেন হাজার হাজার উচ্চশিক্ষার্থী। বড় লোকের ছেলেমেয়েরা, বিশেষ করে ছেলেরা অবশ্য আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থী হয়েও বিদেশে পাড়ি জমান।এই পেশাদার এবং শিক্ষার্থীদের লক্ষ্য আর যাঁরা শ্রমজীবী হয়ে বিদেশে যান, তাঁদের লক্ষ্য বেশ আলাদা। তাঁদের লক্ষ্য নিজেদের ক্যারিয়ার গড়ে তোলা। তাঁদের কেউ কেউ প্রবাসেই থাকতে চান, শেষ পর্যন্ত থেকেও যান। কেউ কেউ দেশে ফিরে অনেক টাকা উপার্জন করার আশা করেন, যাঁদের মধ্যে চিকিৎসক আর অধ্যাপকই বেশি। অপর পক্ষে, যাঁরা শ্রমজীবী হিসেবে অথবা ছোটখাটো চাকরি নিয়ে বিদেশে গেছেন, স্থায়ীভাবে প্রবাসে বাস করার কথা তাঁরা তেমন ভাবেন না। কিন্তু তাঁরাও চান টাকাপয়সা আয় করে নিজেদের অবস্থার এবং ভাগ্যের উন্নতি করতে। এই আশায় তাঁদের অনেকে শেষ সম্বলটুকু বিক্রি করে অথবা বন্ধক রেখে টাকাটা তুলে দেন আদম ব্যাপারির হাতে। যাঁরা শেষ পর্যন্ত প্রবাসে আসতে পেরেছেন, অনেক আশা আর স্বপ্ন নিয়েই তাঁরা এসেছেন।বিভিন্ন দেশে প্রবাসীদের যে ডায়াসপোরা অথবা বসতি গড়ে উঠেছে, তার চরিত্রও এ জন্য অনেকটাই আলাদা। সবার আগে প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় সম্প্রদায় গড়ে উঠেছিল ব্রিটেনে, বিশেষ করে লন্ডনে। এঁদের ৯০ শতাংশই ছিলেন শ্রমজীবী এবং প্রায় সবাই এসেছিলেন সিলেট থেকে। তাঁদের অধিকাংশ লেখাপড়া জানতেন না। ইংল্যান্ডে গিয়েছিলেন অন্য আত্মীয়দের সূত্র ধরে। সেখানে পৌঁছে কাজ করতেন রেস্টুরেন্টে আর কলকারখানায়। তাঁদের মধ্যে সাম্প্রদায়িক বন্ধন অত্যন্ত জোরালো। চলাফেরা, বিয়ে-থা, খানাপিনা, সামাজিক যোগাযোগ নিজেদের মধ্যেই; ঢাকাই অর্থাৎ যাঁদের বাড়ি সিলেটে নয়, তাঁদের সঙ্গে নয়। অপর পক্ষে, সাম্প্রতিক কালে লটারির সূত্রে হাজার হাজার স্বল্প শিক্ষিত বেকার ছাড়া মার্কিন মুলুকে যাঁরা আগে গিয়েছিলেন, তাঁরা সবাই ছিলেন পেশাদার। স্বদেশ সম্পর্কে তাঁদের আশা-আকাঙ্ক্ষা, ধ্যানধারণা ইংল্যান্ডে বসবাসকারীদের চেয়ে অনেকটাই আলাদা। ইদানীং ইউরোপের কয়েকটি দেশে, বিশেষ করে ইতালিতে বাঙালিদের একটা বড় সম্প্রদায় গড়ে উঠেছে। তাঁরা প্রধানত শিক্ষিত, পেশাদার না হলেও। তাঁদের প্রত্যাশা টাকাপয়সা আয় করা, স্থায়ীভাবে ইতালিতে থাকা নয়। স্বদেশ সম্পর্কে তাঁরা কতটা ভাবেন, বলা মুশকিল। তবে ভাবেন।অন্যান্য দেশে যেসব প্রবাসী বাস করেন, তাঁদের বেশির ভাগই সেসব দেশের অস্থায়ী বাসিন্দা, হয়তো ৯০ শতাংশ। বাকি যাঁরা, তাঁরা সেখানে বাস করেন স্থায়ীভাবে। কিন্তু স্থায়ী-অস্থায়ী যা-ই হোন না কেন, সবারই শিকড় প্রোথিত রয়েছে বাংলাদেশের মাটিতে। হাজার হাজার মাইল দূরে আছেন বটে, কিন্তু মনে মনে তাঁরা বাস করেন বাংলাদেশের শ্যামল নিসর্গের কোলে। সবারই হূদয়ে জাগরূক বাংলাদেশ। তাঁদের অনেকেই বাস করেন নানা রকম দুর্দশার মধ্যে, অনেকেই বেঁচে থাকেন কঠোর শারীরিক পরিশ্রম করে। তাঁরা যেসব চাকরি করেন, তেমন নিম্নমানের চাকরি করার কথা দেশে বসে তাঁরা ভাবতেই পারতেন না। কিন্তু বিদেশে এসে সব কষ্ট, সব হীনতা তাঁরা সহ্য করেন টাকাপয়সা নিয়ে কবে দেশে ফিরে যাবেন, সে কথা ভেবে। মেসের বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে দিবাস্বপ্ন দেখেন বাংলাদেশের। রাতে ঘুমের মধ্যে চলে যান বাংলাদেশে—মায়ের কাছে, বিয়ে করবেন বলে মনে মনে যাঁকে বেছে রেখেছেন, সেই স্বপ্নে দেখা রাজকন্যার কাছে। কখনো আপনজনদের বিরহ-বেদনায়, কখনো তাঁদের সঙ্গে দেখা হবে—এ কথা ভেবে আনন্দ আর উত্তেজনায় বেসুরো গলায় গুনগুন করেন কবে-শোনা ভাটিয়ালি, বাউল, ভাওয়াইয়া, এমনকি দেশাত্মবোধক গান। মনে মনে ঘর বাঁধার কল্পনা করেন প্রবাসের উন্নত ঝকমকে দিগন্তের মধ্যে নয়, বরং বাংলাদেশের গিজগিজ করা গ্রামে, গঞ্জে। এক খণ্ড জমি, একটি ঘর, মা, বউ আর কয়েকটি কচি মুখের চিন্তায় বিভোর হন।মায়ের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে, বন্ধুদের সঙ্গে সুখ-দুঃখের কথা বলার জন্য এঁরা কিনে আনেন কলিং কার্ড। যে স্বজনদের তাঁরা হাজার হাজার মাইল দূরে ফেলে এসেছেন, রাতে তো বটেই, দিনের বেলায়ও সেই স্বজনদের স্বপ্নই দেখেন তাঁরা। এঁদের সঙ্গে একটু কথা বলার জন্য তাঁরা কত ব্যাকুল এবং আগ্রহী, তা বোঝা যায় কলিং কার্ডের রবরবা ব্যবসা থেকে। নানা নামে বাংলাদেশে ফোন করার কার্ড প্রথম দিকে বেশ সস্তায়, তারপর কার্ডটা জনপ্রিয় হলে ১৮০০ মিনিট বললে ২০০ মিনিট পাবেন। আপনজনদের সঙ্গে দেখা করার জন্য, তাঁদের ভালোবাসা পাওয়ার জন্য প্রবাসীরা কত ব্যাকুল, তা বোঝা যায়, তাঁরা যখন দেশে ফেরেন, সেই সময় বিমানে তাঁদের কাছাকাছি থাকলে—কার জন্য শাড়ি কিনেছেন, কার জন্য প্রসাধনী কিনেছেন, কার জন্য একটা ছোট অলংকার কিনেছেন; কার জন্য একটা ঘড়ি কিনেছেন—বন্ধুদের কাছে সেই উচ্ছ্বসিত গল্পে তাঁরা বিভোর হন। বোঝা যায়, প্রিয়জনদের কাছে ফেরার আনন্দ এবং উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না। বিমান এসে মাটিতে নামার সঙ্গে সঙ্গে নিষেধ সত্ত্বেও মোবাইলে কথা বলতে আরম্ভ করেন।সত্যি বলতে কি, বিদেশের জাঁকজমক, আর্থিক স্বাচ্ছন্দ্য, বিলাসিতার প্রলোভন, সংক্ষিপ্ত বসনা নারীদের সৌন্দর্য—কিছুই তাঁদের মন থেকে দরিদ্র বাংলা মায়ের হাতছানি ভোলাতে পারে না। উল্টো, তাঁরা ষোলোআনা একাত্ম বাংলাদেশের সঙ্গে—বাংলাদেশই তাঁদের কাছে কল্পিত স্বর্গের মতো। স্বদেশ নিয়ে তাঁদের মনে অনেক গর্ব আর প্রত্যাশা আকাশ পর্যন্ত বিস্তৃত। বোধ হয়, মনে মনে বাংলাদেশকে একটা পরাশক্তি হিসেবে কল্পনা করেন। নিদেনপক্ষে ভারতের সঙ্গে টেক্কা দিয়ে চলতে তো পারবেই! আশা করেন, সব খেলাতেই বাংলাদেশ জয়ী হবে। নিজেদের সবচেয়ে বড় পরিচয়, তাঁরা বাংলাদেশের নাগরিক।যুক্তরাজ্যে বসে কেউ লেবার, কেউ রক্ষণশীল দলে; মার্কিন মুলুকে বসে কেউ রিপাবলিকান অথবা ডেমোক্র্যাট দলকে ভোট দেন। অনেক সময় ভোট দেনও না—সত্যি সত্যি কোন দল জয়ী হয়, তা নিয়ে তাঁদের তেমন মাথাব্যথা নেই। কিন্তু বন্ধুদের সঙ্গে বিতর্কে মাতেন আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতি নিয়ে। দেশে এসব দল কী করল, তার ঢেউ এসে প্রবাসীদেরও নাড়া দেয়। রাজনীতি নিয়ে তাঁদের কেবল ঝগড়াঝাঁটি নয়, কখনো কখনো তা হাতাহাতি, ধস্তাধস্তিতেও পরিণত হয়। দেশের রাজনৈতিক দলগুলোর সক্রিয় সমর্থকদের সঙ্গে প্রবাসী সমর্থকদের মস্ত একটা পার্থক্য এই যে, দেশের সমর্থকেরা হালুয়া-রুটির লোভে বিবেক-বিবেচনা বিসর্জন দিয়ে গুন্ডাবাজি থেকে টেন্ডারবাজি পর্যন্ত করতেই বেশি আগ্রহী। কিন্তু হাজার হাজার মাইল দূরে বসে প্রবাসীদের কাছে বিভিন্ন দলের নামগুলো অস্পষ্ট একটা আদর্শের ধারণা মনে জাগিয়ে তোলে, বাস্তবে দলগুলোর কোনো আদর্শ থাক অথবা না-ই থাক। অথবা বাস্তবে প্রবাসীদের জীবনে সেই আদর্শ প্রতিফলিত হোক অথবা না-ই হোক, আদর্শের জন্য কাজ করেন ইসলামি দলগুলোর সক্রিয় সদস্যরা। তাঁরা প্রবাসে বসেও দলের জন্য অর্থ জোগাড় করেন, অন্যদের আদর্শে দীক্ষা দেন। বাংলাদেশে যেসব জঙ্গিবাদী সম্প্রদায় আছে, তাদের সঙ্গে যোগাযোগও আছে। এদের প্রথম এবং প্রধান পরিচয়—এরা মুসলমান।সাধারণভাবে প্রবাসীদের কথা বললে বলতে হয়, আদর্শ নয়, তাঁরা যে স্বদেশের স্বপ্ন দেখেন, সে দেশ দারিদ্র্যমুক্ত, ‘বিদেশে’র মতো যেখানে স্বাচ্ছন্দ্য আছে; আছে আইনের শাসন। যে বাংলাদেশের কথা তাঁরা মনে মনে কল্পনা করেন, সে দেশে মানুষের অভাব-অনটন নেই; দুঃখ-কষ্ট নেই; রোগ-শোক নেই; মারামারি-হানাহানি নেই। রাস্তাঘাট, যানবাহনসহ যোগাযোগব্যবস্থা পর্যাপ্ত ও সুশৃঙ্খল। যে দেশে প্রতিদিন প্রাণ হাতে নিয়ে রাস্তায় বের হতে হয় না। রোগ হলে যে দেশে সহজে এবং সস্তায় ভালো চিকিৎসা মেলে; ভেজাল ওষুধ খেয়ে প্রাণ দিতে হয় না। যে দেশে হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা করার ব্যবস্থা আছে—তথাকথিত মৃত্যুঘাতী ক্লিনিকের ফাঁদে পড়তে হয় না—সে দেশে কাজগুলো সহজভাবে সম্পন্ন হয়; সরকারি অফিসে মিথ্যা আশ্বাসের ওপর নির্ভর করে থাকতে হয় না, বরং সোজা পথে কাজ হয় এবং ঘুষের বিনিময়ে কাজ করাতে হয় না। গ্যাস, বিদ্যুৎ, টেলিফোনের বিল দেওয়ার জন্য সে দেশে ধরনা দিতে হয় না, চাঁদাবাজি অথবা ছিনতাইয়ের শিকার হতে হয় না। তাঁরা চান এমন এক বাংলাদেশ, যেখানে সব জিনিস পাওয়া যায় এবং পাওয়া যায় পানির দরে। কীটনাশকের বিষাক্ত সবজি খেতে হয় না, ফরমালিন দেওয়া মাছ-মাংস খেতে হয় না। সে দেশে লেখাপড়া শেখার ভালো ব্যবস্থা আছে এবং লেখাপড়া শিখলে বিনা তদবিরে অথবা ঘুষ না দিয়েই চাকরি পাওয়া যায়।এককথায়, তাঁরা আজকের যে বাংলাদেশের স্বপ্ন দেখেন, তার কথা ১০০ বছরেরও বেশি আগে এক কবি বলে গেছেন: স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এবং এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। যে স্বদেশের কল্পনা করেন তাঁরা, তা হলো: সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি!গোলাম মুরশিদ: গবেষক, প্রাবন্ধিক। [email protected]