মনে হচ্ছে বিশ্ব জয় করে ফিরলাম: মুহিত
এভারেস্টজয়ী দ্বিতীয় বাংলাদেশি মোহাম্মদ আবদুল মুহিত (৪১) আজ শনিবার বিকেল পাঁচটার দিকে দেশে ফিরেছেন। বিমানবন্দরে মুহিত প্রথম আলোকে জানান, এভারেস্ট জয় করে দেশের মাটিতে পা রেখে অন্য রকম অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে, বিশ্ব জয় করে ফিরলাম। তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। বিমানবন্দরে মুহিতের পরিবার তাঁকে সংবর্ধনা জানায়।এর আগে মুহিত নেপালের স্থানীয় সময় বিকেল তিনটা ২০ মিনিটে বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন। বাংলাদেশ সময় চারটা ৪০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছেন। বিমানবন্দরে মুহিতকে সংবর্ধনা দেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সদস্যরা।এম এ মুহিত গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছিলেন, আজ তিনি এভারেস্ট সামিটার রেস্টুরেন্ট রাম ডুডলে যাবেন। ওখানে রাখা স্বাক্ষর বোর্ডে এভারেস্ট বিজয়ী হিসেবে স্বাক্ষর করবেন। ওই স্বাক্ষর বোর্ডে সব এভারেস্ট বিজয়ী স্বাক্ষর করেছেন। প্রসঙ্গত, গত বছরের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম। মুহিত দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ বছরের ২১ মে এভারেস্ট জয় করেছেন।