বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে টক শো ‘পরম্পরা’। এই অনুষ্ঠানের আজকের অতিথি আলী যাকের, সারা যাকের ও ইরেশ যাকের। পরিচালনা করেছেন অনন্ত জাহিদ। কথা হলো ইরেশ যাকেরের সঙ্গে।‘পরম্পরা’র আজকের অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।প্রচারমাধ্যমের সমসাময়িক বিভিন্ন বিষয় এবং আমাদের পরিবারের নানা বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে কথা হয়েছে। অনুষ্ঠানটিকে টক শো বলা হয়েছে। কিন্তু মনে হলো যেন ঘরে বসেই আড্ডা দিচ্ছি। কারণ, আমাদের আড্ডাগুলো যেমন হয়, পরম্পরা অনুষ্ঠানটিও সে রকমই।দেশ টিভির ‘দেশ ই গল্প’ অনুষ্ঠানের উপস্থাপনা কেমন উপভোগ করছেন?ভালোই লাগে। এই অনুষ্ঠানে আমরা বিদ্রূপাত্মকভাবে নানা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করি। এর মূল পরিকল্পনা মারুফ রেহমানের। এই অনুষ্ঠানে যাঁরা এর আগে অতিথি হয়ে এসেছেন, তাঁদের কেউ কেউ আবারও আসার ইচ্ছের কথা জানিয়েছেন। সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই অনুষ্ঠানটির প্রশংসা করেছেন।ঈদের জন্য কী করছেন?আমি এখন অফিসের কাজ নিয়েই বেশি ব্যস্ত। নাটকের কাজ খুব একটা করছি না। এবার ঈদে দুটি নাটকে কাজ করব। একটি অনিমেষ আইচের, অন্যটি গোলাম সোহরাব দোদুলের। একটিতে আমার সহশিল্পী অপি এবং অন্যটিতে তিশা।আর কী করছেন?পত্রিকায় লিখছি। ডেইলি স্টার পত্রিকায় আমার কয়েকটি লেখা ছাপা হয়েছে। এখানেও আমার লেখার মধ্যে বিদ্রূপের ব্যাপারটিকে প্রাধান্য দিয়েছি। তরুণদের দেখেছি, গুরুগম্ভীর কোনো ব্যাপারে আগ্রহ নেই। তাদের আকৃষ্ট করার জন্য আমি লেখার মধ্যে বিদ্রূপ এবং অন্য রকম একটা মজা দেওয়ার চেষ্টা করছি।বিদ্রূপাত্মক লেখার প্রতি আগ্রহী হলেন কীভাবে?আমি যখন যুক্তরাষ্ট্রে থাকতাম, তখন সেখানে বেশ কিছু কমেডি শো দেখেছি। ওই সব অনুষ্ঠানে জর্জ বুশের মতো প্রেসিডেন্টকে হেয় করা দেখে অবাক হয়েছিলাম। আমি মনে করি, শুধু কমেডি ও বিদ্রূপের অনুষ্ঠান বলেই এটা সম্ভব হয়েছে। ওই অনুষ্ঠানগুলো আমাকে অনুপ্রাণিত করেছে।মঞ্চে কাজ করার ব্যাপারে কিছু ভেবেছেন?আগামী বছরের শুরু থেকে মঞ্চে কাজ করব। আমার আসলে টিভির চেয়ে মঞ্চের প্রতি আগ্রহটা বেশি। কিন্তু মঞ্চে কাজ করার জন্য যে সময় দরকার, তা এখন বের করতে পারছি না। তবে অবশ্যই কাজ করব। বিনোদন প্রতিবেদক