সংবাদপত্রের আলোকচিত্রী হওয়ায় ছবি তোলার জন্য ঘটনার কাছে থাকার বিকল্প নেই। হঠাৎ ঘটে যাওয়া ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের স্নায়ুও ছুটে চলে প্রবল বেগে।সেদিন ছিল ২৬ মে। কয়েকটি দাবিতে আন্দোলনরত আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের মেয়েদের বিক্ষোভের ছবি তুলে ফেরার পথে আমি, খালেদ সরকার ও সাজিদ হোসেন পুলিশের রোষানলে পড়ে গেলাম।আগারগাঁও মোড় ঘিরে ছিল মেয়েদের বিক্ষোভ। পুলিশ রাস্তা ছেড়ে দেওয়ার জন্য মেয়েদের বকাঝকা করছিল। ধাক্কাও দিচ্ছিল। কিন্তু মেয়েরা কর্ণপাত না করায় পুলিশ মোটরসাইকেল ও বাসের চালকদের নির্দেশ দিয়েছিল গাড়ি চালিয়ে যেতে। খালেদ সামনে থেকে আর আমি একটু দূরে পিলারের ওপর দাঁড়িয়ে ছবি তুলছিলাম। ধাবমান মোটরসাইকেল মেয়েদের গায়ের ওপর পড়ছে আর মেয়েরা পেছন থেকে মোটরসাইকেল টেনে ধরছে, দৃশ্যগুলো ছিল এ রকম। ঘণ্টা খানেক পর শিক্ষকদের সঙ্গে সমঝোতায় মেয়েরা রাস্তা ছেড়ে দিলে খালেদ ও আমি একটু দূরে রাখা আমাদের মোটরসাইকেলের দিকে এগিয়ে যাই। তখনই সাজিদ এসে উপস্থিত। আমি ওর পাশে গিয়ে জানাই, ‘ঘটনা শেষ। আমি ও খালেদ সব পেয়েছি, চল, যাই।’একপর্যায়ে রাস্তার উল্টো দিক দিয়ে আসার অজুহাতে পুলিশের তেজগাঁও অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শহিদুল ইসলাম এবং কর্তব্যরত কয়েকজন এএসআই আমাদের বাবা-মা তুলে গালি দিলেন। জানতে চাইলেন, ট্রাফিক আইন অমান্য করলাম কেন? আমরা বললাম, ‘ভুল করলে মামলা দেন, আপনি গালাগালি করতে পারেন না।’ এসি শহিদুল ইসলাম ঘুষি মারতেই অন্য পুলিশসদস্যরা মোটরসাইকেল থেকে আমাদের রাস্তায় ফেলে দিয়ে পেটানো শুরু করল। সাদা পোশাকের এক পুলিশ ছুটে এসে সাজিদের ঠিক কানের ওপর ঘুষি মারল। এসি শহিদুল বললেন, ‘সাংবাদিক পেটালে কিছু হয় না। পিটা...।’ উপর্যুপরি লাথি, ঘুষি আর রাইফেলের বাঁট দিয়ে সাজিদকে মারতে থাকল ওরা। ক্যামেরাটি বাঁচানোর জন্য সেটি আঁকড়ে ধরে রাস্তায় বসে পড়ল ও। পুলিশ ওর ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, আবার মারতেও থাকল। একপর্যায়ে ওর হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। আমি প্রথমে প্রতিবাদ করি। পরে আর না মারতে অনুরোধ করি। কিন্তু ব্যর্থ হই। গলায় থাকা ক্যামেরা দিয়ে সাজিদকে রাস্তায় ফেলে পেটানোর ছবি তুলতে গেলে পুলিশ আমাকেও এলোপাতাড়ি মারতে থাকে। হেলমেট ধরে টানাটানির একপর্যায়ে আমার গলায় ফাঁস লেগে দম বন্ধ হওয়ার উপক্রম হয়। আমি মাটিতে লুটিয়ে পড়ি। এ সময় ওরা আমার ক্যামেরাটি কেড়ে নেয়। পরে হেলমেট খুলে আমার চোখে-মুখে ঘুষি মারতে থাকে। খবর পেয়ে খালেদ সরকার দূর থেকে আমাদের পেটানোর ছবি তুলতে তুলতে কাছে এলে এসি শহিদুল তেড়ে গিয়ে জিজ্ঞেস করেন, ‘ছবি তুলছিস?’ জবাবে খালেদ বলে, ‘না, তুলি নাই।’ পরে ওর কাছ থেকেও ক্যামেরা ছিনিয়ে নেয়। প্রতিবাদ করায় তাকেও মারতে থাকে। একটু দূরে থেকে প্রথম আলোর প্রদায়ক ইমাম হাসান মুঠোফোনে এ ঘটনার ভিডিও করছিল। পুলিশ ওর মুঠোফোনের মেমোরি কার্ড নিয়ে ওকে মারধর করে। যতটা উন্মত্ত হয়ে পুলিশ আমাদের এলোপাতাড়ি পেটাচ্ছিল, আমার মুহূর্তের জন্য মনে হয়েছিল, এরা আমাদের ভুল করে মেরেও ফেলতে পারে। একজন ট্রাফিক পুলিশ ছাড়া সবাই সাংবাদিক পেটানোর এ উৎসবে শামিল হয়েছিল।মারধরের পর কয়েকজন পুলিশ আমাদের টেনেহিঁচড়ে পেটাতে পেটাতে শেরেবাংলা নগর থানার দিকে নিয়ে যায়। আমাকে পাঞ্জাবির কলার ধরে পেটাতে পেটাতে নিয়ে যায়। অন্যদিকে খালেদ ও সাজিদকে পেছন থেকে লাঠি দিয়ে মারতে থাকে। পথে ডেইলি স্টার-এর ফটোসাংবাদিক রাশেদ সুমন আমাদের এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যান। ছবি তুলতে গেলে তাঁরও একই পরিণতি হবে বলে হুঁশিয়ার করে দেয় পুলিশ। এ সময় ওরা আমার গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে।থানায় নিয়ে পুলিশ প্রথমেই আমাদের মুঠোফোন ছিনিয়ে নেয়। এবং তা তৎক্ষণাৎ বন্ধ করে দেয়। আমার ঠোঁট ফেটে রক্ত পড়ছিল। সাজিদের মুখ ফুলে ওঠে। তবু কর্তব্যরত পুলিশ আমাদের একটু পানিও দেয়নি। এমন একটি কক্ষে আমাদের বসানো হয়েছিল, যেখানে ছিল না বৈদ্যুতিক পাখা। খবর পেয়ে প্রথম আলোর রিপোর্টার গোলাম মুর্তজা আমাদের পঙ্গু হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুটি করে ব্যথানাশক ইনজেকশন দেন। কয়েকটি পরীক্ষার পর দেওয়া হয় স্যালাইন।খবর পেয়ে সহকর্মীরা পঙ্গু হাসপাতালে এসে আমাদের এই অবস্থা দেখে মুষড়ে পড়েন। কারোরই এ ঘটনা বিশ্বাস হচ্ছিল না। সহকর্মী ফটোসাংবাদিক হাসান রাজা কাঁদতে কাঁদতে আমার ঠোঁটের রক্ত মুছে দিয়ে বলে, ‘আপনারে এভাবে মারতে পারল!’পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের শয্যায় আমি, সাজিদ ও খালেদ পাশাপাশি শুয়ে আছি। মুহূর্তেই শত শত মানুষ। সবাই বাকরুদ্ধ। কারও কারও চোখে পানি।খবর পেয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইমাম হোসেন ও অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান হাসপাতালে এলে সাংবাদিকেরা তৎক্ষণাৎ এর বিচার দাবি করে বিক্ষোভ দেখালেন। ডিসি নয়জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করলেন। প্রত্যাহার (ক্লোজড) করলেন একজনকে। বাধ্য হলেন ক্যামেরা-মুঠোফোন ফেরত দিতে। বিকেলে সাংবাদিকেরা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন নিয়ে শেরেবাংলা নগর থানায় গেলে একজন ডিউটি অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তা গ্রহণ করতে রাজি হলেন না।সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য আমাদের শ্যামলীর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানে সাজিদের পায়ে ও খালেদের হাতে প্লাস্টার করাতে হয়। চার দিন হাসপাতালে থাকি। অচেনা-অজানা অসংখ্য মানুষ হাসপাতালে আমাদের দেখতে আসেন। প্রথম আলো কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করে।দোষী পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে ফটোসাংবাদিকেরা সংগঠিত হয়ে প্রেসক্লাবের সামনে পরের দিন বিক্ষোভ করলে তাতে সব মহলের কর্মীরা একাত্মতা প্রকাশ করেন। সারা দেশে বিভিন্ন সংগঠন থেকে নিন্দা জানানো হয়। উচ্চ আদালতে একটি রিট হয়। কিন্তু রিটের শুনানি আজও হয়নি। এগোয়নি পুলিশের তদন্তও।আজও পুলিশের সেই বীভৎস চেহারা মনে হলে প্রচণ্ড ভয় পাই। যখন এ লেখা লিখছি, মনে হচ্ছে আমার দুই কানে কেউ গরম পানি ঢেলে দিচ্ছে। আমি ওই পুলিশসদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোনোভাবেই যেন তারা পার পেয়ে না যায়, সেই নিশ্চয়তা চাই।তবে সবাই নিশ্চয় এক রকম নন। পেশাগত কারণে পুলিশের অনেক কর্মকর্তার সঙ্গে আমাদের সখ্য গড়ে ওঠে। অনেকেই তথ্য দিয়ে আমাদের সহায়তা করেন। কাজে যোগ দেওয়ার পরে অনেক পুলিশ কর্মকর্তাই সহকর্মীদের অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন।গত ছয় বছরের পেশাগত জীবনে ঝুঁকিপূর্ণ এই পেশার সব অযাচিত যাতনাকে সঙ্গী করে নিয়েছি। এখনো কোথাও বোমা ফাটলে বা গুলি হলে অন্যরা উল্টো দিকে দৌড়ালেও আমরা ফটোসাংবাদিকেরা বুক উঁচিয়ে এগিয়ে যাই ঘটনার দিকে।