নোবেল শান্তি পুরস্কার জয়ের পর পার হয়েছে ২১টি বছর। অসলোতে আজ শনিবার এত বছর আগে পাওয়া সেই পুরস্কারটি হাতে নিলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। এরপর তিনি নোবেল ভাষণ দেন। ভাষণে সু চি বলেন, ‘১৯৯১ সালে নোবেল পুরস্কার পেয়ে আমি আশ্বস্ত হয়েছিলাম যে মিয়ানমারকে বিশ্ব ভুলে যায়নি।’ এ সময় সু চি আরও বলেন, পশ্চিমাদের সমর্থন ও সহযোগিতায় মিয়ানমারে পরিবর্তন আসছে। নোবেল ভাষণ দেওয়ার সময় অতীতে ফিরে যান সু চি। তিনি বলেন, রেডিওর খবরে তিনি নোবেল পুরস্কার জয়ের কথা শুনেছিলেন। আর এ খবরে তাঁর মনের একটি জানালা খুলে গিয়েছিল। সু চি আরও বলেন, ‘গৃহবন্দী থাকার সময় মনে হতো আমি চারপাশের বাস্তব জগত্ থেকে বিচ্ছিন্ন। কিন্তু ওই সময়ে পাওয়া এই নোবেল পুরস্কার আমাকে বাস্তব জগতের সঙ্গে সম্পৃক্ত করে তোলে। মনে হয় মিয়ানমার, মিয়ানমারের দুর্দশা বিশ্ববাসী ভুলে যায়নি। তাদের চোখ রয়েছে মিয়ানমার পরিস্থিতির দিকে।’ নরওয়ের নোবেল কমিটির প্রধান থর্বজন জাগল্যান্ড সু চিকে বিশ্ব সম্প্রদায়ের জন্য মূল্যবান উপহার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, নোবেল কমিটি এত দিন ধরে সু চির প্রতীক্ষায় দিন গুনেছে। আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে সু চির স্বাতন্ত্র্য মনোভাব তাঁর নৈতিক অবস্থানকেই জোরালো করেছে। ২০১০ সালের সু চি গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পান। গত ২৪ বছরের বেশির ভাগ সময়টা সু চি গৃহবন্দী ছিলেন। ১৯৮৮ সালের পর এই প্রথমবারের মতো ইউরোপ সফর করছেন সু চি। এই সফরের অংশ হিসেবেই সু চি অসলোতে সফর করলেন। এর আগে বৃহস্পতিবার তিনি আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (আইএলও) সম্মেলনে ভাষণ দেন। আজ নোবেল ভাষণ দেওয়ার পরে সু চি নির্বাসিত বার্মিজ কমিউনিটির সদস্য যারা নরওয়েতে বসবাস করে, তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। খবর বিবিসির।