মনেই হচ্ছে না আমার দুটি হাত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাত দুটো কেটে বাদ দেওয়ার পর কলম দেখলেই মনটা কেমন করে উঠত। সারা দিন জেঠুমণির দোকানে বসে থাকতাম। আর জেঠুমণি বলতেন, মা, তুই চেষ্টা করে দেখ, লিখতে পারিস কি না। তাঁরই কথায় লেখার চেষ্টা শুরু করি। কখনো কেটে ফেলা হাতের বাকি অংশে কলম তুলে, আবার কখনো দাঁত দিয়ে কলম কামড়ে ধরে। কয়েক মাসের মধ্যেই দেখি লিখতে পারছি। এর পরই আবার স্কুলে যাওয়া শুরু। শুরু করলাম পড়াশোনা।’ কথাগুলো বলল পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর রোডের মুদি ব্যবসায়ী জগদীশ চন্দ্র সাহার মেয়ে ফালগুনী সাহা। দুর্ঘটনায় তার দুটি হাত হারানোর পরও নিরন্তর চেষ্টা করে হাতের বাকি অংশ দিয়ে সে লিখতে শুরু করে। এ বছর এসএসসি পরীক্ষায় ফালগুনী জিপিএ-৫ পেয়েছে।২০০২ সালের ফেব্রুয়ারি মাস। ফালগুনী সবে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হয়েছে। ওই সময় এক বিকেলে পাশের বাড়ির ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার দুটি হাতই পুড়ে যায়। দেশে ও দেশের বাইরে ভারতে নিয়ে চিকিৎসা করানোর পর ফালগুনী সুস্থ হয়; তবে ওর দুটি হাতেরই কনুইয়ের নিচ থেকে কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকেরা। এদিকে মেয়ের চিকিৎসায় সর্বস্ব খুইয়েছেন জগদীশ সাহা। ফালগুনীর মা ভারতী সাহারও চিন্তার কোনো শেষ নেই। তাঁদের চার মেয়ের মধ্যে ফালগুনী তৃতীয়। মেয়ের দুটি হাত না থাকায় ওর আর পড়াশোনা হবে না—এমনই ভাবছিলেন ভারতী সাহা। কিন্তু ছোট্ট সেই শিশুটি মা-বাবার সব দুশ্চিন্তা মুছে দিল। নিজের নিরন্তর চেষ্টায় সে আবার পড়াশোনা শুরু করতে পারল। ভারতী সাহা বললেন, ‘ক্লাস থ্রিতে ভর্তি হয়ে ও সহপাঠীদের সঙ্গে তাল মিলিয়েই লিখতে পারছিল। ওর কাণ্ড দেখে আমরা তো অবাক!’এরপর আর পিছু ফিরতে হয়নি ফালগুনীকে নিয়ে। পঞ্চম শ্রেণীতে সে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকেই এ বছর এসএসসিতে জিপিএ-৫ পায় সে।ফালগুনীর নিরন্তর চেষ্টা ও সাফল্যের বিষয়ে প্রথম আলোতে ২০০৩ সালের ২ নভেম্বর ‘ফালগুনী এখন লিখতে পারে’, ২০০৫ সালের ৩ ডিসেম্বর ‘এগিয়ে চলেছে ফালগুনী’, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি ‘হার না-মানা ফালগুনী’ এবং ১৩ ফেব্রুয়ারি ‘ফালগুনীর স্বপ্ন পূরণ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ফালগুনীর কথায়, ‘আমার দুটি হাত নেই—এমন মনেই হচ্ছে না। মাঝেমধ্যে ভাবি, আমার দুটি কৃত্রিম হাত লাগালে কেমন হবে! ওই হাত দিয়ে কি আমি লিখতে পারব? আমাকে যে এগিয়ে যেতে হবে, আরও অনেক এগিয়ে যেতে হবে। বাবা-মায়ের সব কষ্ট যে আমাকে মুছে দিতে হবে। আশীর্বাদ করবেন। আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।