মনের আকাশে রংধনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ এই অশান্ত ও সংঘাতময় পৃথিবীতে মানুষ যখন পরস্পরবিচ্ছিন্ন এবং বিভিন্নভাবে দ্বন্দ্বে আবর্তিত ও বিক্ষিপ্ত হয়ে পড়েছে, তখন সুমনার মতো শিল্পীর আঁকা ছবি একটি ভালোবাসা ও আনন্দের ঐক্যসূত্র এবং সেতু নির্মাণে অবশ্যই সাহায্য করতে পারে। আমাদের আকাশ যতই ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ভেজা থাকুক, হালকা রোদের বর্ণালী রংধনুর মাঝে সেখানেও ফুটে উঠতে পারে আশার চিরন্তন বাণী।’ শিল্পী সুমনা হকের প্রদর্শনী উপলক্ষে বেঙ্গল গ্যালারি কর্তৃক প্রকাশিত ক্যাটালগে নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী এমন মন্তব্য করেন। দীর্ঘ নয় বছর পর আবারও নিজের একক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছেন শিল্পী সুমনা হক। গতকাল রোববার ‘মনের আকাশে রংধনু’ শিরোনামে বেঙ্গল গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী ও শিল্পী মনিরুল ইসলাম।চারুকলায় লেখাপড়া করলেও একসময় সুমনা হক মূলত সংগীতশিল্পী হিসেবে কাজ করেছেন নিয়মিত। সংগীত মানুষকে যে উচ্চতর বোধে নিয়ে যায় এবং সৌন্দর্যকে আবাহন করে, সুমনা হক সেই প্রয়াসে নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘদিন ধরে। গত শতকের ৯০-এর দশকে বিজ্ঞাপনচিত্রের নেপথ্যে কণ্ঠ দিয়ে ‘জিঙ্গেল কুইন’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন তিনি। তবে সংগীতচর্চার পাশাপাশি নিজের মতো করে নিয়মিতই ছবি এঁকেছেন। এর মধ্যে থেকে বাছাই করা ৬৭টি ছবি নিয়ে অনুষ্ঠিত হচ্ছে তাঁর এই চতুর্থ একক প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা বলেছেন, সুমনা হকের কোনো কোনো ছবি দেখে মনে হয়, সংগীতের সঙ্গে কোথায় যেন তাঁর যোগ আছে। রেখা, রং ও বিন্যাসে সংগীতের স্পন্দন খুব সহজেই উপলব্ধি করা যায়। সেজন্য তাঁর ছবিগুলো মনোগ্রাহী ও সংবেদনময়। প্রদর্শনী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। সুমনা হকের জন্ম ১৯৬৬ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।বিশ্ব অহিংসা দিবসে ‘মহাত্মা’র প্রদর্শনীগতকাল রোববার ছিল বিশ্ব অহিংসা দিবস। দিবসটি পালন উপলক্ষে ইউনিভার্সেল থিয়েটার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মহাত্মা গান্ধীর নোয়াখালী সফর নিয়ে মাজহারুল হক রচিত ও নির্দেশিত মঞ্চনাটক মহাত্মার বিশেষ প্রদর্শনীর আয়োজন করে।১৯৪৬ সালের ১০ অক্টোবর নোয়াখালীতে বেধেছিল সাম্প্রদায়িক দাঙ্গা। ভারতবর্ষের ঐক্য বিনষ্ট করার রাজনৈতিক উদ্দেশ্যই ছিল এ দাঙ্গার প্রধান কারণ। পেট্রল ছড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রামে। ব্যাপক লুটপাট, নরহত্যা, নারী হরণ, নারী নির্যাতন চালানো হয়। মহাত্মা গান্ধীর কাছে এ সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে তিনি অস্থির হয়ে ওঠেন। অসুস্থ শরীরেই রওনা হন নোয়াখালীর উদ্দেশে, সঙ্গী মাত্র দুজন।সমকালীন প্রেক্ষাপটের ধারণায় ইতিহাসের সেই অবিস্মরণীয় অধ্যায়ের একটি খণ্ডচিত্র নাট্যশৈলীর মাধ্যমে তুলে আনা হয়েছে মহাত্মা নাটকে।পোর্ট্রেটস: রিড্যাল অব ক্যারেক্টরসমুখাবয়বের মাধ্যমেই মানুষ অভিব্যক্তি প্রকাশ করে এবং সেই সঙ্গে তাকে অন্য একজন মানুষ থেকে আলাদা করা যায়। তবে চরম দুঃখের সময়ও মানুষ মুখে হাসি ফুটিয়ে বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারে, আবার পরমানন্দের মুহূর্তেও তার চোখ থেকে নামে অশ্রুধারা। তাই মানুষের মুখাবয়বে এক রহস্যময়তাও থেকে যায়। এই রহস্যময়তাই গভীরভাবে আলোড়িত করেছে শিল্পী অপূর্ব কান্তি দাশকে। তিনি সেই রহস্যময়তাকেই তুলে ধরতে চেয়েছেন তাঁর চিত্রকলায়।আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গত শুক্রবার থেকে শুরু হয়েছে অপূর্ব কান্তি দাশের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘পোর্ট্রেটস: রিড্যাল অব ক্যারেক্টরস’।প্রদর্শনীতে স্থান পেয়েছে ৩৪টি চিত্রকর্ম। শিল্পী কখনো শুধু রং-রেখা দিয়েই অভিব্যক্তি তুলে ধরেছেন। কখনো বা তা করেছেন পারিপার্শ্বিক কিছু দৃশ্যকল্প দিয়ে। তেল, জল, মিশ্র মাধ্যমে করা নানা ক্ষেত্রে পৃথিবীর খ্যাতিমান ব্যক্তিত্বের প্রতিকৃতিগুলো দর্শকদের আলোড়িত করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, পাবলো পিকাসো, সত্যজিৎ রায়, জর্জ হ্যারিসন, আইনস্টাইন, এস এম সুলতান, শচীন টেন্ডুলকার প্রমুখের ছবি রয়েছে। আছে নানা দেশের শিশুদের মুখাবয়ব। দর্শক উপলব্ধি করতে পারবে—সব শিশুই নিষ্পাপ; হোক না তারা আলাদা দেশের বাসিন্দা, হোক না তাদের গায়ের রং আলাদা। প্রদর্শনীটি ১৩ অক্টোবর পর্যন্ত চলবে।