মনের একটা ইচ্ছা পূরণ হয়েছে
শাকিলা জাফর এবারই প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম করেছেন। নাম লাবণ্যে পূর্ণ প্রাণ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের দ্য গ্যালারিতে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। কথা হলো তাঁর সঙ্গে।‘লাবণ্যে পূর্ণ প্রাণ’ অ্যালবামটি নিয়ে বলুন?এটি আমার প্রথম কোনো রবীন্দ্রসংগীতের পূর্ণাঙ্গ অ্যালবাম। এর মাধ্যমে আমার মনের একটা ইচ্ছা পূরণ হয়েছে। রবীন্দ্রনাথের প্রেম, পূজা, প্রকৃতিবিষয়ক গানগুলোই অ্যালবামে প্রাধান্য পেয়েছে। এখানে মোট গান রয়েছে ১০টি। অ্যালবামের সবগুলো গান আমার জন্য নতুন। স্বরলিপি দেখে প্রতিটি গান করতে হয়েছে। অ্যালবামটি করতে গিয়ে রবীন্দ্রনাথের নতুন আরও অনেক গানের সঙ্গে পরিচিত হয়েছি। এ জন্য বেশ আনন্দ হচ্ছে। তবে আরও ভালো লাগছে, কাকতালীয় হলেও, অ্যালবামটি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপনের বছরই প্রকাশিত হয়েছে। সবগুলো গানের সংগীতায়োজন করা হয়েছে কলকাতায়। কিন্তু কণ্ঠ দিয়েছি ঢাকার উত্তরার একটি স্টুডিওতে।রবীন্দ্রসংগীতের অ্যালবাম করতে আগ্রহী হলেন কীভাবে?একুশে টিভিসহ দু-একটি চ্যানেলে বিভিন্ন সময় বেশ কটি রবীন্দ্রসংগীত গেয়েছিলাম। আমার গান শুনেই একদিন রবীন্দ্রসংগীতের শিল্পী চঞ্চল খান ফোন করে জানতে চাইলেন, রবীন্দ্রসংগীতের অ্যালবাম করতে আগ্রহী কি না। যেহেতু এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপনের বছর, তাই সুযোগটি হাতছাড়া করতে চাইলাম না। তা ছাড়া ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি আমার একটা অন্য রকম আগ্রহ ছিল। মামা মনজুর আহমেদ রবীন্দ্রসংগীত করতেন। তিনি আমাকে রবীন্দ্রসংগীত গাওয়ার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রাণিত করেছেন।সামনে আর কী করবেন?নতুন কাজের মধ্যে নকীব খানের সঙ্গে আমার একটি দ্বৈত গানের অ্যালবাম সামনে আসবে। এটির সুর-সংগীতায়োজন সবই করা হয়েছে। বাকি শুধু গানগুলোতে কণ্ঠ দেওয়া। তবে একটি গানের রেকর্ডিংও হয়েছে। এটি হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় পাঁচফোড়ন অনুষ্ঠানে প্রচারিত হয়েছে। আশা করছি, বাকি গানগুলো এ বছরের মধ্যেই শেষ করতে পারব।