মনের বাঘ তাড়াতে হবে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক-উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দুই দেশের সম্পর্কে অবিশ্বাস, অনাস্থা এবং পরস্পরের প্রতি দোষারোপের যে ধারা সৃষ্টি হয়েছিল, বহুদিন পর তার অবসান ঘটতে চলেছে। এবং এর মধ্য দিয়ে দুই দেশের মাঝে অধিকতর সহযোগিতামূলক ধারার সূচনা হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে ছাড়িয়ে আঞ্চলিক ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা তৈরি করেছে।দীর্ঘদিন পর এই প্রথম দুই দেশের সম্পর্কের মধ্যে একটি পারস্পরিক আস্থা অর্জনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন দুই দেশের নেতৃত্ব এবং সরকারের দায়িত্ব হলো, এই পরিবেশকে কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতাকে দুই দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের ধারায় নিয়ে যাওয়া। দুই দেশের জনগণেরই আকাঙ্ক্ষা, কীভাবে ও কত স্বল্পতম সময়ের মধ্যে এসব চুক্তির বাস্তবায়ন এবং এর ইতিবাচক ফল দেখতে পাওয়া যাবে।সরকারের সামনে বড় পরীক্ষাআমরা জানি, অভিন্ন ইতিহাস ও অপরিবর্তনীয় ভূগোলের কারণে অতীতের সব প্রতিকূলতা কাটিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যকার বহু জটিল সমস্যা ও সংকট দ্রুত কাটিয়ে ওঠা যাবে না। সে জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। আরও প্রয়োজন, দুই দেশের নেতৃত্বের অধিকতর বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ। চুক্তি ও সমঝোতার ফলে সৃষ্ট পরিবেশের সুফল কবে থেকে পাওয়া যাবে, তা অবশ্যই জানতে চাইবে বাংলাদেশের জনগণ। এবং সেটা অর্থনৈতিকভাবে অঙ্কের হিসাবে মানুষকে বোঝাতে হবে। দেশবাসীর সেই আশা-আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব এখন সরকারের। বর্তমান শেখ হাসিনার সরকারের সামনে এটি এক বড় পরীক্ষা।অতীত অভিজ্ঞতা ও বর্তমান দায়িত্বআমরা জানি, বাংলাদেশের মানুষের একটি অংশের মধ্যে ভারতবিরোধী মনোভাব রয়েছে। এই অংশের মধ্যে শুধু রাজনৈতিক দল নয়, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, এমনকি ব্যবসায়ী ও পেশাজীবীরাও আছেন। আমরা অতীতে দেখেছি, ভারতের সরকার, রাজনীতিবিদ ও অন্যান্য মহলের মধ্যেও উদারতার অভাব ছিল। অনেক সময় বাংলাদেশকে অনেক কথা ও আশ্বাস দিয়েও কথা রাখেননি ভারতীয় নেতৃত্ব। এ প্রসঙ্গে আমরা কংগ্রেসের নেতা নরসিমা রাও এবং বিজেপির নেতা অটল বিহারি বাজপেয়ির সরকারের সময়ে দেওয়া অনেক অঙ্গীকার পূরণ না হওয়ার কথা বলতে পারি।১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির কিছু অংশ ভারত এখনো পূরণ করেনি। এবারও হাসিনা-মনমোহন বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্ত চিহ্নিতকরণ, ছিটমহল বিনিময় এবং অপদখলীয় জমি বিনিময়ের বিষয়গুলোর সমাধানে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। কেন হলো না, তা বোঝা গেল না। অন্যদিকে, তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টনের সমস্যা অনেক দিন ধরে ঝুলে আছে। এ বিষয়ে সমাধানে পৌঁছাতে বাংলাদেশের উদ্যোগ ছিল। নাটকীয় ঘোষণাও আশা করেছিল। সেটা হয়নি। এটা ছিল বাংলাদেশের জন্য প্রধান বিষয়।অতীতে বাংলাদেশে তৈরি পণ্য রপ্তানি করা নিয়ে বহু জটিলতার সৃষ্টি করা হয়েছে ভারতের পক্ষ থেকে। অনেক প্রতিশ্রুতি সত্ত্বেও এ বিষয়ে অগ্রগতি কমই হয়েছে। শুল্ক ও অশুল্ক বাধাগুলো অপসারণে বরাবরই ভারতের অনীহা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ঘোষিত ৮০ লাখ তৈরি পোশাক রপ্তানি সুযোগের অর্ধেক মাত্র পূরণ করতে পেরেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ছয় মাস লেগেছে নানা বাধা সরাতে। অথচ, বাংলাদেশের দিক থেকে বাণিজ্য উদারীকরণের ফলে ভারত প্রভূত সুবিধা পেয়ে এসেছে প্রায় দুই দশক ধরে। সময় এসেছে বাংলাদেশকে শুধু ১৫ কোটি মানুষের বাজার হিসেবে না দেখার। এখানে ভারতীয় বিনিয়োগ এবং ভারতে বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে নয়াদিল্লিকে অবশ্যই বাংলাদেশের সব পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় এই বিষয়টির ওপর জোর দেওয়ার প্রয়োজন ছিল। এ ছাড়া বিগত দিনগুলোতে ভারতের বিভিন্ন সরকারের আমলে সে দেশের রাজনৈতিক নেতৃত্ব ও আমলাদের অবস্থান পর্যালোচনা করে বলতে পারি, তিস্তা নদীর পানিবণ্টনসহ অন্যান্য চুক্তি বা সমঝোতা বাস্তবায়নের বিষয়গুলো সহজে হবে না। এ জন্য সরকারকে ভারতের সঙ্গে যথেষ্ট পরিমাণে দরকষাকষির প্রস্তুতি নিতে হবে।অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক সময়েই তেমন প্রস্তুতি বাংলাদেশের থাকে না। প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়েও এমন প্রশ্ন রয়েছে। এবার দিল্লি সফরের রাজনৈতিক ও কূটনৈতিক প্রস্তুতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভূমিকা ছিল প্রধান। এতে দুই উপদেষ্টা গওহর রিজভী ও মশিউর রহমান বিশেষ ভূমিকা পালন করেছেন। তাঁরা হয়তো দুই দেশের মধ্যে ‘বন্ধুত্ব ও পরিবেশ সৃষ্টি’র ওপর জোর দিয়েছেন বেশি।ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতাগুলো বাস্তবায়নের জন্য সরকার এখনই একটি শক্তিশালী কমিশন বা টাস্কফোর্স গঠন করতে পারে। এতে মন্ত্রী, সাংসদ, আমলা ও বিশেষজ্ঞদের রাখা যেতে পারে। তাঁরা বাংলাদেশের স্বার্থ সমুন্নত রেখে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা বাস্তবায়নে সরকারকে সাহায্য করবেন।দুই মেরুতে দুই রাজনৈতিক শক্তিদিল্লি সফরের পর ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা এই সফরকে শতভাগ সফল বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেছেন, তিনি জয়ী হয়েছেন। এই কথাই তাঁরা বারবার প্রচার করছেন।বিএনপির নেত্রী খালেদা জিয়া বলছেন, প্রধানমন্ত্রী ভারতের কাছে দেশ বিক্রি করে এসেছেন অর্থাত্ সরকার শতভাগ ব্যর্থ। তাঁরা দুই দেশের চুক্তি ও সমঝোতা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। চুক্তিকে (সমঝোতাকে) ‘দাসত্বের ঘোষণা’ বলে অভিহিত করেছেন। বেগম খালেদা জিয়া এসব কিছুর বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এ জন্য জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে আলোচনা ও ঐক্যবদ্ধ আন্দোলনের উদ্যোগ নিচ্ছে বিএনপি। হয়তো কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে আন্দোলন, হরতাল আর অবরোধ।সরকারের আরও দায়িত্ব ছিলআমরা দেখলাম, প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে দুই দেশের পররাষ্ট্রসচিব ও মন্ত্রী পর্যায়ে বৈঠকে হয়েছে, তাঁরা কথা বলেছেন। তাঁরা সংবাদমাধ্যমেও কিছু কথা বলেছেন। আবার কিছু বিভ্রান্তিকর তথ্যও দিয়েছেন। এটা বোঝা যাচ্ছিল যে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবকিছু পরিষ্কারভাবে বলা হচ্ছে না। তাঁরা কিছু বলছেন, কিছু গোপন করছেন। আলোচনা ও সমঝোতার অনেকটাই করা হয়েছে গোপনে। যেমন, ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়টি কোনো সময়ই আভাস-ইঙ্গিতেও বলা হয়নি। ভারত মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে; কিন্তু নেপাল ও ভুটানকে ভারতের স্থলভূমি ব্যবহারের ক্ষেত্রে বাধাগুলো অপসারণ করা হবে কি? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের জন্য ভারতকে সমর্থন দেওয়ার এখনই জরুরি প্রয়োজনীয়তা কেন দেখা দিল? এসবের ভেতর দিয়ে আমরা দেখলাম, সরকার দেশবাসীকে অনেক কিছু না জানিয়ে এই সফরে তা সম্পন্ন করেছে। এসবের পেছনে এ মনোভাবও থাকতে পারে যে, প্রকাশ্যে বেশি কথা হলে বিরোধিতার মুখে পড়ে যাবে সরকার। তার পরও বলতে হবে, এই সফর নিয়ে সরকার দেশবাসীকে অগ্রিম কিছু জানাতে চায়নি। জনমত তৈরির চেষ্টাও করেনি। সরকার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে সংসদে আলোচনা করেনি, বিবৃতি দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটিতে এসব নিয়ে আলোচনা হতে পারত। সেটা হলেও তো সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু আলোচনা হতো। এখনো কি সংসদীয় কমিটির সভায় এ দুই দেশের মধ্যকার চুক্তি ও সমঝোতার বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে না?দিল্লি থেকে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সব বিষয় অন্তর্ভুক্ত ছিল। তাঁরা বলেছেন, ‘নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়েছে। সেই ভিত্তিতেই আমরা অগ্রসর হয়েছি, সেই অধিকার আমাদের রয়েছে। তাই এ নিয়ে কারও সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল না।’আমাদের মনে আছে, বিএনপির নেতৃত্ব বিগত শাসনামলে এই কথাগুলোই বারবার বলতেন, ‘জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা যা ইচ্ছা তা-ই করব।’ আমাদের সব সরকারই এভাবেই ভেবেছে। সেটা হলে তো সংসদ আর সংসদীয় কমিটির কোনো প্রয়োজনই থাকে না। কোনো আলোচনা, কোনো সমঝোতারও প্রয়োজন নেই। এবং এসবের ফলাফল কী হয়, অতীতে তা আমরা দেখেছি।জনমত ও সম্পর্কের স্পর্শকাতরতাআমরা জানি, বিভক্ত সমাজ ও জনমত নিয়ে জাতীয় বড় গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রসর হওয়া ও সমাধান করা খুব কঠিন। আর, এ রকম বিভেদ নিয়ে কোনো দেশ বা সমাজ চলতে পারে না। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং তিন দিকের সীমান্ত ভারতীয় ভূখণ্ড দিয়ে ঘেরা। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা সব সময়ই অত্যন্ত প্রয়োজন। অন্ধ ভারত-বিরোধিতা কোনো দিক থেকেই আমাদের জন্য লাভজনক নয়।বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো দলগুলোর অবস্থান সব সময়ই চরম ভারত-বিরোধিতার। বাংলাদেশের ছোট-বড় যেকোনো দুর্ঘটনা ও ব্যর্থতার জন্য ভারতকেই তারা দায়ী করে থাকে। এমনকি বিগত জোট সরকারের আমলে শেখ হাসিনার ওপর ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্যও তারা ভারতকে দায়ী করেছিল। সে সময় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী ও উগ্র জঙ্গিদেরও সহায়তা দেওয়া হয়েছে। সবকিছুই এখন বের হয়ে আসছে। এভাবেই বিগত চারদলীয় জোট সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। এখনো বিএনপি ও জামায়াত ইসলামী একই নীতিতে অটল রয়েছে।দেশের মধ্যে বাংলাদেশ ও ভারত সম্পর্কে বিভক্ত জনমত বিষয়ে সচেতন থেকেই বাংলাদেশের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে জনমত সৃষ্টির দায়িত্ব সরকার, রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের। তবে সবচেয়ে বড় দায়িত্ব সরকারের। ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বর্তমান সরকারকে বিষয়টি আরও সতর্কতার সঙ্গে বিবেচনায় নিতে হবে। সেটা শুধু বিরোধী দলকে দোষারোপ করে হবে না; দুই দেশের মধ্যকার চুক্তি ও সমঝোতার সম্ভাব্য ফলাফল সম্পর্কে মানুষকে জানাতে হবে। ভারতকে ট্রানজিট বা সমুদ্রবন্দর ব্যবহার করতে দিয়ে আমরা কীভাবে এবং কতটুকু লাভবান হব, তা অঙ্কের হিসাব দিয়ে মানুষকে বোঝাতে হবে। অন্যান্য ক্ষেত্র থেকে কখন কীভাবে কতটুকু সুফল আমরা পাব, সেটাও দেশবাসীকে জানাতে হবে।আমাদের সৃষ্টি করা সমস্যাবাংলাদেশের রাজনীতিতে আমরা নিজেরাই একটি বড় সমস্যা সৃষ্টি করেছি, যার মধ্যে আমরা এখনো রয়েছি। সেটা হলো, ভারতকে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি বৃহত্ ও জটিল বিষয়ে পরিণত করেছি। এবং দেশের যেকোনো কিছুর জন্য ভারতকে দায়ী করা হয় সরাসরি। সেই পাকিস্তান আমলের শুরু থেকে এবং বাংলাদেশের প্রায় পুরো সময়কালেই বিএনপি, জামায়াতসহ নানা গোষ্ঠীর পক্ষ থেকে বাংলাদেশের যেকোনো ক্ষতি বা ঘটনার জন্য ভারতকে দায়ী করা একটি অভ্যাসে পরিণত হয়েছে। এসব কিছুর জন্য দেশের বাইরে থেকেও আনুকূল্য বা সহায়তা দেওয়া হয়।এমনকি বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগও অতীতে অনেক কিছুর জন্য ভারতকে দায়ী করেছে। বিএনপি যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ভারতপ্রীতির’ অভিযোগ আনে, সে রকম আওয়ামী লীগ নেতৃত্ব বিএনপির বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন বহুবার। ২০০১ সালের নির্বাচনে পরাজয়ের পর ২৮ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, শেখ হাসিনা দলীয় এক সভায় বলেছিলেন, ‘দেশের মানুষকে বঞ্চিত করে কোনো বিদেশি প্রভুকে সন্তুষ্ট করার জন্য গ্যাস রপ্তানি করিনি। জানি না, এটাই আমাদের কাল হলো কি না।’ তিনি বলেছিলেন, চারদলীয় জোট ভারতে গ্যাস বিক্রি করবে বলে গোপন চুক্তি করেছে। সিলেটের বিবিয়ানা থেকে পাইপলাইনে রাজশাহী হয়ে গ্যাস যাবে দিল্লি শহরে। সে বক্তৃতায় শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রেরও তীব্র সমালোচনা করেছিলেন। তখন আওয়ামী লীগের মধ্যে এ আলোচনা ছিল যে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র চায়নি বলে তারা নির্বাচনে জেতেনি। নির্বাচনে জয়-পরাজয়ের জন্য বিএনপি ও আওয়ামী লীগ প্রকাশ্য-অপ্রকাশ্যে ভারতকে দায়ী করে থাকে। আবার উভয় দিকের নেতাদের আলোচনা থেকে জানা যায়, তারাই বিভিন্ন সময়ে নানা সুবিধা এবং ভারতের আনুকূল্য পাওয়ার চেষ্টা করেছে। আমাদের রাজনীতিবিদেরা ভেতরে-বাইরে দুই রকম অবস্থান নিয়ে চলছেন। এতে দেশের কোনো মঙ্গল হয় না।মনের বাঘ তাড়াতে হবেঐতিহাসিক ও ভৌগোলিক বাস্তবতায় ভারত আমাদের নিকটতম, বড় প্রতিবেশী এবং বর্তমান বিশ্বে অগ্রসরমাণ অর্থনীতি—এই বাস্তবতাটুকু মেনে নিতে হবে। বাদ দিতে হবে সবকিছুর মধ্যে ‘ভারত’কে খোঁজার প্রবণতা। এ প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য আমরা স্মরণ করতে পারি। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে ডেইলি স্টার-এর প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতায় তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের ভবিষ্যত্ নির্ভর করছে আমাদের উদারভাবে উন্মুক্ত দেশ হওয়ার ওপর। দরজা খুলে দিতে হবে, উদাত্ত আহ্বানের হাত বাড়িয়ে দিতে হবে। “ভারতীয় নেকড়ের” ভয়ের মধ্যে বাস করলে আমাদের চলবে না। আমাদের মনের গভীর থেকে ভারতীয় নেকড়েকে তাড়াতে হবে।’ সবশেষে আমরা বলতে পারি, নিজেদের লাভ-অলাভ, ভালো-মন্দ, প্রয়োজন-অপ্রয়োজনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে হবে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক।মতিউর রহমান: সম্পাদক, প্রথম আলো।