মনোনয়নপত্রের বৈধতা চেয়ে দুই প্রার্থীর আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া দুই স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন আহমদ ও তপন চক্রবর্তী তাঁদের মনোনয়নের বৈধতা চেয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল করেছেন। আজ বুধবার আপিলের এ আবেদন করেন তাঁরা। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জালাল উদ্দিন আহমদের ও দুপুর ১২টায় তপন চক্রবর্তীর আপিল শুনানি অনুষ্ঠিত হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এক শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত তালিকায় অমিলের অভিযোগে মনোনয়ন দাখিল করা ছয় প্রার্থীর মধ্যে চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন আহমদ এবং চট্টগ্রাম মহানগর জাপার (এরশাদ) সদস্যসচিব তপন চক্রবর্তী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেন। কিন্তু রায় তাঁদের পক্ষে না যাওয়ায় আজ নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল করা হয়েছে। এ ব্যাপারে জালাল উদ্দিন আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। রিটার্নিং অফিসারের কাছে এর প্রতিকার চেয়েও পাইনি। তাই নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল করলাম।’ আপিলে হারলে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেন তিনি। এ ছাড়া তপন চক্রবর্তী বলেন, ‘আমি মনোনয়নপত্রের বৈধতা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি।’গত ৪ নভেম্বর এ আসনের সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু মারা গেলে নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ২৩ ডিসেম্বর ওই চার প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তফসিল অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।