মনোনয়ন জমা দিলেন পাঁচ নারী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সংরক্ষিত পাঁচটি নারী আসনের নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার প্রার্থীরা নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদের কাছে মনোনয়নপত্র জমা দেন।জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনী আইন অনুযায়ী পাঁচটি আসনই পাচ্ছে আওয়ামী লীগ। প্রার্থী পাঁচজন হলেন সাংবাদিক এ এন মাহফুজা খাতুন (বেবী মওদুদ), আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম শাখার নেত্রী হাসিনা মান্নান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ফজিলাতুন্নেসা বাপ্পী। এ সময় প্রার্থীদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আসন ও প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ভোটাভুটির প্রয়োজন হবে না।