চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আগামী ১৭ জানুয়ারি উপনির্বাচনের ভোট নেওয়া হবে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গণফোরামের প্রার্থী উজ্জ্বল ভৌমিক প্রার্থিতা প্রত্যাহার না করায় আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, ২৩ ডিসেম্বর উপনির্বাচনের জন্য দাখিলকৃত ছয়জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র চারজনের মনোনয়নপত্র বাতিল হয়। শুধু আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ আসনের প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইদুজ্জামান চৌধুরী জাবেদ ও গণফোরামের প্রার্থী উজ্জ্বল ভৌমিকের প্রার্থিতা বহাল থাকে। স্থানীয় লোকজনের অনেকে ধারণা করেছিলেন, এ দুজনের একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে আর ভোট নেওয়া হবে না। কিন্তু আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থীই তাঁদের মনোনয়ন বহাল রাখায় আগামী ১৭ জানুয়ারি এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহমদ খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘শেষ দিনে দুই প্রার্থীর কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় আগামী ১৭ জানুয়ারি ভোট গ্রহণ হবে। এ লক্ষ্যে আমরা কাজ করছি।’গত ৪ নভেম্বর আখতারুজ্জামান চৌধুরী বাবু মারা গেলে নির্বাচন কমিশন ৯ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। এ তফসিল মতে, গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয় এবং আজ ৩১ ডিসেম্বর ছিল প্রত্যাহারের শেষ দিন। ভোট নেওয়ার দিন আগামী ১৭ জানুয়ারি। চট্টগ্রাম-১২ আসনে মোট ভোটারসংখ্যা ২ লাখ ৫০ হাজার ৭৭১ এবং ভোটকেন্দ্রের সংখ্যা ৯০।