চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থীর মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ করেছেন ওই দুই প্রার্থীর সমর্থকেরা। একই সঙ্গে তাঁরা গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করেন। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অবরোধ চলে।এদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিছিলের লোকজনের ওপর লাঠিপেটা করে। এতে অর্ধ শতাধিক লোক আহত হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত ব্যক্তিরা হলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক শামসুদ্দোহা শিকদার (৪২), আজাদ শিকদার (৩৫) ও সৌমেন (১৬)।মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী দুজন হলেন কামরুল ইসলাম ও শাহজাহান শিকদার।জানা যায়, বিভিন্ন অভিযোগে উপজেলা ও জেলা রিটানিং কর্মকর্তারা ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন। পরে তাঁরা এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে আদালত তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরে রাঙ্গুনিয়ার অন্য মেয়র পদপ্রার্থী স্থানীয় আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করেন। পরে আজ সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই রায়কে স্থগিত ঘোষণা করেন। আর এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে কামরুল ইসলাম ও শাহজাহান শিকদারের সমর্থকেরা লাঠি মিছিল করে বিক্ষোভ শুরু করেন এবং মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন একটি বাসের কাচ ও সিএনজিচালিত দুটি অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় মিছিলটি পৌর সদর ইসাখালি পৌঁছালে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। পুলিশের সঙ্গে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার পর কর্মী-সমর্থেরা পালিয়ে গেলে বিকেল পাঁচটায় যান চলাচল স্বাভাবিক হয়।কামরুল ইসলাম ও শাহজাহান শিকদার অভিযোগ করে বলেন, ‘ক্ষামতাসীন ব্যক্তির ষড়যন্ত্রের প্রভাবে আমাদের মনোনয়ন নিয়ে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে স্থগিত করানো হয়েছে।’অন্যদিকে খলিলুর রহমান বলেন, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আদালত আইনগতভাবেই তাঁদের মনোনয়ন স্থগিত করেছেন। এখানে কারও কোনো প্রভাব নেই।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়। যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ তত্পর ছিল। যানবাহন ভাঙচুরের চেষ্টা করা হলে বিক্ষোভকারীদের তাড়ানো হয়।উল্লেখ্য, কামরুল ইসলামের বিএ (পাস) পরীক্ষার নম্বরপত্রে নম্বরের গরমিল এবং শাহজাহান শিকদারের পৌরসভার উন্নয়নকাজের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় রিটার্নিং কর্মকর্তারা তাঁদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন।