মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষণা অনুযায়ী, ২৪ মে বৃহস্পতিবার ভোট গ্রহণ। ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০২ সালের ২৫ এপ্রিল।তবে নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, আইন প্রয়োগকারী বাহিনী মোতায়েন, প্রচারণা, আচরণবিধি এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে সিইসি সুস্পষ্ট কিছু জানাননি। অতীতে তফসিল ঘোষণার সময় এ-সংক্রান্ত পরিকল্পনা ও নির্দেশনা প্রকাশ করা হতো। এবার আচরণবিধি মানা না হলেও ইসি কিছু বলছে না।গতকাল সোমবার বেলা পৌনে তিনটায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ মে।তফসিল ঘোষণার সময় সিইসি বলেন, এ নির্বাচন অরাজনৈতিক হলেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। দলগুলোকে আইন মেনে কাজ করতে হবে। একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থা এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রার্থীদেরও নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।নির্বাচনে ইভিএম ব্যবহূত হবে কি না, জানতে চাইলে কাজী রকিব বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহারের পরিকল্পনা আছে। সেনা মোতায়েন ও বহিরাগতদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হবে কি না—এ বিষয়ে তিনি বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বহিরাগতদের ব্যাপারে আলোচনা চলছে। ইসি থেকে জানানো হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে মোট ভোটার ২১ লাখ ৭২ হাজার ৪২৭ জন। নারী ভোটার ১০ লাখ ২৭ হাজার ৮২৩ এবং পুরুষ ১১ লাখ ৪৪ হাজার ৬০৪। দক্ষিণ সিটির ৫৬টি ওয়ার্ডে মোট ভোটার ১৬ লাখ ৮০ হাজার ৪৯৯ জন। নারী সাত লাখ ৬৩ হাজার ৬২১ এবং পুরুষ নয় লাখ ১৬ হাজার ৮৭৮।নিয়মকানুন: আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের তারিখের ২১ দিন আগে বা তফসিল ঘোষণার পর থেকে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। নির্বাচনী পোস্টার হবে সাদা-কালো রঙের এবং আয়তন ২৩ ইঞ্চি বাই ১৮ ইঞ্চির বেশি হবে না। পোস্টারে প্রার্থীর নিজের ছবি এবং প্রতীক ছাড়া কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো প্রতীক বা রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি ছাপানো যাবে না। দেয়াল বা স্থাপনায় পোস্টার সাঁটানো যাবে না। তবে পোস্টার ঝোলানো যাবে। দেয়াল লিখনও নিষিদ্ধ। কোনো তোরণ বা প্যান্ডেলও তৈরি করা যাবে না। কিন্তু এখন এই আচরণবিধি মানা হচ্ছে না।১০ থেকে ২০ লাখ ভোটার এলাকার মেয়র পদপ্রার্থীরা নির্বাচনী ব্যয় হিসেবে সর্বোচ্চ ৩০ লাখ টাকা এবং ২০ লাখের বেশি ভোটার এলাকার জন্য ৫০ লাখ টাকা খরচ করতে পারবেন।