মনোনয়নপত্র জমা না দিয়েও তিনি মহাজোটের প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসাদুজ্জামান চৌধুরী পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র কেনেননি, তাঁর পক্ষে কেউ মনোনয়নপত্র জমাও দেননি। এমনকি তিনি পৌর এলাকার ভোটারও নন। আর জীবনে কখনো জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। অথচ রংপুরের বদরগঞ্জ পৌরসভার নির্বাচনে আসাদুজ্জামানকে ‘মহাজোটের মেয়র প্রার্থী’ হিসেবে ঘোষণা দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি। এ ঘটনায় উপজেলা জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।জানা গেছে, পৌর নির্বাচনে মেয়র পদে মহাজোটগতভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে গত সোমবার মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়। জাতীয় পার্টির দাবি, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯টি পৌরসভায় মহাজোটগতভাবে প্রার্থী দিতে পারবে তারা। ওই ১৯ পৌরসভার মধ্যে রংপুরের বদরগঞ্জ পৌরসভাও রয়েছে।ওই বৈঠক শেষে গত সোমবারই জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ১৯টি পৌরসভায় জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার ওই তালিকা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। তালিকায় আসাদুজ্জামান চৌধুরীর নাম রয়েছে।জানা গেছে, আসাদুজ্জামান চৌধুরী বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আসাদুজ্জামান চৌধুরীর নামে কেউ মনোনয়নপত্র কেনেননি। মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগও আর নেই। গত সোমবার এই পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।জাতীয় পার্টির তালিকায় মহাজোটের প্রার্থী হিসেবে নিজের নাম দেখে আসাদুজ্জামান চৌধুরী নিজেই অবাক হয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি কখনো জাতীয় পার্টি করিনি। মেয়র পদে কোনো মনোনয়নপত্র নিইনি। তাছাড়া আমি পৌরসভার ভোটারও নই। আমার নাম তালিকায় ঢোকানো জাতীয় পার্টির নেতাদের পাগলামি ছাড়া কিছু নয়।’এ বিষয়ে জানতে চাইলে জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা মোকাম্মেল হক চৌধুরী বলেন, ‘জাতীয় পার্টি থেকে নির্বাচিত রংপুরের একজন সাংসদ দলকে ধ্বংস করে দিচ্ছেন। জাতীয় পার্টিকে হাস্যকর দলে পরিণত করতে তিনিই আসাদুজ্জামান চৌধুরীর নাম কেন্দ্রে পাঠাতে পারেন।’উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন সর্দার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসাদুজ্জামান চৌধুরী জাতীয় পার্টির কেউ নন। কেন্দ্র তাঁর নাম কোথায়-কীভাবে পেল, সেটা তারাই জানে।’তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক চৌধুরী জানান, এই পৌরসভা থেকে মহাজোটের মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত উত্তম কুমার সাহা। তিনি বর্তমান মেয়র। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা আসাদুজ্জামান চৌধুরীর নাম কোথায় পেয়েছেন সেটা তাঁরাই জানেন।এ ব্যাপারে রুহুল আমিন হাওলাদার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আসাদুজ্জামান চৌধুরীর নাম ভুল হয়েছে। শিগগিরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে বদরগঞ্জে আমরা আরেকজন প্রার্থীর নাম ঘোষণা করব।’