মনোনয়নপত্র দাখিল করলেন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলম গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, বেলা তিনটা ২৫ মিনিটে বিএনপি ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতাদের নিয়ে মঞ্জুর আলম নগরের জামালখানে নির্বাচন কমিশন কার্যালয়ে যান। সেখানে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলসহ আনুষঙ্গিক কাজ সারতে তাঁর ২৫ মিনিট লাগে। পরে দলীয় নেতা-কর্মী ও পেশাজীবী নেতাদের নিয়ে তিনি নির্বাচন কমিশন কার্যালয় ত্যাগ করেন।মনোনয়নপত্র দাখিলের সময় মঞ্জুরের সঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও নবম জাতীয় সংসদ নির্বাচনে কোতোয়ালি আসনে চারদলীয় জোটের প্রার্থী সামসুল আলম, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম চৌধুরী, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুব উল্লাহ ছিলেন। জানা যায়, শাহাদাৎ হোসেনও মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে গতকাল শেষ দিনেও তিনি তা দাখিল করেননি। বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুরের সঙ্গে বা তাঁর আগে-পরে নির্বাচন কমিশন কার্যালয়ে দলের দুই কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী এবং নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরীকে দেখা যায়নি। দলীয় সূত্র জানায়, মঞ্জুরকে বিএনপির সমর্থন দেওয়ার বিষয়টি প্রকাশের পর গত মঙ্গলবার মনোনয়নপ্রত্যাশী দুই নেতা শাহাদাৎ ও দস্তগীর চৌধুরী সমর্থকদের নিয়ে বিক্ষোভ করেছিলেন। তবে গত দুই দিন তাঁরা চুপচাপ আছেন। সূত্র জানায়, মঞ্জুর আলম বেলা পৌনে একটায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসভবনে যান। খসরুসহ দলীয় নেতা-কর্মীরা তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। খসরুর সঙ্গে এর আগে দেখা করেন শাহাদাৎ হোসেন। দুপুরের দিকে মঞ্জুর প্রবর্তক মোড়ে শাহাদাতের চেম্বারে যান। সেখান থেকে তাঁরা আবার খসরুর বাসায় যান। পরে তাঁরা মনোনয়নপত্র দাখিলের জন্য একসঙ্গে নির্বাচন কমিশন কার্যালয়ে যান।দলীয় সূত্র জানায়, শাহাদাৎ মনোনয়ন না পেয়ে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে খসরুকে দোষারোপ করেছিলেন। খসরু বুধবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরেন। পরে ফোনে তাঁদের মধ্যে সিটি নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে কথা হয়। আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘শাহাদাৎ দুই দফায় আমার বাসায় এসেছেন। আমরা ঐক্যবদ্ধ। সম্মিলিতভাবে কাজ করতে পারলে আমাদের প্রার্থী অবশ্যই জিতবে।’চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন মঙ্গলবার মঞ্জুরকে মেয়র পদে প্রার্থী ঘোষণা করে। সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে পরামর্শ করে মঞ্জুরকে মেয়র পদে চূড়ান্ত মনোনয়ন দেন। মঞ্জুর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ছিলেন।