মনোনয়নপত্র নিলেন মঞ্জুর, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম আজ বুধবার বিকেলে রির্টানিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক আবুল কাশেম। মঞ্জুর আলম এই সংগঠনটির ব্যানারে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, মনোনয়নপত্র নেওয়ার আগে আজ সকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মঞ্জুর আলমকে সতর্ক করে চিঠি দেয় নির্বাচন কমিশন।গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঞ্জুরকে প্রার্থী ঘোষণার পর সমর্থকদের নিয়ে মিছিল করায় এই সতর্কতা চিঠি দেওয়া হয়। চিঠিতে সই করেন রিটানিং কর্মকর্তা জেসমিন টুলী। নির্বাচনে প্রার্থী ঘোষণার পর মিছিল করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে কমিশন সূত্রে জানা গেছে।এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘নির্বাচনের ২১ দিন আগে থেকে প্রচারণা শুরু হবে। তবে প্রচারণায় কোনো শোভাযাত্রা করা যাবে না। আমরা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় দেখেছি, মঞ্জুর সাহেব মিছিল করেছেন। এর ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা তাঁকে সতর্ক করেছেন।’সকালে রিটার্নিং কর্মকর্তার সতর্কতার চিঠি পাওয়ার পর বিকেলে মঞ্জুর আলম নগরের রহমতগঞ্জের নির্বাচনী কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তিনি বলেন, ‘বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। সিনিয়র নেতারা চট্টগ্রাম এলে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এ ছাড়া চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে প্রার্থী হওয়ার বিভিন্ন দল আমাকে সমর্থন দিচ্ছে।’প্রসঙ্গত, কাল মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের শেষ দিন।