আচরণবিধি না মানায় ইসির হুঁশিয়ারি
মনোনয়নপত্র নিলেন মান্না, শিরীন, আওলাদ, পিন্টুসহ ১৪ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য গতকাল বৃহস্পতিবার মাহমুদুর রহমান মান্না, শিরীন আখতারসহ ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দক্ষিণে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মহানগর নেতা আওলাদ হোসেন, বিএনপির নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু ও বাম গণতান্ত্রিক মোর্চার ম. ইনামুল হকসহ আটজন।এদিকে দুই সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা প্রচারণাসংক্রান্ত আচরণবিধি মানছেন না। অবৈধভাবে প্রচারণা চালানো প্রার্থীদের বিরুদ্ধে মনোনয়নপত্র বাছাইয়ের সময় আইনি ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিধি অনুযায়ী এ ধরনের অপরাধের ক্ষেত্রে ইসি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করতে পারে। সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ: গতকাল আগারগাঁওয়ের জেলা নির্বাচন অফিসে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না, জাসদের কেন্দ্রীয় নেতা শিরীন আখতার, আওয়ামী লীগের এখলাসউদ্দিন মোল্লা, বিএনপির নেতা এম এ কাইয়ুম, আবদুল্লাহ আল রুমি ও মোহাম্মদ শামসাদ। ঢাকা দক্ষিণ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের নেতা আওলাদ হোসেন এবং বিএনপির নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর পক্ষে এনামুল হক, বাম গণতান্ত্রিক মোর্চা সমর্থিত প্রার্থী পানি বিশেষজ্ঞ ম. ইনামুল হক, আ ব ম মোস্তফা আমীন, আহমদ নাসির, আখতারুজ্জামান, এ এস এম আকরাম ও জাকির উদ্দিন আহমদ। আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি লোক থাকতে পারবেন না। কিন্তু শিরীন আখতার ও এখলাস উদ্দিন মোল্লার সঙ্গে এর চেয়ে বেশি লোক দেখা গেছে। মনোনয়নপত্র সংগ্রহের পর মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি ঘর ভাঙিনি। ঘরেই আছি। দলের নেতারা নিশ্চয় বিষয়টি বুঝবেন।...দল না চাইলে নাগরিকদের পক্ষ থেকে নির্বাচন করব। আমি মনে করি, পানি, বিদ্যুৎ, যানজটসহ সব সমস্যার সমাধান করে ঢাকাকে বাসযোগ্য একটি নগর হিসেব গড়ে তোলা যাবে। আমি জনগণকে বলব, আমাকে একবার সুযোগ দেওয়ার জন্য।’শিরীন আখতার বলেন, আমি কোনো দলের নই। সকলের ছাতার নিচে আছি।...ঢাকাকে বসবাসের উপযোগী করে তুলতে আমি সবার সঙ্গে কাজ করতে চাই। যাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন, যাঁরা প্রগতিশীল চিন্তা করেন—আমি তাঁদের সবার সমর্থন চাই।রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জানানো হয়, দুই দিনে ঢাকা দক্ষিণ থেকে সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ ও সাধারণ কাউন্সিলর পদে ২৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উত্তর থেকে সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৫ এবং সাধারণ পদে ৪১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে গত বুধবার ঢাকা দক্ষিণ থেকে সাঈদ খোকন এবং ঢাকা উত্তর থেকে সাবেক সাংসদ এস এ খালেক ও চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিধি লঙ্ঘনে হুঁশিয়ারি: এদিকে বিধিবহির্ভূত প্রচারণা থেকে বিরত রাখার জন্য ইসি প্রার্থীদের সতর্ক করে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসি কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার সিটি করপোরেশনের বিভিন্ন স্থানে সফর করে দেখেছেন, সম্ভাব্য প্রার্থীরা প্রচারণার সামগ্রী অপসারণ করেননি।ইসি সূত্র জানায়, অবৈধ প্রচারণামূলক উপকরণ অপসারণের নির্দেশ বাস্তবায়নের বিষয়টি সরেজমিন খতিয়ে দেখতে গতকাল পুলিশের সহযোগিতায় ইসির যুগ্ম সচিব জেসমিন টুলী, দুই রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ ও খোন্দকার মিজানুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। তাঁরা নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে ফোনে ইসিকে জানিয়েছেন, প্রার্থীরা নির্দেশমতো প্রচারণামূলক উপকরণ অপসারণ করেননি। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ জানান, রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এ তথ্য পেয়ে ইসি সম্ভাব্য প্রার্থীদের সতর্ক করে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থীদের এই বলে সতর্ক করা হবে, অবৈধ প্রচারণামূলক উপকরণ পাওয়া গেলে তা মনোনয়নপত্র বাছাইয়ের সময় ‘নেতিবাচক বিষয়’ হিসেবে বিবেচনা করা হবে। সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে গতকাল সন্ধ্যায় ইসি সচিবালয় থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অননুমোদিত প্রচারণামূলক উপকরণের ছবি তুলে রাখতে হবে। অবৈধভাবে প্রচারণা চালানো প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র বাছাইয়ের সময় আইনি ব্যবস্থা নিতে হবে। গতকালের অভিযান শেষে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ এবং মিজানুর রহমান প্রথম আলোকে জানান,গতকাল তাঁরা পুলিশের সহায়তায় পোস্টার ও বিলবোর্ড অপসারণ করেছেন। তবে কিছু বিলবোর্ড বেশ ওপরে থাকায় তা অপসারণ করা সম্ভব হয়নি। আজ সিটি করপোরেশনের কাছ থেকে গাড়ি সহায়তা নিয়ে সেগুলো সরানো হবে। ১০ এপ্রিল ইসি এক আদেশে উল্লেখ করে, নির্বাচনী আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে ২ মে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। তবে কিছুটা ছাড় দিয়ে ইসি বর্তমানে বিদ্যমান প্রচারণামূলক উপকরণ ১১ এপ্রিল দিবাগত রাত ১২টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ বা মুছে ফেলার নির্দেশ দেয়।