কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বুধবার। নির্বাচনে মেয়র পদে নয়জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, কাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়ার পরই শুরু হবে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে চিরুনি অভিযান। তাঁরা দুজন থাকছেন: নির্বাচনে মেয়র পদপ্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নূর-উর রহমান মাহমুদ ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন। প্রসঙ্গত, এ নির্বাচনে মেয়র পদে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান দলের সমর্থন পেয়েছেন। তাই নূর-উর রহমান ও আনিসুর রহমানকে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে দেখছেন কেউ কেউ। আনিসুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লার মানুষ কাকে ভোট দেবেন, সে সিদ্ধান্ত এখনো নেননি। আওয়ামী লীগের বৃহত্তর স্বার্থেই আমাকে নির্বাচনে থাকতে হচ্ছে।’অপরদিকে নূর-উর রহমান বলেন, ‘মেয়র নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়। দলের প্রতি ভালোবাসা থেকেই আমি প্রার্থী হয়েছি। ভালোবাসার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নয়। নির্বাচন আমি করবই।’এ ব্যাপারে আফজল খান এর আগে তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ওরা পোলাপাইন মানুষ, নিশ্চয়ই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবে। সে জন্য আমাদের ১৪ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।’রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় সভা: রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গতকাল বিকেলে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এতে তিনি বলেন, ১৫ ডিসেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু হবে। নির্বাচনের সাত দিন অর্থাৎ ২৮ ডিসেম্বরের আগে বৈধ অস্ত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ থানায় জমা দিতে হবে। আগামী ৫ জানুয়ারি ভোটের দিন ৬৫টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা অথবা ওয়েব ক্যামেরা বসানো হবে। এর মাধ্যমে ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে। রিটার্নিং কর্মকর্তা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনের আচরণবিধি লক্ষ করার জন্য ১৫ ডিসেম্বর থেকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নয়জন নির্বাহী হাকিম, নয়জন বিচারিক হাকিম দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, ইভিএম একটি নতুন পদ্ধতি। এই নির্বাচনে সব ওয়ার্ডেই (মোট ২৭টি ওয়ার্ড) ইভিএম ব্যবহার করা হবে। এ জন্য ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের দিনব্যাপী ইভিএমের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।