মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মঞ্জুর
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি সমর্থিত ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলম গতকাল বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নবগঠিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক আবুল কাশেম। মহানগর বিএনপির কোনো নেতা মঞ্জুরের সঙ্গে ছিলেন না। মঞ্জুরকে গতকাল বিএনপির আনুষ্ঠানিক সমর্থন জানানোর কথা থাকলেও তা হয়নি। বিএনপির সূত্র জানায়, ঢাকায় দলীয় মহাসমাবেশের কারণে অনেক নেতা চট্টগ্রামে না থাকায় তা হয়নি। আজ বৃহস্পতিবার এ সমর্থন জানানো হতে পারে।বিকেলে মঞ্জুর নগরের রহমতগঞ্জে নির্বাচনী কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন। মনোনয়নপত্র নেওয়ার পর তিনি বলেন, ‘বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। জ্যেষ্ঠ নেতারা চট্টগ্রামে এলে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে প্রার্থী হওয়ায় বিভিন্ন দল আমাকে সমর্থন দিচ্ছে।’ দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার মঞ্জুরকে মনোনয়ন দেওয়ার বিষয়টি প্রকাশের পর দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে যে ধরনের ক্ষোভ-বিক্ষোভ ছিল, গতকাল তেমন দেখা যায়নি। গতকাল তাঁর বিপক্ষে কোনো সভা, সমাবেশ, মিছিল হয়নি। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে মঞ্জুরবিরোধী নেতা-কর্মীরা কিছুটা পিছিয়ে এসেছেন। দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, মঞ্জুর পক্ষে কাজ করতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পেশাজীবী নেতা ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুব উল্লাহকে অনুরোধ করেছেন। গত মঙ্গলবার রাতে তাঁদের দুজনের মধ্যে চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে ফোনে কথা হয়। এ ছাড়া চট্টগ্রামের প্রভাবশালী দুই নেতা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে মঞ্জুরের পক্ষে কাজ করার জন্য খালেদা জিয়া বলেছেন বলে জানা গেছে।খালেদা জিয়ার সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করে মাহবুব উল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘চেয়ারপারসন মঞ্জুরের পক্ষে জোরালোভাবে কাজ করতে অনুরোধ করেছেন। আমরা তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে পেশাজীবী নেতাদের নিয়ে কাজ শুরু করেছি।’ প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তাঁর সমর্থকদের চেষ্টা-তদবিরে মঞ্জুর বিএনপির সমর্থন চূড়ান্ত করেন। মঞ্জুরের মনোনয়নের বিরোধিতা করেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সমর্থক নেতা-কর্মীরা। মঞ্জুরকে সতর্ক করে নির্বাচন কমিশনের চিঠি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) সকালে মঞ্জুরকে সতর্ক করে চিঠি দিয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মঞ্জুরকে প্রার্থী ঘোষণার পর তিনি কর্মী-সমর্থকদের নিয়ে জামালখান এলাকায় মিছিল করেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, এটি আচরণবিধির পরিপন্থী। এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের ২১ দিন আগে থেকে প্রচারণা শুরু হবে। প্রচারণায় কোনো শোভাযাত্রা করা যাবে না। আমরা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় দেখেছি মঞ্জুর সাহেব মিছিল করেছেন। এর ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা তাঁকে সতর্ক করে চিঠি দিয়েছেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মঞ্জুর এখনো প্রার্থী না হলেও তাঁর ওই মিছিল মেয়র নির্বাচনকে সামনে রেখে হয়েছে। তাই এই মিছিল আচরণবিধি লঙ্ঘনের শামিল।’