জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ এলাকায় সরব হয়ে উঠেছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুশল বিনিময় করছেন তাঁরা। রমজানে ইফতার অনুষ্ঠানের আয়োজন কিংবা দানখয়রাতের মাধ্যমে নির্বাচনে প্রার্থী হওয়ার আগাম বার্তা দিচ্ছেন। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা জানান, ঈদ সামনে রেখে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা জনগণের কাছাকাছি পৌঁছাতে চান। দলের তৃণমূল নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে আছেন। এসব অনুষ্ঠানে আগাম প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মীদের মাঠে নামারও পরামর্শ দিচ্ছেন। তবে এত কিছুর পরও নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন বিরোধী দল ও জোটের সম্ভাব্য প্রার্থীরা। নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হবে না এবং এই নির্বাচন কমিশন ব্যর্থ—এমন প্রচারণাও চালাচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনে অংশ নেওয়ার পাশপাশি আন্দোলন-সংগ্রামের প্রস্তুতিও রয়েছে তাঁদের। চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি দল, নির্বাচনের প্রস্তুতি দলটির সব সময় থাকে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচন নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে, তার সমাধান হতেই হবে। নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না।’ চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দলীয় নেতাদের ছবিসংবলিত পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুনে ছেয়ে গেছে বিভিন্ন এলাকা। তৃণমূল পর্যায়ের নেতা ও কর্মীর নামে এসব পোস্টার সাঁটানো হয়েছে। বিভিন্ন প্রচারপত্রের মাধ্যমে নিজেদের ইতিবাচক দিকও তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের এসব তৎপরতা প্রসঙ্গে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যে কেউ দোয়া চেয়ে পোস্টার সাঁটাতে বা ব্যানার টানাতে পারেন। এখনো নির্বাচনী তফসিল ঘোষণা হয়নি, তাই এসব কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না।চট্টগ্রাম নগর ও জেলায় ১৬টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে প্রধান দুটি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিবাদ মেটানো এবং যোগ্য প্রার্থী মনোনয়নের ওপর নির্ভর করছে জয়-পরাজয়। সব কটি আসনেই উভয় দলের ভেতরে দ্বন্দ্ব আছে, যার নেতিবাচক প্রভাব ভোটের ফলাফলের ওপর পড়তে পারে বলে মনে করা হচ্ছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলা চলছে। গত নির্বাচনে তিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে সাংসদ হন। আগামী নির্বাচনে তাঁর অংশগ্রহণের সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ও ফটিকছড়িতে মনোনয়ন নিয়ে বিএনপির একঝাঁক নেতার দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। তবে তিনটি আসনেই সাকা চৌধুরীর পরিবারের সদস্যরা প্রার্থী হতে আগ্রহী। তাঁরা বিএনপির অন্য কাউকে জায়গা দিতে রাজি নন। যদিও ফটিকছড়িতে সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী ও মির্জা আকবর বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় এলাকায় উপস্থিতি বাড়িয়ে দিয়েছেন। সাকা চৌধুরীর ছোট ভাই ও উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের (গিকা) চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আমি সব সময় প্রার্থী হয়ে আসছি। আর ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ার আসনে আমাদের পরিবার থেকেই প্রার্থী দেওয়া হবে।’ সাকা চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের (হুকা) চৌধুরীও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। সাকার অনুপস্থিতিতে তাঁকে উত্তরসূরি ভাবা হচ্ছে। তিনি নগরে হেফাজতে ইসলামের একটি ইফতার মাহফিলে অংশ নেন। সেখানে হেফাজতের মহাসচিব জুনাইদ বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করেন। এবার চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মনোনয়ন নিয়ে জটিলতা দেখা দিতে পারে। কারণ, বিএনপির নেতৃত্বধীন ১৮-দলীয় জোট ও আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের অর্ধ ডজনের মতো নেতা নিয়মিত এলাকার সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছেন। গত নির্বাচনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ জয়ী হন ওই আসনে। তিনিও নিয়মিত এলাকায় যাচ্ছেন। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রার্থী হওয়ার আগাম বার্তা দিয়েছেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি আছে। প্রার্থী হওয়ার আশায় রমজানে আমি হাটহাজারীর ডজন খানেক ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি।’হাটহাজারীর বিভিন্ন এলাকায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এস এম ফজলুল হক, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন এলাকায় যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। এই আসনে উত্তর জেলা বিএনপির সহসভাপতি কামালউদ্দিন এলাকায় দানখয়রাত করে দোয়া চাইছেন। বিভিন্ন ইফতার অনুষ্ঠানে তাঁর সরব উপস্থিতি রয়েছে। চট্টগ্রাম মহানগর এলাকায় আসনের সংখ্যা চারটি। আওয়ামী লীগ ও বিএনপির বর্তমান সাংসদ ও গতবারের পরাজিত প্রার্থীরা প্রায় প্রতিদিন ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বিএনপির পরাজিত প্রার্থী শিল্পপতি শামসুল আলম দানখয়রাত করছেন দুই হাতে। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনও গণসংযোগ বাড়িয়ে দিয়েছেন। শাহাদাৎ হোসেন বলেন, ‘রাজনীতি করি জনগণের জন্য। আর নির্বাচনে এমপি হতে পারলেই তো জনগণের জন্য সংসদে কথা বলার সুযোগ পাব।’ দক্ষিণ চট্টগ্রামে দুই জোটের প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। বর্তমান সাংসদের পাশাপাশি গত নির্বাচনের পরাজিত প্রার্থীরাও এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি হচ্ছেন। চন্দনাইশে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার আফসার উদ্দিনের পরিবর্তে তাঁর শ্যালক জাহাঙ্গীর আলমকে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে দেখা যাচ্ছে বেশি।