১২ জুনের আইন অধিকার পাতার ‘সামান্য একটি চাকরির জন্য...’ লেখাটি পড়েই আমার এ লেখার অবতারণা। এটি আমার নিজের গল্প। আমি বিশ্বাস করি, দৃঢ় মনোবল আর আত্মবিশ্বাস থাকলে সব বাধাই অতিক্রম করা সম্ভব। শুনুন তাহলে গল্পটা: একটি শিশু বেড়ে উঠছিল মা-বাবার হাত ধরে। প্রকৃতি যেন তার কাছে বিশাল রহস্যময় একটি জগৎ। সহপাঠীদের সঙ্গে স্কুলে যাওয়া, সারা দিন খেলা এবং সন্ধ্যা হলে বই নিয়ে বসা—এই ছিল তার প্রতিটি দিন। কিন্তু প্রকৃতি বড় নিষ্ঠুর! হঠাৎ ছেলেটি অসুস্থ হয়ে পড়ল। গলার বাঁ পাশ ফুলে গেল, খাওয়ায় অরুচি হতে শুরু করল। মা-বাবা ভেবেছিলেন, সাধারণ একটি সমস্যা। কিন্তু বিধি বাম! চিকিৎসক দেখে বললেন, এটা একটা ছোঁয়াচে এবং ভাইরাসজনিত রোগ। এর নাম ‘মামস’। কিন্তু সেই ছেলেটি আর ভালো হলো না।শুরু হলো অন্য রকম এক যুদ্ধ। দিনটি ১৯৯৫ সালের ১২ জানুয়ারি। সমস্যা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হলো। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল। কিন্তু হারিয়ে ফেলল অতি মূল্যবান একটি অঙ্গ; একটি শ্রবণ অঙ্গ, কান। তার বাঁ কানটি পুরোপুরি শ্রবণশক্তিহীন হয়ে গেল। বাঁ পাশের পৃথিবীটা তার কাছে অন্ধকার হয়ে গেল। বাড়ি ফিরে চরম হতাশার মধ্যে ডুবে রইল সেই ছোট্ট ছেলেটি। দিন যায়। কিন্তু যে অবস্থায় ছিল, সেই অবস্থাই রয়ে গেল। কয়েকবার চিকিৎসককে দেখানো হলো। চিকিৎসক বললেন, বিদেশে নিয়ে গেলে ভালো চিকিৎসা করানো সম্ভব হতে পারে। কিন্তু অর্থনৈতিক বিষয়টি ভেবে তা আর সম্ভব হলো না। কানে যন্ত্র লাগানোর পরামর্শ দিলেন চিকিৎসক। কিন্তু ছেলেটি তা না করে এক পাশের আলো নিয়ে অন্য পাশের অন্ধকারকে জয়ের স্বপ্ন দেখল। কারণ সমাজ অনেক কঠিন জায়গা। সমাজ মানুষের শারীরিক সমস্যাকে কখনো সহজভাবে দেখে না।দেখতে দেখতে পাঁচটি বছর পার হয়ে গেল। ছেলেটি তার মানসিক শক্তির বলে পড়ালেখা চালিয়ে যেতে লাগল। প্রথম প্রথম পড়া পড়তে বা মুখস্থ করতে তার প্রচণ্ড বেগ পেতে হতো। শিক্ষকদের কথা শুনতে এবং বুঝতে হলে তাকে তার সুবিধামতো বসতে হতো, যা সব সময় সম্ভব হতো না। তাই অনেক মূল্যবান কথাই সে শুনতে বা বুঝতে পারত না। দেখতে দেখতে এসএসসি পরীক্ষা চলে এল। ভালো ফল এল।আবার নতুন আলোর শিখা, নতুন করে পথচলা। ভালো একটা কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হলো। দেখতে দেখতে দুই বছর কেটে গেল। কিন্তু সাফল্য বারবার ধরা দেয় না। এবার নিয়তির কাছে তাকে হার মানতেই হলো। দ্বিতীয় বিভাগে সে উত্তীর্ণ হলো। এ সময় সে আর্মি কমিশনে পরীক্ষা দিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও আইএসএসবি থেকে বাদ পড়ে গেল। ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ঠাঁই হলো না তার। চিকিৎসক হওয়ার ছোটবেলার স্বপ্ন ভেঙে গেল। শেষমেশ টিকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার একটি ভালো কলেজে। দেখতে দেখতে চার বছর শেষ হয়ে গেল; সেশনজটে আরও দুই বছর। উদ্ভিদবিদ্যার ওপর চার বছরের স্নাতক ডিগ্রি লাভ করল।শুরু হলো আরেক দুশ্চিন্তা—চাকরি। চাকরির বাজারে এত প্রতিযোগিতার মধ্যে কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করা যায়? জীবনের একটি মূল্যবান জিনিস হারিয়ে পারবে তো সে? একটি চাকরি মিলল পরিচয়ের সূত্র ধরে। বেতন সাড়ে তিন হাজার টাকা। শুরু হলো জীবনযুদ্ধ। চাকরি বলে কথা! ধীরে ধীরে সে বুঝল, এভাবে জীবন চলে না। জীবনের মোড় ঘোরানোর প্রয়োজন।একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএতে ভর্তি হলো। টাকা হয়তো জীবনে অনেক আসবে। কিন্তু সময় তো আর আসবে না। তাই চাকরি ও এমবিএ পড়া একসঙ্গে চলল। প্রায় দুই বছর পর সে মানবসম্পদের ওপর এমবিএ ডিগ্রি লাভ করল। নিজের মনোবল ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অবশেষে ভালো বেতনে একটি মিডিয়ায় মানবসম্পদ বিভাগে যোগ দিল। এখন সে দিগন্তজুড়ে বিচরণ করে। তার ওপর নির্ভর করে সেই কোম্পানির দক্ষ জনশক্তি।কিন্তু এটাই কি তার সাফল্য? না! সে দেখতে চায়, সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গ। এই সমাজকে দেখাতে চায়, একজন অপূর্ণ মানুষ হওয়া সত্ত্বেও সে পারে। এ সমাজে যারা অবহেলিত, তারা একটু সুযোগ, সাহায্য ও মনোবল পেলে অনেক ওপরে উঠতে পারে। জীবনের মোড় ঘুরতে ঘুরতে সে দেখা পায় তার কল্পনার রানির। সব কথা শোনার পরও মেয়েটি তাকে দূরে ঠেলে দেয়নি। ভালোবেসে কাছে টেনে সব সময়ই মহানুভবতার পরিচয় দিয়েছে।ছেলেটি জানে না সাফল্য কোথায়, কত দূর। তবে সে সংগ্রাম করে যাবে আমৃত্যু।আইন অধিকারের প্রতিবেদনের ছেলেটির মতো যাঁরা আছেন, সবাইকে বলতে চাই, ভেঙে না পড়ে মানসিক শক্তিতে বলীয়ান হওয়া উচিত। তবেই কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে টেকা যাবে।নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।