মনোবালার পথ ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুড়ির কদর বাঙালির ঘরে ঘরে। মচমচে মুড়ি শুধু মুখরোচকই নয়, এতে পেটও ভরে। গল্পের আসর বা আয়েশি আড্ডায় যেন থালাভরা উচ্ছ্বাস হয়ে ওঠে তেল-মরিচ-পেঁয়াজ মাখানো মুড়ি। সঙ্গে চানাচুর বা ছোলা থাকলে তো তোফা! অনেকে দই বা মিষ্টির সঙ্গে মুড়ি মেখে খেয়েও মজা পায়। স্বাদে বৈচিত্র্য আনতে মুড়ি এভাবে যোগ হয় আরও অনেক খাবারের সঙ্গে। পবিত্র রমজান মাসে ঘরে ঘরে ইফতারের আয়োজনে রকমারি খাবারের সঙ্গে যেটি থাকবে, তা ওই মুড়ি।এই মুড়ি ভেজে ও বেচে দিন পাল্টেছেন মনোবালা (৭৫)। রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দরগারপাড় গ্রামে তাঁর বাড়ি। মনোবালার পথ ধরে একইভাবে স্বাবলম্বী হয়েছে চারটি গ্রামের প্রায় আট হাজার মানুষ। গ্রামগুলো এখন ‘মুড়িগ্রাম’ বলে পরিচিত।শুরুতেই চমক: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি গ্রামের মেয়ে মনোবালা। দারিদ্র্যের কারণে দ্বিতীয় শ্রেণীতে ওঠার পর আর পড়া হয়নি। ১৯৫০ সালে ১৫ বছর বয়সে তারাগঞ্জের ভূমিহীন কৃষক জগীন্দ্রনাথের সঙ্গে বিয়ে হয় তাঁর। অর্ধাহারে-অনাহারে কাটতে থাকে দিন। ১৯৭০ সালে মারা যান জগীন্দ্র। তিন সন্তান নিয়ে বিপাকে পড়েন মনোবালা। অন্যের খেত-খামারে কাজ করে সংসার চালাতে থাকেন তিনি। কিন্তু আশ্বিন-কার্তিক মাসে পড়তে হতো নিদারুণ দুর্ভোগে। খেতে কাজ না থাকায় একবেলা খাবার জোটানোই দায় হয়ে যেত। একপর্যায়ে ননদ কামিনীবালা তাঁকে মুড়ি ভেজে ঘুরে ঘুরে বিক্রির পরামর্শ দেন।১৯৭৫ সালে মনোবালা ১৫ কেজি চাল থেকে মুড়ি তৈরি করেন। তা বিক্রি করে ধান পান এক মণ। এই ধান ভানার পর চাল হয় ২৯ কেজি। চার কেজি চাল খাওয়ার জন্য রেখে ২৫ কেজি চালের মুড়ি করেন তিনি। এই মুড়ি বিক্রি করে পান দুই মণ ধান। ওই ধান থেকে চাল হয় ৫৫ কেজি।পাঁচ দিনে মুড়ির ব্যবসায় খাওয়া বাদে তাঁর ৫০ কেজি চাল উদ্বৃত্ত থাকে। মনোবালার কাছে এ ঘটনা রীতিমতো এক চমক। অল্প পুঁজিতে আশাতীত লাভ হওয়ায় উৎসাহ বেড়ে যায় তাঁর। মন দিয়ে ব্যবসায় লেগে পড়েন তিনি। তিন মাসের মুনাফার টাকায় তিনি একটি গাভি, একটি ছাগল, ১২টি হাঁস-মুরগি কিনে পালতে শুরু করেন। কিছু দিনের মধ্যেই দূর হয়ে যায় সংসারের দৈন্য।মুড়ি বেচে রাতারাতি মনোবালার দিন পাল্টে যাওয়া প্রতিবেশী লোকজনকে অবাক করে। উৎসাহিত হয়ে আশপাশের গৃহবধূরাও এ পেশায় নেমে পড়েন। দেখতে দেখতে মুড়ি ভেজে বিক্রি করার ব্যবসা ছড়িয়ে পড়ে চারটি গ্রামে।মুড়িগ্রামে একদিন: তারাগঞ্জ সদর থেকে চার কিলোমিটার দূরে পাশাপাশি চারটি গ্রাম দরগারপাড়, বাবুপাড়া, দরজিপাড়া ও শ্যামগঞ্জ। এক সময় অভাব ছিল এসব গ্রামের মানুষের নিত্যসঙ্গী। আশ্বিন-কার্তিকে কাজের অভাব দেখা দিলে এক সরা ভাতের মাড়ের জন্য অনেকে হন্যে হয়ে ঘুরেছে। সম্প্রতি এসব গ্রামে ঘুরে প্রতিটি বাড়িতে টিনের ঘর, টিনের চাল দেওয়া আধাপাকা ঘর চোখে পড়েছে। হাঁস-মুরগি, গরু-ছাগলেরও কমতি নেই। বাড়ির আঙিনায় উপচে পড়ছে শাকসবজির প্রাচুর্য।দরগারপাড় গ্রামে মনোবালার বাড়িতে গিয়ে দেখা যায়, বিরাট উঠানের এক পাশে দুটি বড় আধাপাকা ঘর। গোয়ালে পাঁচটি গাভি আছে তাঁর। উঠানে ঘুরে বেড়াচ্ছে একপাল হাঁস-মুরগি। রান্নাঘরে মুড়ি তৈরিতে ব্যস্ত ছিলেন তিনি। দুই ছেলের স্ত্রী তাঁকে সহযোগিতা করছেন। গরম মুড়ির মনমাতানো সৌরভে সারা বাড়ি ম ম। মনোবালা জানান, মুড়ি বিক্রির টাকা দিয়ে দুই ছেলের জন্য এই ঘর তৈরি করে দিয়েছেন। কিনেছেন এক একর ৮০ শতক জমি। একমাত্র মেয়ে জেলোমনিকে বিয়ে দিয়েছেন। মনোবালার ছেলেরাও মুড়ির ব্যবসায় জড়িত। ছেলে মতিলাল বলেন, ‘দারিদ্র্যের কারণে এক সময় সবাই উপহাস করত। আজ সফল মায়ের সন্তান হিসেবে গর্ববোধ করি।’ পুঁজি অল্প মুনাফা বেশি: দরগারপাড় গ্রামের পুতুল রানী জানান, পুরুষেরা হাট থেকে ধান কেনা, ভাঙানো ও মুড়ি বিক্রির কাজ করেন। ধান সেদ্ধ ও শুকানোর কাজ করেন নারীরা। আর চাল থেকে মুড়ি তৈরির কাজ তো আছেই। সাধারণত স্বর্ণা, আউশ ও ইরি ধান থেকে মুড়ি ভাজা হয়। এর মধ্যে আউশের চালের মুড়ির স্বাদ বেশি, বাজারে এর চাহিদাও বেশি। শ্যামগঞ্জ গ্রামের মুড়ি ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ৪০ কেজি ধান থেকে ২৭ কেজি মুড়ি হয়। এতে সব মিলিয়ে খরচ হয় ৯০০-৯৫০ টাকা। খরচ বাদে এই মুড়ি বিক্রি করে লাভ হয় ৪০০-৪৫০ টাকা। মুড়ির সঙ্গে লবণ ছাড়া অন্য কিছু মেশানো হয় না। মনোবালার পথ ধরে: দরগারপাড় গ্রামের মায়া রানী ও জ্যোৎস্নাবালা জানান, ১৫ বছর আগেও অভাব ছিল তাঁদের নিত্যসঙ্গী। মুড়ি তৈরি ও বিক্রি করে এখন তাঁরা সচ্ছল। বাড়িতে টিনের ঘর উঠেছে, জমি হয়েছে, সন্তানেরা বিদ্যালয়ে যাচ্ছে। মায়া রানী দুটি গাভি, ১০টি ছাগল, এক একর জমি কিনেছেন বলে জানান। জ্যোৎস্নাবালা কিনেছেন ৮০ শতাংশ জমি। দরজিপাড়া গ্রামের মেরিনা খাতুন বলেন, তাঁর পাঁচ সন্তান। এক সময় স্বামী সাইফুলের দিনমজুরি দিয়ে তাঁদের সংসার চলত না। মনোবালার কাছে গিয়ে মুড়ি তৈরির কৌশল শিখে এখন তাঁরা স্বাবলম্বী। তিনি মুড়ি তৈরি করেন, স্বামী মুড়ি বিক্রি করেন। ভালো আছেন তাঁরা।দূর-দূরান্তে যায় মুড়ি: তারাগঞ্জ বাজারে সপ্তাহে দুই দিন শুক্র ও সোমবার মুড়ির হাট বসে। ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন স্থান থেকে পাইকারেরা হাটে এসে ট্রাকে করে মুড়ি নিয়ে যান। এ ছাড়া উপজেলার ইকরচালী, বালাবাড়ি, বুড়িরহাট, কাজীরহাটেও মুড়ির হাট বসে। তারাগঞ্জ বাজারের মুড়ির হাটে মুড়ি কিনতে আসা রাজশাহীর ব্যবসায়ী আজমল বলেন, এই মুড়ির জুড়ি নেই। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও রাজধানী ঢাকাসহ সারা দেশে এই মুড়ির ব্যাপক চাহিদা রয়েছে। রমজান মাসে চাহিদা এত বাড়ে যে সরবরাহ করতে হিমশিম খেতে হয়।জনপ্রতিনিধিরা যা বলেন: দরগারপাড় গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য দেবেন্দ্রনাথ মুড়ির ব্যবসায় জড়িত। তিনি বলেন, ওই চার গ্রামের জমির মাটি বেলে। তাই বোরো ও আমন ধান ভালো হয় না। মুড়ি ভাজার কারবার না থাকলে এলাকার মানুষকে যে কী দুর্ভোগ পোহাতে হতো, তা বলার অপেক্ষা রাখে না। তারাগঞ্জ উপজেলার চেয়ারম্যান নুরুন্নবী দুলাল বলেন, ‘মনোবালার হাত ধরে চার গ্রামের মানুষ মুড়ির ব্যবসায় জড়িয়ে পড়েছে। এভাবে মুড়িগ্রামের নারীরা সংসার ও গ্রামের অর্থনৈতিক অবস্থা পাল্টে ফেলেছে।’