প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। সাধারণ বিজ্ঞান বিষয়ে দুই ধরনের প্রশ্ন থাকে—বহুনির্বাচনী ও সৃজনশীল। বহুনির্বাচনী প্রশ্নে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন থাকে। কাজেই প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলো বারবার পড়তে হবে। বহুনির্বাচনী প্রশ্নে প্রতিটি অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, বিভিন্ন গাণিতিক সমস্যা ভালোভাবে আত্মস্থ করতে হবে। সৃজনশীল প্রশ্নে তিনটি বিভাগ (জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন) থাকে। প্রতিটি বিভাগ থেকে দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হয়। জীববিজ্ঞান অংশে ভালো নম্বরের জন্য প্রতিটি অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, বর্ণনা, চিত্র ভালোভাবে আয়ত্ত করতে হবে। উদ্ভিদের অঙ্গসংস্থান, জীব ও তার পরিবেশ, বন ও পরিবেশ, মুরগি, কোষ বিভাজন, মানবদেহ, কয়েকটি সাধারণ ব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ, জনসংখ্যা ও পরিবেশ—অধ্যায়গুলো গুরুত্বসহ পড়তে হবে। পদার্থবিজ্ঞান অংশে ভালো নম্বরের জন্য প্রতিটি অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বিভিন্ন সূত্র, সূত্রের বিবৃতি, বিভিন্ন যন্ত্রের গঠন ও কার্যপ্রণালি, গাণিতিক সমস্যা ভালোভাবে আয়ত্ত করতে হবে। মহাকর্ষ ও অভিকর্ষ, সরল যন্ত্র, পরিমাপ, তাপ, শব্দ, বিদ্যুত্, আলোর প্রতিসরণ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়গুলো গুরুত্বসহ পড়তে হবে। গাণিতিক সমস্যার ক্ষেত্রে বিভিন্ন সূত্র, সূত্রের ব্যাখ্যা ও রাশির একক ভালোভাবে আত্মস্থ করতে হবে। রসায়ন অংশে ভালো নম্বরের জন্য প্রতিটি অধ্যায়ের সংশ্লিষ্ট বিষয়বস্তুর সংজ্ঞা, বৈশিষ্ট্য, বিভিন্ন মৌল ও যৌগমূলকের যোজনী, বিভিন্ন যৌগ গঠন, বিভিন্ন পরীক্ষামূলক প্রমাণ গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রতীক, সংকেত ও যোজনী, রাসায়নিক বিক্রিয়া, অম্ল, ক্ষারক ও লবণ, পানির খরতা, ল্যাবরেটরির সাধারণ প্রণালি অধ্যায়গুলো গুরুত্বসহ পড়তে হবে।