প্রিয় ছাত্রছাত্রী, শুভেচ্ছা নিয়ো। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কিছু দরকারি কথা বলব। উত্তরপত্রে ছোট ছোট ভুল কাঙ্ক্ষিত নম্বর কমিয়ে দেয়। হাতের লেখা পরিচ্ছন্ন হতে হবে। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার প্রধান বিষয় হচ্ছে হাতের লেখা পরিচ্ছন্ন হওয়া। জটিল, দুর্বোধ্য ও অপাঠ্য লেখা পরীক্ষক পড়তে চান না। উত্তর অবশ্যই সুন্দর করে লিখবে। বানান ভুলের কারণে অনেকের নম্বর কমে যেতে পারে। পড়ার সময় মনোযোগ সহকারে বানানের দিকে নজর দেবে। উচ্চারণে আঞ্চলিকতা ও অশুদ্ধ উচ্চারণ পরিহার করবে।সাধু-চলিতর মিশ্রণ দূষণীয়। যেকোনো বর্ণনামূলক রচনায় ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখবে। নোট, গাইড, শিট ও কোচিংয়ের উত্তরপত্রে এ ধরনের ভুলের মাত্রা বেশি দেখা যায়। এসব ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে। উত্তরপত্র জমা দেওয়ার আগে অবশ্যই রিভিশন দেবে।ভুল উত্তর দেওয়া ও অপ্রাসঙ্গিক উত্তর পরিহার করতে হবে। তোমাকে যে প্রশ্ন করা হয়েছে, তা পাস কাটিয়ে অন্য উত্তর দেওয়া যাবে না। ভাবসম্প্রসারণ, সারাংশ ও রচনায় অপ্রাসঙ্গিক কিছু লিখলে সেটির মান কমে যেতে পারে। তুমি মনে করতে পার, যত বেশি লেখা যাবে তত বেশি নম্বর পাবে, আসলে তা ঠিক নয়। বেশি লিখতে গেলেই অপ্রাসঙ্গিক বিষয় এসে যাবে। তাই এ বিষয়ে সচেতন থাকবে।তোমাদের জন্য বোর্ডের যে বই নির্ধারিত, সেটাই পড়বে। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর হলো বেশি নম্বর পাওয়ার সিঁড়ি। কঠিন দেখে কেউ এগুলো চর্চা করে না। পাঠ্যপুস্তকে রঙিন কলম দিয়ে সম্ভাব্য বহুনির্বাচনী প্রশ্নগুলোয় দাগ দেবে। অনুশীলন হলো বহুনির্বাচনী শিক্ষার ভিত্তি। যত বেশি পড়বে, মগজে তত বেশি ধারণ করবে।রচনামূলক অংশের বড় জায়গাজুড়ে আছে প্রবন্ধ ও রচনা। বিভিন্ন বিষয়ের ওপর একটি সম্ভাব্য রচনার তালিকা করবে। ভূমিকা ও উপসংহার ছান্দসিক ভঙ্গিতে লিখবে। প্রয়োজনীয় কোটেশন ও কবিতার লাইন সংযোজন করবে। বোর্ডের রচনা বইটিকে অবশ্যই মূল ভিত্তি হিসেবে ধরে নিয়ে কিছু প্রাসঙ্গিক আলোচনা অন্য রচনার বই থেকে সংগ্রহ করবে।ভাবসম্প্রসারণ অবশ্যই তিন প্যারায় লিখতে হবে। প্যারার নাম উল্লেখ না করাই ভালো। মূল ভাব নিজের ভাষায় ব্যাখ্যা দেবে। ইংরেজি কোটেশন ও প্রবাদ-প্রবচন ব্যবহার করবে না। মূল্যায়নে একটি বাক্যে শিক্ষণীয় করণীয় দিকের ইঙ্গিত দেবে।সারাংশ বা সারমর্ম পড়বে। সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় লিখবে। উদাহরণ, দৃষ্টান্ত, উপমা বর্জন করবে। মূলের কথাগুলো সরাসরি লিখবে না।চিঠিপত্র পুরোনো ও আধুনিক—যেকোনো নিয়মেই লেখা যায়, তবে বোর্ডের রচনা বইটি অনুসরণ করবে। ব্যক্তিগত, আবেদনপত্র ও সংবাদপত্রে প্রকাশের পত্র—এ তিনটি নিয়ম অবশ্যই আত্মস্থ রাখবে।অনুবাদ বোর্ডের রচনা বইয়ে যে কটি আছে, সেগুলোই যথেষ্ট। বারবার পড়া, শব্দগুলোর অর্থ বোঝা, শিল্পসম্মত প্রকাশ অনুবাদের সহায়ক। উত্তরপত্রে মার্জিন দেওয়া, ওভাররাইটিং ও কাটাকাটি পরিহার করবে। খুব ঘন করে লেখা, একটি প্রশ্ন শেষ হলে নিকট-দূরত্বে কোনো ফাঁকা না রেখে আরেকটি উত্তর শুরু করা এবং বড় বড় অক্ষরে পৃষ্ঠা ভরানোর উদ্দেশ্যে ফাঁকা করে লেখা বর্জন করবে।