মনোহরগঞ্জে সাংসদের দেওয়া গাড়িতে চলছে পুলিশের কাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নবগঠিত মনোহরগঞ্জ থানার পুলিশ খয়েরি রঙের একটি মাইক্রোবাস ব্যবহার করে। এর পেছনের অংশে লেখা আছে, ‘সৌজন্যে: জনাব মো. তাজুল ইসলাম এমপি, কুমিল্লা-৯, লাকসাম-মনোহরগঞ্জ’। মাইক্রোবাসটির নম্বর প্লেটের স্থানে লেখা আছে, ‘বাংলাদেশ পুলিশ, মনোহরগঞ্জ থানা’।একই সাংসদ লাকসাম থানার একটি মাইক্রোবাস এক লাখ ৮০ হাজার টাকা দিয়ে মেরামত করে দিয়েছেন। একটি রাজনৈতিক দল থেকে নির্বাচিত একজন সাংসদের সৌজন্যে দেওয়া মাইক্রোবাস পুলিশ ব্যবহার করতে পারে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরগঞ্জ থানার ওই মাইক্রোবাসের কোনো নম্বর নেই। এই মাইক্রোবাস দিয়ে আসামি ধরা, মামলার তদন্তসহ সব ধরনের কাজ করা হচ্ছে। লাকসাম থানার মাইক্রোবাসটির অবশ্য নম্বর রয়েছে।যোগাযোগ করা হলে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কারও সৌজন্যে দেওয়া যানবাহন ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুলিশ সেটা নিয়ে থাকে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনো ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয় না। কাজের স্বার্থেই এগুলো নেওয়া হয়।’জানা গেছে, নবম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন তাজুল ইসলাম। এর কিছু দিন পর তিনি মনোহরগঞ্জ থানায় একটি মাইক্রোবাস কিনে দেন। মেরামত করে দেন লাকসাম থানার মাইক্রোবাস।মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান বলেন, ‘স্থানীয় এমপি সাহেব আমাদের মাইক্রোবাসটি দিয়ে সাহায্য করেছেন। এতে কোনো ধরনের অসুবিধা নেই। পুলিশের গাড়ির সংখ্যা কম থাকায় সেটি নেওয়া হয়েছে।’ লাকসাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী বলেন, ‘আমাদের থানার মাইক্রোবাসটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এমপি সাহেব এক লাখ ৮০ হাজার টাকা দিয়ে সেটি মেরামত করে দিয়েছেন। এতে আমাদের কাছ থেকে তাঁর লোকজন সুবিধা পাবে, এমনটি নয়।’বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি নাজমুল আলম চৌধুরী বলেন, বিষয়টি দৃষ্টিকটু। তিনি প্রশ্ন করেন, আগামী দিনে কোনো কালো টাকার মালিক কিংবা কোনো অপরাধী পুলিশকে গাড়ি দিতে চাইলে পুলিশ কি তা নেবে? আর পুলিশের গাড়িতে নম্বর থাকবে না, এটা মেনে নেওয়া যায় না।এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও সাংসদ তাজুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।