মনোহরদীতে ডাকাতের গুলিতে একজন নিহত
নরসিংদীর মনোহরদীতে ডাকাতের গুলিতে হারুন মিয়া (২৪) নামের একজন যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার খিদিরপুর ইউনিয়নের বাওয়ালিপাড়া গ্রামে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের ছোড়া গুলিতে তাঁর মৃত্যু হয়। গ্রামবাসী জানায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের কালিরচর গ্রামের রমজান মিয়ার বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা ওই বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে। ডাকাতদের ধরতে ফুল মিয়ার ছেলে হারুন মিয়াও ঘর থেকে বের হয়। ডাকাতেরা তাঁর সামনে দিয়ে যাওয়ার সময় হারুন গতিরোধের চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া কতুবুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ডাকাতের গুলিতে হারুন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় গৃহকর্তা রমজান মিয়া বাদী হয়ে ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।