মন্জুর এগিয়ে যাচ্ছেন দেখে ফল প্রকাশ বন্ধ করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন শুনে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা আর ফলাফল তৈরি করছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। গত রাত ১২টায় ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন।সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতা-কর্মীরা নির্বাচনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও যানবাহন ভাঙচুর করেন। এর আগে দিন-রাতে পাঁচ দফা সংবাদ সম্মেলন করেছে বিএনপি। রাতের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, সাংসদ শহীদউদ্দীন চৌধুরী, সেলিমা রহমান, খায়রুল কবীর, সাংসদ মাহাবুবউদ্দীন খোকন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত দপ্তর সম্পাদক রিজভী আহম্মেদ ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ছাড়া উল্লেখযোগ্য কোনো নেতা কেন্দ্রীয় কার্যালয়ে যাননি। রাতে ফল ঘোষণার বিলম্বের খবরের পর থেকে নেতারা আসতে শুরু করেন। সংবাদ সম্মেলনে দ্রুত ফল প্রকাশের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রায় ২৫০টি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সই করা ফলাফল অনুযায়ী তাঁদের প্রার্থী (মন্জুর আলম) ৫৯ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। এই খবর প্রচারিত হওয়ার পর প্রিসাইডিং কর্মকর্তারা আর কোনো কেন্দ্রের ফলাফল শিট তৈরি করছেন না। ভোটকেন্দ্রগুলো থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ফলাফল যেভাবে আসছে তাতে তারা (আওয়ামী লীগ) বুঝে গেছে, তাদের প্রার্থীর (মহিউদ্দিন) পক্ষে যাচ্ছে না। তখন সরকারের উপদেষ্টা পর্যায়ের লোকেরা টেলিভিশন চ্যানেলগুলোকে ফোন করে বলেছে তাদের প্রার্থী (এ বি এম মহিউদ্দিন) এগিয়ে রয়েছেন, এটিই ফলাফলে দেখাতে হবে।’নির্বাচন কমিশন (ইসি) সরকারদলীয় প্রার্থীকে বিজয়ী ঘোষণার চক্রান্ত করছে দাবি করে মহাসচিব বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট গণনা করুন। জনমতের প্রতিফলন ঘটতে দিন। যদি এটাকে (ভোটের ফল) টুইস্ট (বিকৃত) করে নিজেদের পক্ষে নিতে চান, তার ফল ভালো হবে না।’ নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়েও নির্বাচন কমিশনারদের পাওয়া যায়নি উল্লেখ করে খোন্দকার দেলোয়ার বলেন, ‘সিইসি ও দুই নির্বাচন কমিশনার এখন কোথায়? এম কে আনোয়ারের নেতৃত্বে আমাদের প্রতিনিধিদল রাতে সেখানে (নির্বাচন কমিশন) গিয়েছিল। সেখানে তাদের পাওয়া যায়নি।’খোন্দকার দেলোয়ার বলেন, ‘সরকার যদি মনে করে, জোর করে জিতে তারা ক্ষমতায় থাকবে, সেটা হবে না। এর পরিণতি হবে খুবই খারাপ। চট্টগ্রামের জনগণ দেখিয়েছে, তারা আওয়ামী লীগের কুশাসন থেকে মুক্তি চায়। সরকারের প্রতি অনাস্থা প্রদর্শনের জন্য তারা এই নির্বাচনকে বেছে নিয়েছে।’ তিনি প্রশ্ন তোলেন, ‘সেনাবাহিনীর মাঠে থাকার কথা, কিন্তু তারা চুপচাপ বসে আছে। কেন তারা নির্বিকার-নিশ্চুপ?’সারা দিনের নির্বাচনের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।এর আগে রাত সাড়ে ১০টার দিকে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহম্মেদ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘সরকার চট্টগ্রামের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চক্রান্ত করছে।’ এর আগে বিএনপির নির্বাচন পর্যবেক্ষণ সেল তিন দফা সংবাদ সম্মেলন করে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহম্মেদ অভিযোগ করেন, চারটি কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পূর্ব নাসিরাবাদ আবদুল জলিল কেন্দ্রে ভোটারদের যেতে বাধা দেওয়া হয়েছে। গতকালের নির্বাচনে ৬৭৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। বিএনপি যেসব কেন্দ্রের পরিবেশ নিয়ে আপত্তি জানিয়েছে সেগুলো হলো: বায়েজিদ থানার শিক্ষা বোর্ড বিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, ফতেহবাদ কলেজ ও শহরের নাসিরাবাদ হাইস্কুল কেন্দ্র।বেলা তিনটায় করা সংবাদ সম্মেলনে রিজভী আহম্মেদ অভিযোগ করেন, পুলিশ সুপার জেড এম মোর্শেদ ফতেহবাদ কলেজ কেন্দ্রে গিয়ে ভোটারদের ভয়ভীতি দেখিয়েছেন। অভিযোগটি স্পষ্ট করে বলতে বললে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, এই কেন্দ্র থেকে মন্জুর আলমের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।বিক্ষোভ-ভাঙচুর: সর্বশেষ সংবাদ সম্মেলনের পর রাত সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি বিজয়নগর মোড় হয়ে ঘুরে আবার দলীয় কার্যালয়ে আসার পথে মিছিলকারীরা ইটপাটকেল তুলে ১০-১২টি যানবাহন ভাঙচুর করে। বিজয়নগর মোড়ে অবস্থানরত পুলিশ ছুটে এলে ভাঙচুরকারীরা পালিয়ে যায়। এ সময় তারা বিএনপির ৮২ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আশরাফুল আলমের মাইক্রোবাসের কাচও ভাঙচুর করে। পরে ভাঙা গাড়ি দেখে আশরাফুল চিৎকার করে বলেন, ‘কার এত সাহস। সাহস থাকলে সামনে আয়। আমিও বিএনপি করি।’