মন্জুরের আবেদন খারিজ, মহিউদ্দিনের করা মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের আবেদন খারিজ করে দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ গোলাম ফারুক। সিটি করপোরেশন নির্বাচনের হলফনামায় ‘বিদ্যুৎ চুরিসংক্রান্ত’ তথ্য গোপনের অভিযোগে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী তাঁর বিরুদ্ধে মামলাটি করেন। আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।আদালত সূত্র জানায়, গত ১৮ জুলাই সাবেক মেয়র মহিউদ্দিন নির্বাচনের হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে মন্জুরের বিরুদ্ধে মামলাটি করেন। ১৭ আগস্ট মেয়র মন্জুর তাঁর বিরুদ্ধে করা মামলাটি খারিজের আবেদন করেন। আদালত খারিজের আবেদনের ওপর ৫ অক্টোবর দুই দফা শুনানি করেন। গতকাল এক আদেশে বিচারক তাঁর আবেদন খারিজ করেন। ফলে তাঁর বিরুদ্ধে মহিউদ্দিনের মামলার শুনানি করতে আর কোনো আইনি বাধা রইল না।মহিউদ্দিনের মামলায় মেয়র মন্জুরকে প্রথম ও মূল বিবাদী করা হয়। পাশাপাশি মেয়র পদে অন্য ছয়জন প্রার্থীকেও বিবাদী করা হয়। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনারকে মামলায় মোকাবিলা বিবাদী করা হয়। আদালত সূত্র জানায়, মহিউদ্দিনের মামলার একজন বিবাদী মোফাজ্জল হোসেন ভূঁইয়া। ৫ অক্টোবর আদালতে তিনিও যে আপত্তি দাখিল করেন তার সঙ্গে মহিউদ্দিনের আরজির মিল আছে। তিনিও মেয়র মন্জুরের খারিজ আবেদনের ওপর ওই দিন আদালতে আপত্তি দাখিল করেন।মহিউদ্দিনের কৌঁসুলি ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মামলার আরজিতে আমরা যে অভিযোগ দিয়েছি, আদালতে তার তথ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে। ৫ অক্টোবর এ বিষয়ে শুনানি হয়েছে। ওই দিন আমরা বলেছি, মহিউদ্দিনের অভিযোগে অতিরঞ্জিত বা একপেশে কোনো কিছু নেই। আদালত আমাদের বক্তব্য গ্রহণ করে বিবাদী মন্জুরের মামলা খারিজের আবেদন নাকচ করেন। তাই এই মামলার শুনানি করতে আপাতত আর কোনো বাধা নেই।’প্রসঙ্গত, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) করা মামলায় ১৭ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা দেয় মন্জুরের প্রতিষ্ঠান। অথচ এ বিষয়টি তিনি হলফনামায় উল্লেখ করেননি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে প্রচারণার সময় নির্বাচন বিধিমালা ভঙ্গ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। তাই মেয়র পদে তাঁকে অবৈধ ঘোষণার পাশাপাশি সামগ্রিক নির্বাচন বাতিলেরও আবেদন জানান মহিউদ্দিন চৌধুরী।গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মন্জুর বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন এবং মহিউদ্দিন চৌধুরী আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীকে ৯৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মন্জুর আলম।