মন্জুরের জয়ে বিএনপিতে নতুন প্রত্যাশা
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মন্জুর আলমের বিপুল বিজয় দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করেছে। এবার মন্জুরকে ঘিরে চট্টগ্রাম বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে। দলের মধ্যে দীর্ঘদিন যে অন্তঃকোন্দল ছিল, তা দ্রুত কেটে যাবে। স্থানীয় বিএনপির বিভিন্ন নেতা এ মত প্রকাশ করেছেন।দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান এবং দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। মন্জুরের নির্বাচনী প্রচারে এই দুজন একসঙ্গে কাজ করেছেন। এমনকি নির্বাচনের রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণার সময়ও খসরু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণকক্ষে এবং নোমান প্রার্থীর নিয়ন্ত্রণকক্ষে রাতভর কাজ করেছেন।মন্জুরের নির্বাচনী প্রচারে নেমেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরী, এম মোরশেদ খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ বিভিন্ন উপদলের নেতারা। একই মঞ্চে বসে তাঁরা বক্তব্যও দিয়েছেন। এভাবে কাজ করতে গিয়ে চট্টগ্রামে বহুধা-বিভক্ত বিএনপির নেতাদের দূরত্ব অনেকখানি কমে এসেছে বলে দলীয় নেতারা মনে করেছেন।তবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বক্তব্য অন্যরকম। তাঁদের মতে, নগরের জলাবদ্ধতা, যানজট, পানি সংকট, ফুটপাত দখল ইত্যাদি সমস্যা দূর করাই এখন মন্জুরের সামনে বড় চ্যালেঞ্জ। এ কাজ বাদ দিয়ে দলীয় রাজনীতির আবর্তে ঘুরপাক খেলে তিনি ভুল করবেন। বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের সুযোগ খুব কমই পাবেন বলে মনে করেন তাঁরা।মন্জুর নিজেও মনে করেন, মেয়রের প্রধান কাজ সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করা। তিনি বলেন, ‘আমি সব কাজ পর্যায়ক্রমে করব। মেয়র কোনো একক রাজনৈতিক দলের জন্য কাজ করতে পারে না। নির্দলীয় বিবেচনা থেকে সব উন্নয়ন কাজ করতে হবে।’এ প্রসঙ্গে মীর নাছির প্রথম আলোকে বলেন, মেয়রের পাশাপাশি অনেকগুলো দলীয় কাউন্সিলরের বিজয় মাঠপর্যায়ে দলের অবস্থানকে সুদৃঢ় করেছে। এই ফল নগর বিএনপির অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে।নোমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর বলেন, এই নির্বাচন দলীয় বিভেদ দূর করে সব পক্ষকে সুদৃঢ় ঐক্যের কাছাকাছি এনেছে।আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক সমর্থনের প্রার্থী বিজয়ী হওয়ায় বিএনপি চট্টগ্রামে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পেরেছে। এই ভিত্তি দলকে আগের চেয়ে ভালো অবস্থানে নিয়ে গেছে। দলের মহানগর কমিটি অচিরেই ঘোষণা করা হবে।