মন্তব্যটি আমার ব্যক্তিগত, অমর্ত্য সেনের নয়: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে মন্তব্যটি তাঁর ব্যক্তিগত অভিমত, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নয়। এ নিয়ে তিনি অন্য কারও সঙ্গে আলোচনাও করেননি।অর্থমন্ত্রী গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, অমর্ত্য সেনের বাংলাদেশের অর্থনীতির প্রশংসাসূচক বক্তব্যে অহেতুক অধ্যাপক ইউনূসের নামটি সংযুক্ত হয়েছে এবং সে জন্য তিনি অমর্ত্য সেনের কাছে ক্ষমাপ্রার্থী। অর্থমন্ত্রী অবশ্য এ জন্য বাংলাদেশের সংবাদমাধ্যমের বিকৃত খবর প্রচারকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘আমাদের সংবাদমাধ্যমের কেউ কেউ বুঝে বা না বুঝে দুটি বিষয়কে সম্পৃক্ত করে এ সম্পর্কে বিকৃত এবং বানোয়াট বক্তব্য রেখেছেন।’গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়ে বিদেশি বিনিয়োগ না আসা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ড. ইউনূসের সমালোচনা করেন। অমর্ত্য সেনের একটি বক্তব্যের কথাও অর্থমন্ত্রী উল্লেখ করেছিলেন। এ নিয়ে বিরূপ সমালোচনা হলে অর্থমন্ত্রী গতকাল সকালে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে বিকেলে দীর্ঘ একটি লিখিত বক্তব্যও দেন। অর্থ মন্ত্রণালয় থেকে গতকাল পাঠানো লিখিত বক্তব্যের বিষয়বস্তু হিসেবে বলা হয়েছে, ‘নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস, অধ্যাপক অমর্ত্য সেন এবং বাংলাদেশের বিনিয়োগ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীর সংশোধনী ও সম্পূরক বক্তব্য।’ অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি ও বিদেশি বিনিয়োগ পরিস্থিতি ছাড়াও গ্রামীণ ব্যাংক নিয়েও কথা বলেন। অর্থমন্ত্রী দীর্ঘ বক্তব্যে আরও বলেন, অধ্যাপক ইউনূসের সমস্যা হচ্ছে যে তিনি কোনোমতেই গ্রামীণ ব্যাংক ছাড়তে চান না। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ গত দেড় বছরে করা সম্ভব হয়নি। অধ্যাপক ইউনূসের সমর্থকেরা অনুসন্ধান কমিটির আহ্বায়ক অধ্যাপক ইউনূসকে চান, কিন্তু এই প্রস্তাব সরকারের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আবার সামাজিক উদ্যোগের যে ব্যাপক জাল অধ্যাপক ইউনূস ছড়িয়েছেন, তাদের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। এদিকে গতকাল রাতে অর্থমন্ত্রী আরেকটি অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে এবং আমিও একজন মানুষ। আমিও কিছু ভুল করেছি। কিন্তু এ জন্য আমি ক্ষমা চাইব না।’ কী কী ভুল করেছেন তা অবশ্য উল্লেখ করেননি অর্থমন্ত্রী। তবে তিনি বলেন, ‘আমি জানি যে, আমি একজন জনপ্রিয় ব্যক্তি নই।’