হোর্হে লুইস বোর্হেস (১৮৯৯-১৯৮৬) আর্জেন্তিনার প্রখ্যাত কবি ও গল্পকার। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল বুয়েনোস আইরেসে। রবীন্দ্র-অনুরাগিণী ভিক্তোরিয়া ওকাম্পোর অনুরোধে তাঁর ‘সুর’ পত্রিকায় কবি সম্পর্কে লিখেছেনও। এখানে রবীন্দ্রনাথ সম্পর্কে নানা সময়ে করা বোর্হেসের কয়েকটি মন্তব্য একত্র করা হলো; সাজানো হলো কালানুক্রম অনুসারে।১৩ বছর আগে শ্রদ্ধেয় ও কিন্নরকণ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমার খানিকটা বিষম অভিজ্ঞতা হয়েছিল। আমরা আলাপ করছিলাম বোদলেয়ারের কবিতা সম্পর্কে। কেউ একজন ‘প্রেমিক-প্রেমিকার মৃত্যু’ শিরোনামের সেই সনেটটি বারবার পড়ে শোনালেন, যাতে জড়াজড়ি করে আছে বিছানা, ডিভান, ফুল, ফায়ারপ্লেস, টেবিলক্লথ, আয়না আর দেবদূত। মনোযোগ দিয়ে কবিতাটি শুনে রবীন্দ্রনাথ বললেন, ‘তোমার আসবাবপত্রের কবিটি আমার পছন্দ নয়।’ আমি তাঁর সঙ্গে বেশ একমত হয়েছিলাম। ইদানীং আবারও তাঁর লেখা পড়ে আমার সন্দেহ হচ্ছে যে অস্পষ্টতার অজেয় প্রেমের দ্বারা তিনি যতটা আন্দোলিত হয়েছিলেন, রোম্যান্টিক দ্রব্যাদির কোনো আতঙ্ক তাঁকে ততটা আলোড়িত করেনি।রবীন্দ্রনাথের অযথার্থতা সংশোধনেরও অতীত। তাঁর সহস্র এক বাক্যাবলিতে লিরিকের কোনো টেনশন নেই, নেই সামান্যতম মৌখিক সংযম।...২.রবীন্দ্রনাথ জাতীয়তাবাদের মানসিক ও অর্থনৈতিক কারণগুলো অনুসন্ধান করেন না, যদিও অহমিকা ও লালসার ব্যাপক ভূমিকার কথা তিনি স্বীকার করছেন। রবীন্দ্রনাথের মতে, অশুভের মূল জাতির মধ্যেই নিহিত; কিংবা কেউ এও বলতে পারেন যে এই অশুভের মূল রয়েছে পশ্চিমা রাষ্ট্রগুলোর কাঠামোয়, যা পুরোপুরি জাতীয়তাবাদ এবং এর রক্তাক্ত ছায়া—সাম্রাজ্যবাদের জন্ম দেয়। ইংল্যান্ডের প্রতি রবীন্দ্রনাথের এমন এক ব্যক্তিগত আবেগ রয়েছে যা তাঁকে দিয়ে এই কথাগুলো লিখিয়ে নিয়েছে: ‘সূর্যকে কেউ যেভাবে অনুভব করেন, আমরাও একইভাবে এই লোকদের মহত্ত্বকে অনুভব করি; কিন্তু তাদের জাতি আমাদের জন্য শ্বাসরুদ্ধকর এবং ঘন মেঘে সূর্য আড়াল হয়ে যায়।’ ইংল্যান্ডে তিনি দেখতে পেয়েছেন পশ্চিমের শ্রেষ্ঠ গুণাবলি কিন্তু তাদের রাজনৈতিক আদর্শ দিয়ে ভারতীয়দের শাসন করাটাকে তিনি দুঃসহ বলে মনে করেন। ১৩১ পৃষ্ঠায় দেখা যাবে: ‘আমি বিশেষভাবে কোনো জাতির বিপক্ষে নই তবে সব জাতি সম্পর্কে সাধারণ মতের বিরোধী। জাতি কী? এ হচ্ছে এক ধরনের সংগঠিত শক্তির আওতাধীন একটা সমগ্র জনগোষ্ঠী। এই সুসংগঠন একটি জনগোষ্ঠীর শক্তি এবং দক্ষতাকে অবিরামভাবে বাড়িয়ে তোলে কিন্তু এর দৃঢ় আকাঙ্ক্ষা মানুষের স্বভাবের সর্বোচ্চ বিন্দুতে নিহিত ত্যাগের স্পৃহা এবং সৃজনশীল চেতনা থেকে মানব শক্তিকে পথভ্রষ্ট করে দেয়। এভাবে ব্যক্তির আত্মত্যাগের ক্ষমতা ওই যান্ত্রিক সংগঠনের পক্ষে কাজ করতে গিয়ে এর প্রকৃত লক্ষ্য নৈতিকতা থেকে বিচ্যুত হয়ে যায়। এটা তাকে এমনই এক নৈতিক মত্ততা এনে দেয়, যা মানবতার জন্য তাকে সীমাহীনভাবে আরও বেশি ক্ষতিকর করে তোলে। যখন সে তার সামগ্রিক ব্যক্তিত্বের পরিবর্তে কেবল বুদ্ধিজাত যান্ত্রিকতায় তার দায়িত্ব ছেড়ে দেয় তখন নিজের বিবেকবোধ এতে আর আলোড়িত হয় না। এই প্রক্রিয়ায়, দায়িত্ব পালনের আরোপিত বিশ্বাসে বলীয়ান যে জনগোষ্ঠী স্বাধীনতাকে ভালোবাসে তারা পৃথিবীর ব্যাপক এলাকায় দাসত্বকে টিকিয়ে রাখে।’যে পুঁজিবাদ কাউকে নিক্ষেপ করে দারিদ্র্যে আর অন্যদের করে তোলে ক্লান্ত, বার্নার্ড শ সেই পুঁজিবাদকে প্রত্যাখ্যান করেছিলেন। একইভাবে রবীন্দ্রনাথও প্রত্যাখ্যান করেছিলেন সাম্রাজ্যবাদকে, যা উৎপীড়িত এবং উৎপীড়ক, উভয়কেই হীন করে দেয়।...৩.শুভ আস্থার প্রতারক। সুইডিশদের আবিষ্কার। তৃতীয় শ্রেণীর এক কবি, যিনি কেবল নীল আলখেল্লা পরার কারণে বৈশিষ্ট্যময় ছিলেন।স্প্যানিশ ও ইংরেজি থেকে অনুবাদ: রাজু আলাউদ্দিন