মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের করা মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে একজন আইনজীবীর মাধ্যমে এই ব্যাখ্যা দিতে হবে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২ (একজন সদস্য অনুপস্থিত ছিলেন) আজ বৃহস্পতিবার এক আদেশে এ তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানাদাস গুপ্তের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আদেশে ট্রাইব্যুনাল বলেন, ২০ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় এম কে আনোয়ার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে।’ ২১ জানুয়ারি ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকায় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে ট্রাইব্যুনাল-২ বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় এম কে আনোয়ার এসব কথা বলেছেন। বিচারাধীন মামলা নিয়ে এ বিষয়ে তাঁর বক্তব্যের ব্যাখ্যা ট্রাইব্যুনালের জানা প্রয়োজন।’ এ আদেশের অনুলিপি এম কে আনোয়ারের কাছে পৌঁছে দেওয়ারও আদেশ দেন ট্রাইব্যুনাল-২।