লোকমান হত্যা মামলার আসামি মন্তাজ উদ্দিন ভূঁইয়ার জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে মন্তাজ ও সরকার পক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ কে এম শহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।নিহত লোকমানের ভাই ও এই মামলার বাদী কামরুজ্জামানের করা এক রিভিশন আবেদনের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেন।আদালতে আবেদনের পক্ষে আইনজীবী এ এস এম আবদুল মোবিন মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার।গত বছরের ২৯ ডিসেম্বর নরসিংদীর আদালতে মন্তাজ উদ্দিন ভূঁইয়া আত্মসমর্পণ করেন। এরপর কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ৩ জানুয়ারি দায়রা আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। এর বিরুদ্ধে রিভিশন আবেদনটি করা হয়।এ এস এম মোবিন প্রথম আলো অনলাইনকে বলেন, কেন মন্তাজ উদ্দিন ভূঁইয়ার জামিন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে আদালত এই রুল জারি করেছেন।