মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই পার্কিং ও মার্কেট নির্মাণে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়েই ঢাকার একাধিক স্থানে বিভিন্ন কোম্পানির সঙ্গে গাড়ি পার্কিং ও মার্কেট নির্মাণের চুক্তি করেছে ঢাকা সিটি করপোরেশন। বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র থাকাকালে অবৈধভাবে এসব কাজ করার জন্য অনুমতি দিয়েছিলেন। আজ বুধবার ‘খোকার আমলে গাড়ি পার্কিং ও মার্কেট নির্মাণ এবং দোকান বরাদ্দে অনিয়ম’ তদন্তে গঠিত সংসদীয় কমিটির বৈঠকে এসব বিষয় উঠে আসে। কমিটির আহ্বায়ক নূর-ই-আলম চৌধুরী ওরফে লিটন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও এ কে এম মোস্তাফিজুর রহমান সভায় উপস্থিত ছিলেন। অনুমোদন না নিয়ে কীভাবে এই মার্কেট ও গাড়ি রাখার স্থান তৈরি হলো, সে ব্যাপারে কমিটি সিটি করপোরেশনের কাছে ব্যাখ্যা চেয়েছে। পরবর্তী বৈঠকে এসব তথ্য জানানোর জন্য বলা হয়েছে। তা ছাড়া খোকার আমলে এসব কাজের সঙ্গে জড়িত কর্মকর্তাদেরও তলব করার চিন্তাভাবনাও করছে কমিটি।সিটি করপোরেশন থেকে সংসদীয় কমিটিকে দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৮ সালে রমনা শপিং কমপ্লেক্স নির্মাণে মাসুদ করপোরেশনের সঙ্গে চুক্তি করে ডিসিসি। ওই মার্কেট নির্মাণে মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না। এ ছাড়া দিলকুশা কার পার্কিং কাম বাণিজ্যিক ভবন নির্মাণের কার্যাদেশের কোনো নথিও খুঁজে পাচ্ছে না ডিসিসি।বৈঠক শেষে কমিটির আহ্বায়ক লিটন চৌধুরী সাংবাদিকের বলেন, ‘সিটি করপোরেশন সংসদীয় কমিটির চাহিদা অনুযায়ী অনেক তথ্য দিতে পারেনি। আগামী বৈঠকে এসব তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে।’লিটন চৌধুরী বলেন, ‘যেসব জমিতে মার্কেট নির্মাণ ও গাড়ি পার্কিংয়ের স্থান করা হয়েছে, ওই জায়গার মালিকানা কার, সেটাও জানতে চাওয়া হয়েছে। কারণ, যেসব মার্কেট করা হয়েছে সেগুলোতে সিটি করপোরেশনের অংশীদারত্ব ২৫-৩০ শতাংশ। এগুলোতে নির্মাণেই ব্যাপক অনিয়ম হয়েছে।’প্রসঙ্গত, গত ১০ অক্টোবর স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সাদেক হোসেনের আমলে ডিসিসির গাড়ি পার্কিং, মার্কেট নির্মাণ ও দোকান বরাদ্দের অনিয়ম তদন্তে একটি উপকমিটি গঠন করা হয়। কমিটিকে চার মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়। স্থায়ী কমিটির সদস্য লিটন চৌধুরীকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মো. আশরাফ আলী খান খসরু ও মোস্তফা জালাল মহিউদ্দিন।কমিটিতে দেওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রতিবেদন থেকে জানা গেছে, মেয়র খোকার আমলে বেসরকারি বিনিয়োগে আটটি কার পার্কিং কাম বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ গ্রহণ করা হয়। এর মধ্যে পাঁচটি মার্কেটের নির্মাণের বিষয়ে ডিসিসির সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের জন্য বোরাক রিয়েল এস্টেটের সঙ্গে, আমিন অ্যাসোসিয়েটস ওভারসিজের সঙ্গে গুলশান-১-এ আধুনিক কমার্শিয়াল কমপ্লেক্স প্রকল্প, ইউনাইটেড সিটি টুইন টাওয়ার ডেভেলপার্সের সঙ্গে গুলশান-২-এ আধুনিক কমার্শিয়াল কমপ্লেক্স প্রকল্প, এমআর ট্রেডিং কোম্পানির সঙ্গে রায়ের বাজার ডিসিসি কমার্শিয়াল কাম অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ও মোহাম্মদপুর টাউন হল কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের চুক্তি হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের ১৪ তলা পর্যন্ত নির্মাণের জন্য বোরাক রিয়েল এস্টেটের সঙ্গে চুক্তি হয় ডিসিসির। কিন্তু বোরাক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ৩০ তলা পর্যন্ত নির্মাণের কাজ করছে।