মন্ত্রণালয় ঘেরাও করবেন মিশুক মালিক-শ্রমিকেরা
২৫ মার্চ যোগাযোগ মন্ত্রণালয় ঘেরাও করবে ঢাকা মেট্রোপলিটন মিশুক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।সমাবেশে বক্তারা বলেন, গত ডিসেম্বর থেকে মিশুক চলাচল বন্ধ করে দেওয়ায় এ খাতের সঙ্গে জড়িত ৫০ হাজার পরিবার দুঃখ-দুর্দশায় জীবন কাটাচ্ছে। তাঁরা ঢাকার রাস্তায় পরিবেশবান্ধব মিশুক চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। তাঁরা আরও বলেন, মিশুক উচ্ছেদ না করে সিএনজিচালিত অটোরিকশা প্রতিস্থাপন করতে হবে। আর এটা না করা পর্যন্ত মিশুক চলাচলের সুযোগ দিতে হবে। আটক করা মিশুকগুলো মালিকদের ফেরত দেওয়ারও দাবি জানান তাঁরা।ঐক্য পরিষদের নেতা ওসমান আলী জানান, তিনি আজ যোগাযোগমন্ত্রীর সঙ্গে পরিষদের পাঁচ দফা দাবি নিয়ে কথা বলেছেন। মন্ত্রী ১৪ বা ১৫ মার্চ দাবিগুলো সম্পর্কে পরিষদের নেতাদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, ওই বৈঠকে সমঝোতা না হলে মিশুকমালিক-শ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে ২৫ মার্চ যোগাযোগ মন্ত্রণালয় ঘেরাও করবেন।আজকের কর্মসূচিতে শ্রমিকনেতা আবদুল কাদের হাওলাদার, বাম মোর্চার নেতা বজলুর রশিদ ফিরোজ, ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সারওয়ার, সদস্যসচিব মোহাম্মদ ওবায়দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।