মন্ত্রণালয় থেকে প্রাক্-নিরীক্ষা তুলে দিতে চায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাক্-নিরীক্ষা বা প্রি-অডিট তুলে নিতে চায় সরকার। একই সঙ্গে হিসাবরক্ষণ কার্যক্রম (অ্যাকাউন্টস) থেকে নিরীক্ষা কার্যক্রম (অডিট) পৃথক করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রাক্-নিরীক্ষা তুলে দেওয়া এবং হিসাবরক্ষণ কার্যক্রম থেকে নিরীক্ষা কার্যক্রম পৃথক করার বিষয়ে সুপারিশমালা তৈরি করবে বলে এ সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ রয়েছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আর্থিক দুর্নীতির জন্য আলোচিত সড়ক ও জনপথ, গণপূর্ত ও গৃহায়ণ, বন এবং টেলিযোগাযোগসহ ছয়টি সরকারি বিভাগে আগে থেকেই প্রি-অডিট তুলে নেওয়া হয়েছে। অন্য সব বিভাগ থেকেও তা তুলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয় এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের মধ্যে একটা টানাপোড়েনেরও সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।প্রাক্-নিরীক্ষা তুলে দিলে সরকারের বাজেট ও অর্থব্যবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অপরদিকে প্রাক্-নিরীক্ষা তুলে নেওয়ার পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তি হচ্ছে, এর ফলে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে সিএজি আতাউল হাকিম প্রথম আলোকে বলেন, সরকারের অর্থব্যবস্থার শৃঙ্খলার জন্য প্রাক্-নিরীক্ষা জরুরি এবং সেটা অবশ্যই সাংবিধানিক প্রতিষ্ঠান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীনে হতে হবে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সিএজি এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, তদন্ত করে দেখা হোক, কী কারণে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা হয়। প্রাক্-নিরীক্ষার কারণে কোন প্রকল্প বাস্তবায়নে দেরি হয়েছে, তা সুনির্দিষ্ট করা হোক। তা ছাড়া এই যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন করার দরপত্র মূল্যায়ন শেষ হয়েছে চার মাস আগে, এখনো কেন কাজ এগোচ্ছে না, সেখানে তো প্রাক্-নিরীক্ষা নেই। তাই দীর্ঘসূত্রতার অজুহাত সঠিক নয়। প্রাক্-নিরীক্ষা তুলে দিলে তা খুবই ক্ষতিকর হবে। তাঁর মতে, ‘আমাদের মতো দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা খুবই দুর্বল। তাই সার্বিক অবস্থা বিবেচনা করলে, হিসাবরক্ষণ কার্যক্রম থেকে নিরীক্ষা কার্যক্রম পৃথক্করণ ঠিক হবে না।’সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যদি কোনো হিসাবরক্ষণ কর্মকর্তা কোনো বিল পাসে গড়িমসি করেন বা আপত্তি তোলেন, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব চাইলে বিলটি পাস করতে পারেন। প্রাক্-নিরীক্ষার আপত্তি উপেক্ষা করার ক্ষমতা সচিবের রয়েছে। তাই এতে সরকারের উন্নয়নকাজে বাধা সৃষ্টির অজুহাত ঠিক নয়। বরং প্রাক্-নিরীক্ষা তুলে দিলে রাষ্ট্রীয় অর্থ খরচের জবাবদিহি থাকছে না। ফলে আর্থিক খাতের অনিয়ম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা।তাঁদের মতে, এর আগে ছয়টি বিভাগকে প্রাক্-নিরীক্ষার আওতামুক্ত করার ফল ভালো হয়নি। ওই সব বিভাগের আর্থিক দুর্নীতির চিত্র উদ্বেগজনক। বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণেও সরকারি আর্থিক খাতে দুর্নীতির ক্ষেত্রে ওই ছয়টি প্রতিষ্ঠান অন্যতম।সিএজি কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উন্নয়নকাজসহ সরকারি দপ্তরের ব্যয়সংক্রান্ত কোনো বিল পাসের আগে প্রাক্-নিরীক্ষা হয়। তাতে মূলত নীতিমালার মধ্যে ব্যয় সম্পন্ন হয়েছে কি না, বিলের প্রয়োজনীয় সব কাগজপত্র ঠিকঠাক আছে কি না, তা দেখা হয়। এর মধ্যে ভ্যাট ও আয়কর (যেখানে প্রযোজ্য) ঠিকভাবে কর্তন করা হয়েছে কি না, তাও দেখা হয়। ২০০৩-০৪ অর্থবছর থেকে ২০০৮-০৯ অর্থবছরে নিরীক্ষা আপত্তির মাধ্যমে এ রকম ৩২ হাজার কোটি টাকা আদায় ও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২০০৮-০৯ অর্থবছরে পাঁচ হাজার কোটি টাকা আদায় ও সমন্বয় করা হয় বলে সিএজি আতাউল হাকিম জানান। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, হিসাবরক্ষণ কার্যক্রম থেকে নিরীক্ষা কার্যক্রম পৃথক করার প্রক্রিয়া সম্পর্কে সুপারিশ তৈরির জন্য নয় সদস্যের কমিটি গঠন করা হয় গত ১৪ অক্টোবর। কমিটি মন্ত্রিসভার নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাবিত খসড়া নিরীক্ষা আইনটি পরীক্ষা করেও সুপারিশ করবে।সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের হিসাবরক্ষণ ও নিরীক্ষা কার্যক্রম কীভাবে কী পদ্ধতিতে হবে, তা ঠিক করবেন সিএজি। এ উপমহাদেশে ২০০ বছর ধরেই এটা সিএজির অধীন হচ্ছে। কিন্তু সরকার প্রাক্-নিরীক্ষা তুলে দেওয়া এবং হিসাবরক্ষণ ও নিরীক্ষা কার্যক্রম (অডিট) পৃথক করার বিষয়ে সিএজির সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ করেনি। এ বিষয়ে বিসিএস, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিএজির কাছে দেওয়া এক মতামত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে দুর্নীতি ও দুর্বল আর্থিক ব্যবস্থাপনা বহুল আলোচিত বিষয়। এ ধরনের অর্থনীতিতে কোনোরূপ নিয়ন্ত্রণব্যবস্থা ছাড়া কার্যকর প্রাক্-নিরীক্ষাব্যবস্থা তুলে দেওয়া হলে তা দুর্নীতির মাত্রা বাড়াতে সহায়ক হবে।জানতে চাইলে অ্যাসোসিয়েশনের মহাসচিব ও বাণিজ্যিক নিরীক্ষা পরিদপ্তরের মহাপরিচালক এ কে মে জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, একদিকে প্রাক্-নিরীক্ষা তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। এরপর অডিট ও অ্যাকাউন্টসকে পৃথক করা হলে রাষ্ট্রের পুরো হিসাব নিরীক্ষা কার্যক্রম দুর্বল হয়ে যাবে। দেখতে হবে এটা কার স্বার্থে হচ্ছে। কারণ, রাজনৈতিক সরকার নিশ্চয় এমন ব্যবস্থা চাইবে না।এ ব্যাপারে জানতে চাইলে অর্থসচিব মোহাম্মদ তারেক বলেছেন, ‘প্রাক্-নিরীক্ষা তুলে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, এটা নিয়ে কিছু সমস্যা হচ্ছে।’ সাবেক সিএজি এম হাফিজউদ্দিন খানও পৃথক্করণের ফল ভালো হবে না বলে মন্তব্য করেন।