মন্ত্রণালয় দুর্নীতির আখড়া নয়, দুদকের সহযোগিতা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন সব দপ্তরের যেকোনো ধরনের দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সার্বিক সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।দুদক চেয়ারম্যান গোলাম রহমান আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে মন্ত্রী ওই সহযোগিতা চান। এ সময় তাঁরা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন।দুদক চেয়ারম্যান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমাবেশে দুর্নীতিবিরোধী শপথ অন্তর্ভুক্ত করা এবং সব স্তরের পাঠ্যবিষয়ে দুর্নীতির বিষয় সংযোজনের অনুরোধ জানান। মন্ত্রী দুদক চেয়ারম্যানকে এ মর্মে অবহিত করেন যে বিষয়টি সময়োপযোগী এবং ইতিমধ্যে সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। মন্ত্রী বলেন, দুদক নিজ উদ্যোগে এবং নিজস্ব ব্যবস্থাপনায় অনুসন্ধান ও তদন্ত করে দুর্নীতি উদঘাটন এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে পারে।‘শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতির আখড়া বলিনি’: শিক্ষা মন্ত্রণালয় এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় অধিকতর স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও গতিশীল বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতির আখড়া’ বলে গত সোমবার একটি জাতীয় দৈনিকে তাঁর বরাত দিয়ে প্রকাশিত বক্তব্য ঠিক নয়।আজ মঙ্গলবার এক বিবৃতিতে ওই খবরটিকে শিক্ষামন্ত্রী সম্পূর্ণ বানোয়াট, অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। মন্ত্রী এ বিষয়ে তীব্র ক্ষোভ, অসন্তোষ ও হতাশা ব্যক্ত করে বলেন, এমন কোনো বাক্য বা শব্দ তিনি উল্লেখ করেননি।উল্লেখ্য, ৬ মার্চ রংপুরের কারমাইকেল কলেজ চত্বরে এক সমাবেশে শিক্ষামন্ত্রী বক্তব্য দেন। তাঁর বরাত দিয়ে একটি জাতীয় দৈনিকে শিক্ষা মন্ত্রণালয়কে ‘দুর্নীতির আখড়া’ হিসেবে তুলে ধরা হয়। মন্ত্রী বলেন, এমন একটি উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট সংবাদ মন্ত্রী ও মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে তিনি মনে করেন।