ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন করার ব্যাপারে আদালত যে নির্দেশনা দিয়েছেন, তার বিরুদ্ধে আইনি লড়াই চালাবে কমিশন। এ বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।গত সোমবার হাইকোর্ট ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করার নির্দেশ দেন। এই সময়ের মধ্যে আইন অনুসরণ করে ওয়ার্ডের সীমানা নির্ধারণ করতে বলা হয়েছে। এ ছাড়া ভোটের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।হাইকোর্ট রুলে জানতে চেয়েছেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুসারে করপোরেশনকে ওয়ার্ড ভাগ করা ও ওয়ার্ডের সীমানা নির্ধারণসহ সংশ্লিষ্ট কয়েকটি ধারা বাস্তবায়ন করে কেন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হবে না। প্রধান নির্বাচন কমিশনার ও স্থানীয় সরকার সচিবসহ আট বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণের কর্তৃপক্ষ স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা হালনাগাদ হবে। তবে কোনো কারণে হালনাগাদ সম্ভব না হলে তার বৈধতা বা ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে না।গতকাল কমিশনের বৈঠকে হাইকোর্টের নির্দেশনা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, কমিশন ঢাকা সিটির ওয়ার্ডের সীমানা বিন্যাস করে দেওয়ার জন্য এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তিন বার চিঠি দিয়েছিল। কিন্তু মন্ত্রণালয় তা করেনি। এখন আদালত যেহেতু নির্দেশনা দিয়েছেন, তাই ওয়ার্ডের সীমানা বিন্যাস করার জন্য মন্ত্রণালয়কে আবারও চিঠি দেওয়া হতে পারে। তবে আইন অনুযায়ী নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ বাধ্যতামূলক নয়। তাই এ বিষয়ে কমিশন আইনি লড়াই চালাবে।কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালত যে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করলে আইনে নির্ধারিত ১৮০ দিনের মধ্যে ঢাকা সিটির নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। কারণ, দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে ১০ মার্চ থেকে। এরপর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে ১৭ মে এবং তৃতীয় পর্যায়ের ২১ জুলাই থেকে। চতুর্থ পর্যায়ে ঢাকা সিটি করপোরেশনে হালনাগাদের কাজ হবে ৪ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু কমিশন ভোটার তালিকা হালনাগাদের এই সময়সূচিতে পরিবর্তন আনতে রাজি নয়। কারণ, ঢাকা সিটির হালনাগাদের কাজ এগিয়ে আনতে হলে অন্য জায়গায় কাজ বন্ধ করে দিতে হবে। তাতে হালনাগাদ কাজ নিয়ে নতুন জটিলতা তৈরি হবে। তাই চলতি বছর ঢাকা সিটির নির্বাচন করতে হলে হালনাগাদ ছাড়াই করতে হবে।