মন্ত্রণালয়কে এড়িয়ে মিল্ক ভিটায় ৭৬ জন নিয়োগ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই শেষ পর্যন্ত ৭৬ জন শ্রমিক-কর্মচারীকে নিয়োগ দিয়েছে মিল্ক ভিটার পরিচালনাকারী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি। কিন্তু আইনত ব্যবস্থাপনা কমিটি কর্মী নিয়োগ দিতে পারে না।নিয়োগ পাওয়াদের মধ্যে ৫৪ জন বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত। বাকিরা ১০ থেকে ১২ বছর ধরে দৈনিক ভিত্তিতে কাজ করছেন। গত বৃহস্পতিবার বিকেলে এই শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র দেওয়া হয়।সমবায় আইন অনুযায়ী, মিল্ক ভিটায় কোনো কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ, বদলি ও পদোন্নতি দিতে হলে তা আগে ব্যবস্থাপনা কমিটিতে অনুমোদিত হতে হয়। আর নিয়োগপত্রে সই এবং তা ইস্যু করেন মহাব্যবস্থাপক। কিন্তু এই ৭৬ জনকে নিয়োগের বিষয়ে ব্যবস্থাপনা কমিটির কোনো অনুমোদন ছিল না। আবার নিয়োগপত্রে সই করেছেন কমিটির চেয়ারম্যান হাসিব খান। মিল্ক ভিটার একটি সূত্র জানায়, এই শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্রে একটি ইস্যু নাম্বার আছে। কিন্তু মিল্ক ভিটার প্রশাসন শাখা থেকে এসব নিয়োগপত্র ইস্যু করা হয়নি। ওই নাম্বার কোত্থেকে দেওয়া হলো, তা-ও কেউ বলতে পারছেন না।নাম প্রকাশ না করার শর্তে মিল্ক ভিটার একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা প্রথম আলোকে নিশ্চিত করেছেন, ওই নিয়োগগুলো পুরোপুরি প্রশাসনিক ব্যবস্থার অগোচরে হয়েছে।সূত্র জানায়, চেয়ারম্যান হাসিব খান ও ভাইস চেয়ারম্যান শফিকুর রহমান মিলে এই নিয়োগ দিয়েছেন। এই দুজন ছাড়া মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটিতে আরও ১০ জন পরিচালক আছেন। তাঁরাও এই নিয়োগ নিয়ে ক্ষুব্ধ।জানতে চাইলে হাসিব খান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘চাকরিচ্যুত আর যাঁরা দীর্ঘদিন কাজ করছেন, তাঁদেরই নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা শুধু নতুন নিয়োগের ক্ষেত্রে।’ নিয়োগপত্রে সই করা প্রসঙ্গে হাসিব খান বলেন, ‘চেয়ারম্যান হিসেবে আমি তা করতে পারি।’ সুনির্দিষ্ট করে এই ৭৬ জনকে নিয়োগ দেওয়ার বিষয়টি ব্যবস্থাপনা কমিটিতে অনুমোদন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।সূত্র জানিয়েছে, ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত না হওয়ার পরও চাকরিচ্যুতদের পুনর্বহালের লক্ষ্যে অবৈধভাবে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করেছিলেন মিল্ক ভিটার চেয়ারম্যান। ওই কমিটি ২৬ জন নিয়োগ দেওয়ার বিষয়ে সুপারিশ করেছিল। কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে ৭৬ জনকে।মিল্ক ভিটার স্বার্থে কোনো ধরনের শ্রমিক-কর্মচারী নিয়োগ না করতে গত ৪ জুলাই নিষেধাজ্ঞা আরোপ করে সমবায় মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সমবায় অধিদপ্তরের নিবন্ধককে নির্দেশও দেওয়া হয়।