মন্ত্রণালয়ের কাজে উপদেষ্টাদের সহায়তা করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উপদেষ্টাদের কাজ মন্ত্রণালয়কে সহায়তা করা, খবরদারি করা নয়।গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দপ্তরে উপদেষ্টা ও কার্যালয়ের মহাপরিচালকদের সঙ্গে বৈঠকে এ দিকনির্দেশনা দেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বর্তমান সরকারের ২২ মাসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এ ধরনের আনুষ্ঠানিক বৈঠক এই প্রথম।সূত্রমতে, বৈঠকে প্রধানমন্ত্রী জানান, উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করবেন। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেও সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অফিস করতেন।মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে কয়েকবার অভিযোগ করেন যে উপদেষ্টাদের কেউ কেউ মন্ত্রণালয়ের কাজে অযাচিত হস্তক্ষেপ করেন। এতে কাজের ধারাবাহিকতা ও সমন্বয়ের ক্ষেত্রে বিঘ্ন ঘটছে। বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম প্রথম আলোকে বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান। তাঁরা প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয় অবহিত করে কিছু দিকনির্দেশনা দেন।নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় হওয়ার নির্দেশ: বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আরও সক্রিয় হতে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।প্রেস সচিব জানান, কর্মকর্তাদের কাছ থেকে তাঁদের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনাও দেন।বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, একটা নির্দিষ্ট সময়ের জন্য রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে হয়। কাজেই সময়সীমা বিবেচনা করে কাজ শেষ করতে কর্মকর্তাদের অতিরিক্ত চাপ নিতে হবে।প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের নেওয়া যেসব পরিকল্পনা ও কর্মসূচি জনগণের কল্যাণ সাধন করবে, তাঁর সরকার সেগুলো বাস্তবায়ন করবে। এ প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার শুধু রাজনৈতিক বিবেচনায় বিগত আওয়ামী লীগ সরকারের (১৯৯৬-২০০১) সব জনকল্যাণমূলক কর্মসূচি বাতিল করেছিল। এসব কর্মসূচির মধ্যে ছিল কমিউনিটি স্বাস্থ্যসেবা, আশ্রয়ণ, ঘরে ফেরা ও একটি খামার একটি বাড়ি প্রকল্প।বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে এইচ টি ইমাম, মসিউর রহমান, সৈয়দ মোদাচ্ছের আলী ও গওহর রিজভী, অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকেরা উপস্থিত ছিলেন।