তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রণালয়ে প্রসাধনীর মতো কম্পিউটার সাজিয়ে রাখলেই দিনবদল হয় না। যাঁরা দিন বদলানোর কথা বলে মুখে ফেনা তুলছেন, তাঁদের মন-মানসিকতাই এখনো বদলায়নি। অধিকাংশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দৈনন্দিন কাজের কোনো তথ্যই নেই। সেখানে শুধু মন্ত্রীর শপথ গ্রহণ এবং প্রথম দিকের দু-একটি অনুষ্ঠানের ছবি ছাড়া আর কিছু চোখে পড়ে না। এভাবে দিনবদল হয় না।তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভা শেষে আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।মন্ত্রীদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, প্রশাসনিক ক্ষেত্রে কাজের ধরন এনালগ পদ্ধতিতেই রয়েছে। এ ক্ষেত্রে আজও দিনবদলের ছোঁয়া লাগেনি। তিনি বলেন, সীমিত ক্ষমতা ও সীমাবদ্ধ দায়িত্বের আওতা সত্ত্বেও সংসদীয় কমিটিগুলো সরকারের গঠনমূলক সমালোচনা করে মন্ত্রণালয়গুলোকে কিছুটা হলেও নজরদারিতে রাখতে পারছে। এতে অনেক ক্ষেত্রে কাজের গতি ও মান কিছুটা হলেও বেড়েছে।এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, শাহিন মনোয়ারা হক, সারাহ্ বেগম কবরী, সুকুমার রঞ্জন ঘোষ, বি এম মোজাম্মেল হক ও শাহিরয়ার আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুলাহ আল মামুন ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় যোগ দেন।