মন্ত্রণালয়ের অবহেলায় সংসদীয় কমিটির সভাপতিদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতিরা কমিটির সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অবহেলা নিয়ে ক্ষোভ জানিয়েছেন। তাঁরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তাঁরা বলেছেন, কমিটির অনেক গুরুত্বপূর্ণ সুপারিশও মন্ত্রণালয়ে গেলে হারিয়ে যায়। পরে প্রধানমন্ত্রী কমিটিগুলোকে মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিয়েছেন। বৈঠক সূত্রে এসব জানা গেছে।জাতীয় সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার রাতে এ বৈঠক হয়। তবে বৈঠকে তিন কমিটির সভাপতি বিএনপির আবদুল মোমিন তালুকদার ও আশরাফউদ্দিন নিজান এবং এলডিপির অলি আহমদ উপস্থিত ছিলেন না। সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে।সূত্র জানায়, বৈঠকে ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসহ মোট ৪৩টি কমিটির সভাপতিকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন ৩২ জন। তাঁদের মধ্যে ১৮ জন কমিটির ব্যাপারে মন্ত্রণালয়ের অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানান। কেউ কেউ সংশ্লিষ্ট মন্ত্রীর বিরুদ্ধে কমিটির সুপারিশ আমলে না নেওয়ার অভিযোগ করেন। তাঁরা বলেন, এ কারণে অনেক কমিটি নিষ্ক্রিয় হয়ে পড়ছে।সভায় জানানো হয়, গত দেড় বছরে কমিটিগুলো ৬২৫টি সভা করেছে। এসব সভা থেকে মন্ত্রণালয়ে নিয়মিত সুপারিশও পাঠানো হয়। কিন্তু সুপারিশ বাস্তবায়নের হার ১০ ভাগের এক ভাগেরও কম।সূত্র আরও জানায়, বৈঠকে একাধিক কমিটির সভাপতি ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে প্রতিমন্ত্রীদের পরই সাংসদদের মর্যাদাক্রম ঠিক করার দাবি জানান। তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়কালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসারে মর্যাদাক্রম ঠিক করার প্রস্তাব দেন। নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই কমিটি গঠন করায় তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।বৈঠক সূত্র জানায়, সভাপতিদের বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বলেন, কমিটি এবং মন্ত্রণালয় উভয়কেই দেশের উন্নয়নে কাজ করতে হবে। মন্ত্রণালয়গুলোকে কমিটির সুপারিশ অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে। একই সঙ্গে কমিটিগুলোকেও মন্ত্রণালয়কে প্রতিপক্ষ না ভেবে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কোনো মন্ত্রণালয়ের কোনো সুপারিশ হারিয়ে ফেলার সুযোগ নেই। সংসদীয় কমিটির সুপারিশ অবহেলা করলে অবশ্যই তাদের ধরতে হবে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও কথা বলবেন বলে জানান। তিনি মন্ত্রণালয় ও সংসদীয় কমিটিগুলোর মধ্যে বিরোধ থাকলে তা মিটিয়ে ফেলে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।গত কয়েক মাসে যোগাযোগ, বিমান ও পর্যটন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিসহ বেশ কয়েকটি কমিটির সঙ্গে মন্ত্রণালয়ের বিরোধ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতেই গতকাল প্রধানমন্ত্রী এ বৈঠক করেন। নবম সংসদের সভাপতিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এটিই প্রথম বৈঠক।বৈঠক শেষে সংসদের চিফ হুইপ আবদুস শহীদ সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী কমিটির সভাপতিদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং তাঁদের দিকনির্দেশনা দিয়েছেন। সভাপতিরা কমিটিগুলোকে পরিদর্শন ও তদন্তকাজে ঢাকার বাইরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, কমিটিগুলো বিভিন্ন কাজে এ পর্যন্ত ৮৭টি উপকমিটি গঠন করেছে। এসব উপকমিটি এ পর্যন্ত ২৪৪টি বৈঠক করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জন্য সভাপতিদের প্রশংসা করেছেন। বিরোধীদলীয় সভাপতিরা সংসদকে অবগত করেই সভায় অনুপস্থিত ছিলেন বলে চিফ হুইপ জানান।