চিকিৎসা যন্ত্রপাতি বিষয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে করা জরিপের কোনো সুপারিশ আমলে নেয়নি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির একাধিক বৈঠকে চিকিৎসা যন্ত্রপাতি বিষয়ে আলোচনা হয়েছে। বিদেশ ভ্রমণ ছাড়া এখনো যন্ত্রপাতি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়, সরবরাহ, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের বিষয়ে মন্ত্রণালয়ের নীতিমালা নেই। যন্ত্রপাতির বিষয়ে পৃথক কোনো সংস্থা বা দল নেই। সে কারণে অনেক সময় প্রয়োজন না থাকলেও যন্ত্রপাতি কেনা হচ্ছে। বাক্সবন্দী অবস্থায় পড়ে থেকে কোটি কোটি টাকার যন্ত্র নষ্ট হচ্ছে। তা ছাড়া নষ্ট যন্ত্র মেরামত করা হচ্ছে না। শুধু ঢাকা শহরের সরকারি হাসপাতালগুলোতে প্রায় ১০০ কোটি টাকার যন্ত্র অব্যবহূত অবস্থায় পড়ে আছে। দিনাজপুর, রংপুর, বগুড়া জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজে বহু কোটি টাকার যন্ত্র ব্যবহার করা হচ্ছে না। সারা দেশে এর পরিমাণ কত, তার পরিসংখ্যান স্বাস্থ্য মন্ত্রণালয়ে নেই। সরবরাহকারী প্রতিষ্ঠান ও সরকারের ক্ষমতাশালী ব্যক্তিদের যোগসাজশে অনেক সময় অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয়। এ বিষয়ে দুটি প্রতিবেদন ১৩ অক্টোবর প্রথম আলোয় ছাপা হয়।বিদেশে যেতে আগ্রহ: স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কার্যবিবরণী থেকে দেখা যায়, অন্তত চারটি বৈঠকে মেডিকেল যন্ত্রপাতি বিষয়ে আলোচনা হয়েছে। এ বছর ১০ মের বৈঠকে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বলেন, কোথায় স্থাপন করা হবে, কীভাবে রক্ষণাবেক্ষণ করা হবে, কে চালাবে, তা ঠিক না করে যন্ত্রপাতি কেনা হয় বলে বেশির ভাগ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি অব্যবহূত অবস্থায় পড়ে থাকে। ওই বৈঠকে অন্য দুজন সদস্য যন্ত্র কেনার আগে তা চালানোর মতো দক্ষ জনবল গড়ে তোলার ওপর জোর দেন।এর আগে ২০১১ সালের ১১ জানুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো স্বয়ংসম্পূর্ণ ইউনিট খোলার প্রস্তাব দেন। তিনি কমিটির পক্ষ থেকে এই দুটি দেশ পরিদর্শন করে এ বিষয়ে নির্দেশিকা (গাইডলাইন) আনার পরামর্শ দেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে একমত হয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মালয়েশিয়া পরিদর্শনের প্রস্তাব দেন।কাগজপত্র ঘেঁটে এবং একাধিক পদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, একটি দল মালয়েশিয়া গেলেও সেই দলের পক্ষ থেকে দেওয়া প্রতিবেদন ছিল অসম্পূর্ণ। স্বাস্থ্যসচিব গত ৪ ডিসেম্বরের সভায় বলেন, মালয়েশিয়ায় তারা কীভাবে কাজ করে, তাদের সেবাগ্রহণকারী কারা, সরকারের সঙ্গে তাদের চুক্তি কী, তাদের অর্থ কোথা থেকে আসে, কোন কোন শহরে কাজ করে, গ্রামে কাজ করে কি না, এ দেশে এই পদ্ধতি চালু করতে হলে কী কী করতে হবে—এ বিষয়গুলো প্রতিবেদনে নেই। সংসদীয় কমিটিকে সচিব জানান, ওই বিষয়গুলো যুক্ত করে প্রতিবেদনটি আবার তৈরি করতে বলা হয়েছে।একাধিক সূত্র বলেছে, মালয়েশিয়া ভ্রমণকারী প্রতিনিধিদলের পক্ষ থেকে প্রতিবেদনটি আর চূড়ান্ত করা হয়নি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়ার অভিজ্ঞতা অর্জনের জন্য আবার প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে। সুপারিশ উপেক্ষিত: ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মেডিকেল যন্ত্রপাতি জরিপের সুপারিশে যন্ত্রপাতির মূল্যায়ন, পরিকল্পনা, ক্রয়, ব্যবহার, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে নীতিমালা তৈরির কথা বলা হয়। বলা হয়, এই নীতিমালা চাহিদা, উদ্দেশ্য ও সম্পদের সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে। নীতিমালায় সঠিক প্রযুক্তি, পরিকল্পনা, বরাদ্দ, নিরাপত্তা বিষয়ে আইন, পরিদর্শন, শিক্ষা ও প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, মেরামত, প্রতিস্থাপন—এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে বলা হয়।নেদারল্যান্ডের সিমিড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠান ‘বাংলাদেশ মেডিকেল ইক্যুইপমেন্ট সার্ভে’ নামে একটি জরিপ করেছিল বিশ্বব্যাংকসহ অন্য দাতা সংস্থার আর্থিক সহায়তায়। ২০০৮ সালের এপ্রিলে সিমিড জরিপ প্রতিবেদনটি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে দেয়। ওই জরিপে দেখা যায়, সরকারের স্বাস্থ্য ও জনসংখ্যা খাত কর্মসূচির আওতায় যত চিকিৎসা যন্ত্রপাতি কেনা হয়েছিল, তার ৫০ শতাংশ ব্যবহার করা হয়। ১৬ শতাংশ যন্ত্রের মোড়কই খোলা হয়নি। ১৭ শতাংশ নষ্ট। বাকি ১৭ শতাংশ ব্যবহারের উপযোগী হলেও ব্যবহার করা হয় না।সুপারিশে কেন্দ্রীয়ভাবে মেডিকেল যন্ত্রপাতি ব্যবস্থাপনা দল বা ইউনিট গঠন করার কথা বলা হয়। এই দল বা ইউনিটের কাজ হবে সরকারি হাসপাতালের জন্য যন্ত্রপাতির পরিকল্পনা, সরবরাহ ও কমিশন করা। সব স্তরের হাসপাতালের উপযোগী যন্ত্রপাতির তফশিল মানসম্পন্ন করারও সুপারিশ করা হয়। সরবরাহব্যবস্থার উন্নতি করার কথাও তাতে বলা হয়েছিল। দরপত্রপ্রক্রিয়া থেকে শুরু করে যন্ত্রপাতি ক্রয়, সরবরাহ এবং চূড়ান্তভাবে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো পর্যন্ত একটি গতিবিধি পর্যবেক্ষণ পদ্ধতি (ট্রাকিং সিসটেম) চালু করার কথাও সুপারিশে বলা হয়।এর কোনো সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রণালয় নেয়নি। এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির প্রথম আলোকে জানান, ওই সময় তিনি দায়িত্বে ছিলেন না। তাঁর জানামতে সুপারিশ বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।