মন্ত্রণালয়ের ওপর কর্তৃত্ব বাড়ানোর পক্ষে নয় ইসি
নির্বাচন সুষ্ঠু করার জন্য কয়েকটি মন্ত্রণালয়ের ওপর নির্বাচন কমিশনের কর্তৃত্ব বাড়ানোর পক্ষে নন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সিইসি বলেন, নির্বাচনের সময়ে ইসির নতুন করে কোনো মন্ত্রণালয়ের কর্তৃত্ব নেওয়ার প্রয়োজন নেই। সংবিধানে নির্বাচনের সময় কমিশন যে ধরনের সহায়তা চাইবে, তা দেওয়ার নির্দেশনা রয়েছে। সহায়তা দেওয়ার ক্ষেত্রে সরকার আন্তরিক থাকলে দলীয় বা নির্দলীয় যে ধরনের সরকারই ক্ষমতায় থাকুক না কেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষও শান্তিপূর্ণ হবে।সিইসি কাজী রকিব আরও বলেন, ‘যতই আইন করুন, আইন প্রয়োগ করাই বড়। আমাদের মতো দেশে আইন মান্য করার প্রবণতা কম। এ অবস্থায় সরকারের কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে আমাদের যে ভূমিকা পালন করার বাধ্যবাধকতা রয়েছে, তা পালন করতে পারব না।’গত ফেব্রুয়ারিতে বিদায়ের আগে সাবেক সিইসি এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাব করেছে। তাতে বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসির সঙ্গে পরামর্শ করে কাজ করবে।সরকারের আন্তরিক সহায়তা পেলে দলীয় নির্দলীয় যেকোনো পদ্ধতিতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেন সিইসি কাজী রকিব। তিনি বলেন, নির্বাচন কমিশন সংবিধান ও আইন অনুযায়ীই নির্বাচন করবে। কমিশনের সামনে তখন চ্যালেঞ্জ থাকবে, নিরপেক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু করার পথে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কি না। সরকারের তরফ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে।