মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শীর্ষ সন্ত্রাসীসহ ১৯ জনের বিরুদ্ধে দায়ের করা খুনের মামলা প্রত্যাহার সম্পর্কে আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা চেয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির আগামী বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।গতকাল সোমবার সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।প্রসঙ্গত, গতকাল প্রথম আলোয় প্রকাশিত ‘খুনের মামলা প্রত্যাহার, শীর্ষ সন্ত্রাসীর অব্যাহতি’ শীর্ষক সংবাদ নিয়ে আলোচনার পর কমিটি এ সিদ্ধান্ত নেয়।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রথম আলোতে ছাপা হয়েছে, শীর্ষ সন্ত্রাসীর মামলা প্রত্যাহার করা হয়েছে। এর পেছনে নাকি টাকা-পয়সাও লেনদেন হয়েছে। এ জন্য বিশেষ দায়রা জজ আদালতের পিপি ও জেলা ম্যাজিস্ট্রেটকে (ডিসি) কমিটির আগামী বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়কে মামলার নথিসহ এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।সুরঞ্জিত আরও বলেন, বর্তমানে বিচার বিভাগ স্বাধীন। সরকার এ ধরনের অপরাধীর মামলা প্রত্যাহার করলেও আদালত তা মানতে বাধ্য নন। খুনের মামলা প্রত্যাহার সম্পর্কে জিজ্ঞেস করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গতকাল বলেন, বিষয়টি অত্যন্ত খারাপ হয়েছে। শাহাদতের মামলা কীভাবে প্রত্যাহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মামলাটি পুনরুজ্জীবিত করতে হলে বাদীকে আবেদন করতে হবে।বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, সরকারের নির্দেশে বা সিদ্ধান্তের আলোকে আদালত মামলা প্রত্যাহারের আদেশ দিলে এর পাল্টা সিদ্ধান্ত দেওয়ার আইনগত সুযোগ নেই বললেই চলে। তবে মামলাটি প্রত্যাহারের ফলে ক্ষতিগ্রস্ত বা সংক্ষুব্ধ কেউ নিম্ন আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারে। কিন্তু আইনগতভাবে এ বিষয়টি খুবই জটিল ও দুরূহ।সংসদীয় কমিটির বৈঠকে আরও কিছু বিষয়: ঢাকা জেলা জজ ও দায়রা জজ নিয়োগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। সুরঞ্জিত বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, জ্যেষ্ঠদের ডিঙিয়ে জেলা জজ ও দায়রা জজ নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে আগামী বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।ফৌজদারি ও ভোটার তালিকা আইন বিষয়ে সুপারিশ: সুরঞ্জিত সেনগুপ্ত জানান, ভোটার তালিকা আইন, ২০০৯ ও ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ সংশোধনের জন্য সংসদে যে বিল উত্থাপিত হয়েছে, তার সঙ্গে কমিটি একমত। দুটি আইনই পাস করতে সুপারিশ করা হবে। আইন পাস হলে প্রবাসীরা ভোটার হতে পারবেন। তবে সাংবিধানিক বিধান অনুযায়ী তাঁরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বিদ্যমান ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তির মামলার পরিপ্রেক্ষিতে পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা সম্ভব। প্রস্তাবিত আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানার আগে সমন জারি করতে হবে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বিদ্যমান আইনের সুযোগ নিয়ে পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদককে হয়রানি করা হয়।